স্বাধীনতা দিবসে জিম্বাবুয়েকে টেলরের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবস সব দেশেই উৎসবের দিন। তবে জিম্বাবুয়ের জন্য এবারের স্বাধীনতা দিবসটা একটু বেশিই উৎসবের উপলক্ষ হয়ে গেল।রবার্ট মুগাবের শাসন থেকে বের হতে না পেরে এখন তাঁর নেতৃত্বেই অভ্যস্ত হয়ে গেছে জিম্বাবুয়ের মানুষ। হারারে স্পোর্টস ক্লাব মাঠের উল্টো দিকে বিশাল এলাকা নিয়ে প্রেসিডেন্ট মুগাবের সরকারি বাসভবন। ভদ্রলোক এখন আর এখানে থাকেন না। তবে এর নিরাপত্তাব্যবস্থা, এর প্রতি জিম্বাবুয়ের মানুষের ভয়-ভক্তি আগের মতোই। হারারে স্পোর্টস ক্লাব আর প্রেসিডেন্টের বাড়ির পাশ দিয়ে যাওয়া রাস্তা থেকে এখনো ছবি তোলা নিষেধ। এখনো উঁচু সীমানাপ্রাচীরে লাগানো ক্লোজড সার্কিট ক্যামেরাগুলো শিকারি চোখে খুঁজে বেড়ায় ‘সন্দেহভাজন’ মানুষের আনাগোনা।স্বাধীনতা দিবস উপলক্ষে কাল হারারের ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে মুগাবের দেওয়া বক্তৃতা মানুষ কতটা মনোযোগ দিয়ে শুনেছে, বলা কঠিন। তবে তাঁর বাড়ির পাশের হারারে স্পোর্টস ক্লাব মাঠে আরেক ‘নেতা’র কীর্তি তারিয়ে তারিয়ে উপভোগ করল ছুটির দিনে মাঠে আসা হাজার পাঁচেক দর্শক। নেতার নাম ব্রেন্ডন টেলর, জিম্বাবুয়ে ক্রিকেট দলের অধিনায়ক। হারারে টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ে বাংলাদেশকে ৩৮৯ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারল তাঁর সেঞ্চুরির সৌজন্যেই। প্রথম ইনিংস ব্যাট করতে নেমে দিন শেষে বাংলাদেশ করেছে ১ উইকেটে ৯৫ রান।প্রথম ডাবল সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ থাকতে পারে। তবে ১৭১ রানের ইনিংস খেলে টেলর আবারও প্রমাণ করলেন বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ের পরিবর্তে তাঁর নামটাও লিখে দেওয়া যায় অনায়াসে। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত চার টেস্টের সাত ইনিংসে ৫১০ রান টেলরের, যা কিনা ১৭ টেস্টে তাঁর মোট রানের (১০৩৪) প্রায় অর্ধেক! তিন টেস্ট সেঞ্চুরির দুটিই বাংলাদেশের বিপক্ষে, ওয়ানডেতে ছয় সেঞ্চুরির দুটি। ২০১১ সালে একমাত্র টেস্টের দুই ইনিংসে ৭১ ও অপরাজিত ১০৫ রান করে এই টেলরই পরাজয়ের পথে ঠেলে দিয়েছিলেন বাংলাদেশকে। বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসে এবারও সেই চোখরাঙানি। স্বাধীনতা দিবসে বক্তৃতা শোনার চেয়ে দেশের পতাকাকে উঁচিয়ে ধরা এমন উপহারই বোধ হয় বেশি পছন্দ করে মানুষ। টেলরের ব্যাটিংয়ের সময় তো বটেই, পরে বাংলাদেশের ব্যাটিংয়ের সময়ও তাই গ্যালারি থেকে কোরাসে ভেসে আসছিল ‘টেলর, টেলর’ স্লোগান।অথচ প্রথম দিনের মতো কালও শুরুটা হয়েছিল বাংলাদেশের বোলারদের উল্লাস দিয়েই। দ্বিতীয় ওভারে নিজের বলে এলটন চিগুম্বুরার ক্যাচ নিলেন রুবেল হোসেন। এরপর ১৭ বল আর ১৫ রানের ব্যবধানে রবিউল ফিরিয়ে দেন অভিষেক টেস্ট খেলতে নামা রিচমন্ড মুতুম্বামিকেও। আগের দিনের ৪ উইকেটে ২১৭ থেকে জিম্বাবুয়ের স্কোর হয়ে গেল ৬ উইকেটে ২৩৮। কিন্তু ক্রেমারের (৪২) সঙ্গে টেলরের ১০৬ রানের সপ্তম উইকেট জুটি ধীরে ধীরে মুছে দিল সেই আনন্দ। শেষ পর্যন্ত সোহাগ গাজীর বলে স্লিপে মাহমুদউল্লাহর নেওয়া ক্রেমারের ক্যাচে এই জুটি যখন ভাঙল, দিগন্ত দেখে ফেলেছে জিম্বাবুয়ের ইনিংসও। চা-বিরতির পর আর ১৫ বল খেলেই অলআউট জিম্বাবুয়ে। এই সময়টায় উৎসব করে গেছেন বাংলাদেশের বোলাররাই, যার মধ্যমণি বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। রবিউলের মতো তিনিও পেয়েছেন ৩ উইকেট, তবে টেলরের উইকেটটাও তাঁর বলে একটু এগিয়েই রাখতে হচ্ছে তাঁকে। বাংলাদেশের বোলিংয়ে সবচেয়ে বড় চমক ছিল অবশ্য লাঞ্চের আগে শেষ ওভারে হঠাৎই সাকিব আল হাসানের বোলিংয়ে আসা। ৭ ওভার বোলিং করে কোনো উইকেট না পেলেও ৩টি মেডেনসহ মাত্র ১৪ রান খরচ করে বাঁহাতি এই স্পিনার যেন নিজের ফিরে আসার বার্তাই দিলেন।জার্ভিসের করা প্রথম ওভারে স্লিপে ক্যাচ দিয়েও জহুরুল ইসলামের প্রাণ ফিরে পাওয়ার পর শাহরিয়ার নাফীসের সঙ্গে তাঁর ওপেনিং জুটি একটা ভালো শুরুও এনে দিচ্ছিলেন বাংলাদেশকে। ছন্দপতন ঘটে ৫৩ রানের সময় শাহরিয়ারের বিদায়ে। জার্ভিসের একটা বল অনসাইডে খেলতে গেলে ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠে গেছে পয়েন্টে। তবে আজ তৃতীয় দিনে একটু স্বস্তি নিয়ে মাঠে নামতে পারেন দুই অপরাজিত ব্যাটসম্যান জহুরুল (৩৮*) ও মোহাম্মদ আশরাফুল (২৩*)। হারারে স্পোর্টস ক্লাবের উইকেট আজ তাঁদের জন্য অনেকটাই সহজ হয়ে ওঠার পূর্বাভাস ছিল কাল শেষবেলায়।দ্বিতীয় দিন শেষেজিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩৮৯বাংলাদেশ ১ম ইনিংস: ৯৫/১