স্বাধীনতা ও ন্যায়বিচারের নীতি ধরে রাখার আহ্বান পোপের
বারাক ওবামা প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নেতা পোপ ষোড়শ বেনেডিক্ট। তিনি যুক্তরাষ্ট্র গড়ার কারিগরদের পদাঙ্ক অনুসরণ করে স্বাধীনতা ও ন্যায়বিচারের নীতি ধরে রাখতে ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন। পোপের ভ্যাটিকান সিটি মুখপাত্র ফেডেরিকো লোমবার্ডি সাংবাদিকদের এ কথা বলেন।এনডিটিভির খবরে বলা হয়, পোপের দেওয়া ওই বার্তা ইতিমধ্যেই ভ্যাটিকানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ওই বার্তায় পোপ বলেন, তিনি আশা করছেন নিজ দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনেক বড় দায়িত্ব পালনে ঈশ্বর ওবামাকে সঠিক জ্ঞান দিয়ে সাহায্য করবেন। পোপের মুখপাত্র বলেন, পোপ চাচ্ছেন ওবামা যেন মৌলিক মানবিক ও আধ্যাত্মিক মূল্যবোধগুলোর প্রতি জোর দেন। একই সঙ্গে নৈতিক বিকাশ ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতেও ওবামার প্রতি পোপ আহ্বান জানিয়েছেন বলে জানান তিনি।