‘আজ সোহরাওয়ার্দী উদ্যানে আমার যে কবিতা পাঠ করার কথা ছিল, সেই কবিতাটা পড়তে মন সায় দিচ্ছে না আমার! এখানে কোনটা পড়া উচিত?’আসাদুজ্জামান নূরের এই কথার সঙ্গে সঙ্গে দর্শক বুঝে গেল, তিনি কোন কবিতাটি পড়তে চাইছেন।নূরের কণ্ঠে কবি নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হল’ কবিতা আবৃত্তির পর তুমুল করতালি দিয়ে সাড়া দিল সমবেত দর্শক। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের সঙ্গে জড়িয়ে থাকা এই উদ্যানে গতকাল শনিবার গানে, কবিতায় ফিরে এসেছিল একাত্তরের স্মৃতি। ইংরেজি দৈনিক ডেইলি স্টার আয়োজন করেছিল ‘স্বাধীনতা কনসার্ট’। ডেইলি স্টার চার বছর ধরে আয়োজন করছে গান, চলচ্চিত্র ও আলোকচিত্র নিয়ে প্রতিযোগিতা ‘সেলিব্রিটিং লাইফ’। গতকালের আয়োজনে ছিল দেশের গান ও এই প্রতিযোগিতায় নির্বাচিত সেরা গান নিয়ে কনসার্টের আয়োজন। অনুষ্ঠানে সহায়তা করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।শিখা চিরন্তনের উন্মুক্ত মঞ্চের পাশে ভিড় জমিয়েছিল তরুণ প্রজন্ম। ছায়ানটের শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ‘আমায় শপথ পড়াও মা’ বিমান চন্দ্র বিশ্বাস ও বিজন চন্দ্র মিস্ত্রীর কণ্ঠে এই দ্বৈত সংগীত পরিবেশনার পর শাকিলা জাফর গেয়ে শোনান জোয়ান বায়াজের ‘বাংলাদেশ বাংলাদেশ’ গানটি।ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম তরুণদের উদ্দীপ্ত করতে বললেন, ‘এই দেশ এখন তরুণদের। এ দেশের ৭৪ শতাংশ মানুষের বয়স চল্লিশের নিচে। এই নতুন প্রজন্ম যদি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে, তাহলেই স্বাধীনতা সার্থক হবে।’স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী জিম ম্যাককেইব বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে তরুণ প্রজন্ম উৎসাহিত হচ্ছে। বাংলাদেশের নতুন নেতৃত্ব তৈরিতে এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।’ আরও বক্তব্য দেন অভিনেতা আলী যাকের। অনুষ্ঠানের একপর্যায়ে ২০১০ ও ২০১১-এর ‘সেলিব্রিটিং লাইফ’ প্রতিযোগিতার আলোকচিত্রের বই ও অডিও গানের সিডির মোড়ক উন্মোচন করলেন নাসির উদ্দীন ইউসুফ, সেলিনা হোসেন, মাহ্ফুজ আনাম ও জিম ম্যাককেইব।মঞ্চে জনপ্রিয় ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুকে উঠতে দেখে দুই হাত নেড়ে সাড়া দিল দর্শক। তিনি গাইলেন ‘বাংলাদেশ’, ‘সেই তুমি কেন এত অচেনা হলে’, ‘মা গো ভাবনা কেন’ গানগুলো। গিটারে সুর তুললেন ‘আমরা করব জয় একদিন’। ‘যেদিন জেনেছি ভাষার জন্য আমরা দিয়েছি প্রাণ’ গানটি গাইলেন নকিব খান, শুক্লা আচার্য, কৃষ্ণা আচার্য, সুপর্ণা সেনগুপ্ত ও ইবরার টিপু।‘সেলিব্রিটিং লাইফ’-এর গান ‘স্বপ্নলোকের কল্পতরু হতে’ গাইলেন শিল্পী সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, সুবীর নন্দী প্রমুখ। এ ছাড়া কনসার্টে অংশ নেয় ব্যান্ডদল ফিডব্যাক,ভারতের সুরকার ও সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র ও তাঁর সহশিল্পীরা।কাজী গিয়াসউদ্দিনের চিত্র প্রদর্শনীগুলশানে বেঙ্গল আর্ট লাউঞ্জে গতকাল শুরু হয়েছে শিল্পী কাজী গিয়াসউদ্দিনের ‘সাউন্ড অব নেচার’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী।সন্ধ্যায় পক্ষকালব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পী কাজী গিয়াসউদ্দিন, ইউএনবির সম্পাদক এনায়েতউল্লাহ খান, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী প্রমুখ। প্রদর্শনীতে চিত্রকর্মের সংখ্যা ৪৯টি। প্রদর্শনী ১৪ এপ্রিল প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা।শিল্পী কাজী গিয়াসউদ্দিন ১৯৫১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালে জাপানের টোকিও ন্যাশনাল ইউনিভার্সিটি অব ফাইন আর্টস অ্যান্ড মিউজিক থেকে চারুকলায় পিএইচডি ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত দেশে-বিদেশে তাঁর ৫০টিরও বেশি একক প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। বর্তমানে ফ্রিল্যান্স শিল্পী হিসেবে কাজ করছেন।লেখিকা সংঘ পদক প্রদানবাংলাদেশ লেখিকা সংঘ কবি মহাদেব সাহা ও কবি নাসরীন নঈমকে সাহিত্য পদক এবং রাশেদা খালেক ও শামসূজ জাহানকে সংবর্ধনা দিয়েছে। গতকাল শনিবার সংগঠনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ তাঁদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ ছাড়া অনুষ্ঠানে ‘প্রতিভার সন্ধানে’ শিরোনামে প্রবন্ধ প্রতিযোগিতায় তিনজনকে পুরস্কৃত করা হয়।পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন: সায়মা আফরিন, উম্মে হাবিবা ও মুক্তা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ইমেরিটাস রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বাংলাদেশ লেখিকা সংঘের সভাপতি বেগম রাজিয়া হোসাইন সভাপতিত্ব করেন।নাচে-গানে মুখর প্রকৃতি মেলাএ যেন রাজধানীর বুকে এক ছোট্ট অরণ্য। চারদিকে সবুজের হাতছানি। মাঝে মাঝে শোনা যাচ্ছিল পাখির ডাক। প্রকৃতির মেলায় মুখরিত হয়ে উঠেছিল রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার চ্যানেল আই প্রাঙ্গণ। প্রথমবারের মতো আয়োজিত প্রকৃতি মেলা ’১২ সম্মাননা পেয়েছে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি।চ্যানেল আই ও প্রকৃতি ফাউন্ডেশনের এই আয়োজনে একঝাঁক সবুজ টিয়া পাখি অবমুক্ত করে সকালে মেলার উদ্বোধন করেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। ‘আহা, কী আনন্দ আকাশে বাতাসে’ গানটির সঙ্গে শিশুশিল্পীরা নৃত্য পরিবেশন করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার, গীতিআরা সাফিয়া চৌধুরী, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চিত্রশিল্পী সমরজিৎ রায়চৌধুরী প্রমুখ।মেলায় ছিল বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, কুটির শিল্পপণ্য ইত্যাদি। প্রবীণ চিত্রশিল্পীদের পাশাপাশি প্রকৃতি নিয়ে ছবি এঁকেছে খুদে আঁকিয়েরা। এ ছাড়া অনুষ্ঠানে ছিল নানা-নাতির গম্ভীরা, বটবৃক্ষ, পেঁচা ও বাঘ মামার পরিবেশবিষয়ক নাট্যাভিনয়। প্রকৃতিবিষয়ক সংগীত পরিবেশন করেন ইন্দ্রমোহন রাজবংশী, ফেরদৌস ওয়াহিদ, মনির খান, অনিমা রায় প্রমুখ। ফরিদুর রেজা সাগর ও মুকিত মজুমদার বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি আবুল বাশার ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল হান্নান খানের হাতে পদক তুলে দেন।চৈত্রসংক্রান্তির বই উৎসবগতকাল বিকেলে কেন্দ্রীয় গণগ্রন্থাগারে অ্যাডর্ন পাবলিকেশনের আয়োজনে শুরু হয়েছে চৈত্রসংক্রান্তির বই উৎসব। ১২ এপ্রিল পর্যন্ত এ উৎসব চলবে। উৎসবে ৩৫-৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে বই কেনা যাবে।