রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বিজয় নিয়ে ভাবাবেগের চেয়ে এখন নতুন প্রজন্মের কাছে নিজেদের সার্থকতা ও ব্যর্থতার কথাগুলো অকপটে বলে যাওয়াই সুকর্তব্য। ঐতিহাসিক সত্য এই, স্মরণকালে ১৯৭১ সালে তদানীন্তন পূর্ববঙ্গের বাসিন্দা বাঙালিদের মধ্যে প্রথমবারের মতো পূর্ণ বিকশিত হয়েছিল একটি জাতিসত্তা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একচ্ছত্র নেতৃত্বেই বাংলাদেশ রাষ্ট্রের পত্তন হয়েছিল। আর এতেই এর আগে ব্রিটিশ-ভারতে উসকানিপ্রাপ্ত ধর্মভিত্তিক দ্বিজাতিতত্ত্বের অসারত্ব প্রমাণিত হয়েছিল। অধিকন্তু গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার আলোকে একটি শোষণমুক্ত ও সর্বজনীন কল্যাণরাষ্ট্র গড়ার স্বপ্নে আমরা বিভোর হয়েছিলাম। কিন্তু বাস্তবে ঘটল তার উল্টোটি। স্বাধীন দেশের প্রতিটি নাগরিককে স্বনির্ভর এবং জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত না করা গেলে সেটা নিঃসন্দেহে আমাদের অস্তিত্বের সংকট। ‘শরীরের সব রক্ত মুখে’—উঠে আসার মতো তিলোত্তমা শহর-নগর গড়ার শোডাউন নিতান্তই জতুগৃহ, নিছক তাসের ঘর।১৯৭১ সালের একজন মুক্তিযোদ্ধা এবং কষ্টার্জিত স্বাধীন দেশের এক আশাবাদী নাগরিকের চোখে আজ এটা সুস্পষ্ট যে, দীর্ঘ ৪০ বছরেও আমাদের স্বাধীনতা অর্থবহ হয়ে ওঠেনি।