স্বাধীনতা দিবসে জাতির বিনম্র শ্রদ্ধা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সহিংসতা ও হানাহানিমুক্ত বাংলাদেশের প্রত্যাশায় জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করার শপথও ছিল ঢাকার অদূরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে।ভোরের আলো ফোটার মুহূর্তে সাভার স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতার ৪২তম বার্ষিকীর কর্মসূচি শুরু হয়। ভোর ছয়টার দিকে অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এ সময় গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর দলের নেতা-কর্মীদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের নেতা-কর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সকাল আটটা ২০ মিনিটে।মুক্তিযুদ্ধ-বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বীরশ্রেষ্ঠদের পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নিয়ে শ্রদ্ধা জানান।এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় দিনের প্রথম প্রহরেই। এরপর শুরু হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর পালা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়। সকাল থেকে সেখানে মানুষের ঢল নামে। শিশু থেকে বৃদ্ধ—সবাই গেছেন স্বাধীনতাযুদ্ধের বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে।

রাজনৈতিক নেতাদের বক্তব্য

ফুল দিয়ে ফেরার পথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষা করতে খালেদা জিয়া সর্বশক্তি ব্যবহার করে হিংস্র আচরণ করছেন। দেশে বড় ধরনের তাণ্ডব করার মতো শক্তি জামায়াতের নেই। তাদের পেছনের শক্তি খালেদা জিয়া। বিরোধীদলীয় নেত্রীর সমালোচনা করে তিনি বলেন, সাংবিধানিক শাসনব্যবস্থায় সেনা হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেত্রী। অন্য কোনো দেশে হলে এর জন্য রাষ্ট্রদ্রোহিতার মামলা হতো তাঁর বিরুদ্ধে।শ্রদ্ধা জানানোর পর সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সাংবাদিকদের বলেন, এই দেশ আজ চরম অন্ধকারে। তবে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে ইতিমধ্যে তিনজনের রায় হয়েছে। এই সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধে জড়িত মূল ব্যক্তিদের রায় হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

হানাহানিমুক্ত দেশ ও যুদ্ধাপরাধের বিচার চান সাধারণ মানুষ

লাল-সবুজের পতাকার রঙের শাড়ি-পাঞ্জাবি পরে আসেন অনেক নারী-পুরুষ। হাতে-মুখে জাতীয় পতাকা এঁকে আসে শিশু-কিশোর। অনেকের মাথায় দেখা গেছে ‘যুদ্ধাপরাধীদের বিচারের’ দাবিসংবলিত ব্যান্ড। অনেক খেটে খাওয়া মানুষ ছুটির দিন পরিবার-পরিজন নিয়ে যান স্মৃতিসৌধে।ছেলের বউ, নাতি-নাতনি নিয়ে ঢাকার মিরপুর থেকে সকাল সাড়ে নয়টার দিকে স্মৃতিসৌধে যান মঞ্জু আরা বেগম। তিনি বলেন, ‘১৯৭১ সালে যে ভয়াবহ দৃশ্য দেখেছি, তা ভোলার নয়। অসুস্থ শরীর নিয়েও এসেছি শহীদদের স্মরণে। রাজাকারের বিচার চাই আমি।’পোশাক কারখানার কর্মী হেলালউদ্দিন এসেছেন বউ-বাচ্চা নিয়ে। তিনি বলেন, স্বাধীনতার ৪২ বছরেও দেশে হানাহানি বন্ধ হয়নি। এখনো জীবনের নিরাপত্তা নেই। এই অবস্থা আর ভালো লাগে না। রাজনীতিবিদদের শুধু ফুল দিয়ে গেলেই চলবে না। দেশে হানাহানি বন্ধ করার প্রতিজ্ঞা করতে হবে।

স্মৃতিসৌধ এলাকায় রাজনৈতিক মহড়া

মহান বিজয় দিবস উপলক্ষে আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের সড়ক বিভাজক ছেয়ে ফেলা হয়েছে পোস্টার, ব্যানার ও বিলবোর্ডে। অনেক তোরণ করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের ছবির সঙ্গে নিজেদের ছবি জুড়ে দিয়ে এগুলো স্থাপন করেন। স্মৃতিসৌধেও মিছিল করে ফুল দেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য স্মৃতিসৌধ ও এর আশপাশে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও অবস্থান নেন। তাঁদের অনেকের হাতে ব্যানার-ফেস্টুনের পাশাপাশি ছিল লাঠিসোঁটা।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে তিনি শ্রদ্ধা জানান। সকাল থেকে দলীয় নেতা-কর্মীসহ অনেক শ্রেণী-পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হন ধানমন্ডির ৩২ নম্বরে।সরকারি ছুটি আজস্বাধীনতা দিবস উপলক্ষে আজ সরকারি ছুটি। সরকারি ও বেসরকারি বেতার ও টিভি চ্যানেলগুলো প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা। দিবসের তাত্পর্য তুলে ধরে জাতীয় পত্রপত্রিকা বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। উপাসনালয়গুলোতে আজ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।২৬ মার্চ দিনটি জাতির জীবনে একই সঙ্গে আনন্দ ও বেদনার। স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির প্রতি ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার সেনারা যে বর্বর গণহত্যা চালিয়েছিল, সেই মৃত্যুর বিভীষিকা থেকে মাথা তুলে দাঁড়িয়েছিল দেশের মুক্তিপাগল বীর সন্তানেরা। ২৫ মার্চের গভীর রাতে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে গ্রেপ্তার হওয়ার আগেই বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাঁর ডাকে সাড়া দিয়ে প্রশিক্ষণহীন নিরস্ত্র বাঙালিরা যেভাবে একটি সুশৃঙ্খল অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত সামরিক বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, পৃথিবীর ইতিহাসে এই সংগ্রামের দৃষ্টান্ত বিরল। জীবন উৎসর্গ করে শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে দীর্ঘ নয় মাসের মুক্তির সংগ্রাম শেষে বাঙালি পরাজিত করেছিল হানাদারদের। ছিনিয়ে এনেছিল বিজয়।