স্বাধীন বিচার বিভাগ ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, একটি যোগ্য ও স্বাধীন বিচার বিভাগ ছাড়া গণতন্ত্র, আইনের শাসন ও কাঙ্ক্ষিত উন্নয়ন কল্পনা করা যায় না। জনসংখ্যা বৃদ্ধি এবং স্থাবর সম্পত্তির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি মামলার সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। আজ শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘জুডিশিয়াল ষ্ট্রেনদেনিং (জাস্ট) প্রকল্পের ন্যাশনাল ইনসেপশন কর্মশালা’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন।প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের কাছে মানুষের প্রত্যাশা, মামলার প্রকৃতি ও সময় দ্রুত পরিবর্তন হচ্ছে। কোনো ধরনের বিলম্ব ছাড়া মানুষ সুবিচার চায়। মামলার খরচ কম হোক তাও চায়। জমে থাকা মামলার নিষ্পত্তিতে ধীরগতি বিচার প্রাপ্তির ক্ষেত্রে ভুল ধারণার সৃষ্টি করে। বিলম্ব মামলার খরচ বৃদ্ধি করে, আদালতে মামলা নিষ্পত্তি বিষয়ে নিরুত্সাহিত এবং বিচার বহির্ভূত প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তিতে উত্সাহ জোগায়। প্রকল্প সম্পর্কে প্রধান বিচারপতি বলেন, সংস্কার সব সময় কষ্টসহিষ্ণু ও শ্রমনির্ভর। আর বিচারালয় সংক্রান্ত সংস্কার আরও কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ। যতক্ষণ না পর্যন্ত আদালতের কর্মকর্তা, বিচারক, আইনজীবী ও কর্মচারীরা সত্যিকারভাবে অনুভব করে সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও কাজের সংস্কৃতি পরিবর্তন না করবে ততক্ষণ এটা সফল করা কঠিন।জাস্ট প্রকল্পের পরিচালক ও জেলা জজ এস এম কুদ্দুস জামানের সঞ্চালনায় কর্মশালায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) দেশীয় পরিচালক স্টিফেন প্রিসনার, হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। এ সময় আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, জাস্ট প্রকল্পের বিষয়ে বৃহত্তর ধারণা সৃষ্টি, তথ্য বিনিময় ও মতামত গ্রহণের উদ্দেশে সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি এই কর্মশালার আয়োজন করে। প্রকল্পের চারটি কর্মসূচি হচ্ছে—সুপ্রিম কোর্টে মামলা ব্যবস্থাপনাকে উন্নত করা, সুপ্রিম কোর্টের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও বিচার প্রশাসন উন্নত করা, তিন পাইলট জেলা ঢাকা, কিশোরগঞ্জ ও রাঙ্গামাটি-এর বিচারিক সেবা বিচারপ্রার্থীদের কাছে পৌঁছে দেওয়া।