স্বাধীনতা কমপ্লেক্সকে আগের নামে রাখুন, নইলে হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত চারদলীয় জোট সরকারের প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন চট্টগ্রামের জিয়া স্মৃতি কমপ্লেক্সের নাম পরিবর্তনের কঠোর সমালোচনা করেছেন। তিনি হুমকি দিয়ে বলেন, এক মাসের মধ্যে এই কমপ্লেক্সের আগের নাম বহাল করা না হলে চট্টগ্রামে হরতাল কর্মসূচি দেওয়া হবে। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে তিনি এ হুমকি দেন।বর্তমান সরকার জিয়া স্মৃতি কমপ্লেক্সের নাম পরিবর্তন করে স্বাধীনতা কমপ্লেক্স করেছে। গত ঈদুল ফিতরের আগেই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ সিদ্ধান্ত কার্যকর করে। কালুরঘাট বেতার কেন্দ্রের পাশেই কমপ্লেক্সের অবস্থান। এ স্থাপনাটি এক টুকরো বাংলাদেশ হিসেবে পরিচিত। ১৯৭১ সালের ২৬ ও ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, স্বাধীনতাযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপটে ‘কালুরঘাট’ বাংলাদেশসহ সারা বিশ্বে গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে পরিচিত। প্রয়াত জিয়ার ঐতিহাসিক ভূমিকার কারণে এই বেতার কেন্দ্র থেকে স্বাধীনতাযুদ্ধের বার্তা পুরো জাতির কাছে পৌঁছে দেওয়া হয়। তাঁর স্মৃতিকে ধরে রাখতে ২০০৬ সালের ২৯ আগস্ট যাত্রা শুরু হয় জিয়া স্মৃতি কমপ্লেক্সের।সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার হীন স্বার্থে জিয়া স্মৃতি কমপ্লেক্সের নাম পরিবর্তন করে ‘স্বাধীনতা কমপ্লেক্স’ রেখেছে, যার নিন্দা জানানোর ভাষা নেই। এক মাসের মধ্যে জিয়া স্মৃতি কমপ্লেক্স নাম ফিরিয়ে দিতে কালুরঘাটে মুক্তিযোদ্ধাদের সমাবেশ করা হবে। অথবা হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে মীর নাছির বলেন, ‘স্বাধীনতা কমপ্লেক্স হিসেবে ঈদের আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম এটি চালু করলে সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। এর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। বিএনপির নেতা-কর্মীরা এই স্থাপনাকে জিয়া স্মৃতি কমপ্লেক্স হিসেবে দেখতে চায়। আর মেয়র আমাদের এই আন্দোলনে আসবেন কি না, সেটা তাঁকে জিজ্ঞেস করলেই জানা যাবে।’ প্রসঙ্গত, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র মন্জুর আলম ‘স্বাধীনতা কমপ্লেক্স’ হিসেবে এটি চালু করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর বিএনপির সহসভাপতি দস্তগীর চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক আবদুস সাত্তার।