স্বাধীনতা, তুমি যে তুমিই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ যদি আমাকে প্রশ্ন করেন, গত চল্লিশ বছরে আমরা কী কী অর্জন করেছি, আমি সর্বপ্রথমে বলব, স্বাধীনতা।প্রেমিকার উদ্দেশে কবি বলেছিলেন, ‘তুমি যে তুমিই, ওগো/ সেই তব ঋণ/ আমি মোর প্রেম দিয়ে/ শুধি চিরদিন।’ তেমনি করে আমি বলতে চাই, তুমি যে স্বাধীনতা, সেই আমার পরম প্রাপ্তি, এই আমার চরম তৃপ্তি; তোমার সঙ্গে আমার প্রাণমন বাঁধা, আমার চিরদিনের লীলা তোমার সঙ্গে।স্বাধীনতা আমাকে ফিরিয়ে দিয়েছে আমার ভূখণ্ড, দিয়েছে আমার পতাকা। স্বাধীনতা আমাকে ফিরিয়ে দিয়েছে আত্মসম্মান, দিয়েছে স্বশাসনের অধিকার। স্বাধীনতা দিয়েছে আমার পরিচিতি, মাথা তুলে দাঁড়াবার সাহস।এই স্বাধীনতা আমরা অর্জন করেছি অনেক মূল্য দিয়ে। রক্ত-অশ্রু-স্বেদের দামে, অস্থি-মজ্জা-সম্ভ্রমের বিনিময়ে।স্বাধীনতার ব্যবহার কীভাবে করতে হয়, তা আমাদের অনেকের জানা ছিল না। তাই ভুল হয়েছে কম নয়। স্বাধীনতার অপব্যবহার কীভাবে করতে হয়, তা আমাদের কারো কারো জানা ছিল। তাই স্বাধীন দেশে নিহত হয়েছেন বাংলাদেশের স্থপতি, মুক্তিযুদ্ধের অগ্রনায়কেরা। যে-স্বপ্ন আমাদের চোখে ছিল ১৯৭১-এ, তাকে ধূলিসাৎ করার চেষ্টা কম হয়নি। সংগ্রামের দিনগুলিতে যে-মূল্যবোধের প্রতিষ্ঠা ছিল আমাদের লক্ষ্য, তাকে হারাতে দেওয়া হয়েছে। জাতি হিসেবে আমরা পিছিয়ে গেছি। তারপরও বলতে হবে, আমরা আজ যে যা হয়েছি, যে যেখানে আছি, সে তো স্বাধীনতা পেয়েছি বলে। সেই তব ঋণ। আমরা অনেকেই আগের চেয়ে ভালো আছি। গড় আয়ু বেড়েছে। প্রবৃদ্ধির উন্নতি হয়েছে। জনসংখ্যা দ্রুত বেড়েছে, তারপরও এই মাটি তাদের খাদ্যের জোগান দিয়েছে। শিক্ষার আলো অনেকটা ছড়িয়েছে। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার পথ সুগম হয়েছে। দেশের বাইরে লোকে যাচ্ছে—ভ্রমণে কিংবা বিনোদনে, শিক্ষালাভ করতে, উদয়াস্ত পরিশ্রম করে জীবিকানির্বাহ করতে। এসবই সম্ভব হয়েছে স্বাধীনতার কারণে। বাংলাদেশের তৈরি পোশাক কিংবা খাদ্যসামগ্রী যাচ্ছে পৃথিবীর নানা দেশে। বাংলাদেশের মানুষকে পৃথিবী জানছে—কেবল প্রাকৃতিক বিপর্যয় ও মানবিক দুর্দশার কারণে নয়, তাদের সংগ্রামশীলতা ও সততার জন্যেও। স্বাধীনতা হলো আরো ভালো হয়ে ওঠার সুযোগ—বলেছিলেন আলবেয়ার কামু। সকলের কাছে সেই সুযোগ অবারিত হতে হবে। অভাব থেকে পূর্ণতায়, ভয় থেকে অভয়ে, কুসংস্কার থেকে সংস্কারমুক্তিতে, অন্ধকার থেকে আলোয় উত্তীর্ণ হতে পারলেই স্বাধীনতা অর্থবহ হয়। তার জন্যে আত্মশক্তির উদেবাধন চাই, জড়তার বন্ধন থেকে মুক্তি চাই; চিন্তার স্বাধীনতা চাই, অবাধে কথা বলার পরিবেশ চাই। মানুষের মৌলিক প্রয়োজন মেটানো চাই। শতাধিক বর্ষ আগে রবীন্দ্রনাথের কণ্ঠে যা ধ্বনিত হয়েছিল, আজো সেই প্রার্থনা আমাদের: ‘অন্ন চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু,/ চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ-উজ্জ্বল পরমায়ু,/ সাহসবিস্তৃত বক্ষপট।’সকল প্রতিকূলতাকে জয় করে আমরা যে স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম, তার মূলে ছিল আমাদের স্থির সংকল্প, একাগ্র লক্ষ্য, ব্যাপক ঐক্য। স্বাধীনতাকে অর্থবহ করতে আবার এই সবকটির প্রয়োজন।চল্লিশ বছর যদিও ব্যক্তির জীবনে খুব বড়ো সময় নয়, একটা জাতির জীবনে তা অনেকখানি। বাংলাদেশের সামনে আরো বহু চল্লিশ বছর পড়ে রয়েছে। সকল জাতিকেই সংগ্রাম করে অগ্রসর হতে হয়। আমাদেরও তা করতে হবে। সংগ্রামী মানুষের যাত্রাপথ কুসুমাস্তীর্ণ নয়, সে-যাত্রার শেষও নেই।আনিসুজ্জামান: শিক্ষাবিদ ও লেখক