স্বাধীনতা দিবসে নানা কর্মসূচি
জাতি আজ ২৬ মার্চ মহান স্বাধীনতার ৪০ বছর পূর্তি উদ্যাপন করছে। এই দিনটি বাঙালির জীবনে পরম আনন্দের। আত্মমর্যাদা, স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এ জাতির সুদীর্ঘ। সেই সংগ্রাম ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাসের সশস্ত্র যুদ্ধের চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর সফল হয়েছে। এ জন্য এ দেশের মানুষকে চূড়ান্ত মূল্য দিতে হয়েছে। স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা বীর সন্তানদের স্মৃতির প্রতি আজ স্বাধীনতা ও জাতীয় দিবসে বিনম্র শ্রদ্ধা জানাবে কৃতজ্ঞ জাতি।এবারের স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাপকতর। দেশবাসী গভীর আগ্রহ নিয়ে প্রতীক্ষা করেছে যুদ্ধাপরাধীদের বিচারের কাজ দ্রুততর হয়েছে, তা দেখার জন্য। মহান মুক্তিযুদ্ধের সময় যখন দেশের বীর সন্তানেরা জীবনপণ করে লড়ছে হানাদার পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে, তখন যারা হানাদারদের সঙ্গে হাত মিলিয়েছিল, সহযোগিতা করেছিল হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও নারী নির্যাতনে, তাদের প্রতি বরাবরই ঘৃণা-ধিক্কারে সোচ্চার হয়েছে সাধারণ মানুষ। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠনের পর জনগণের মনে প্রত্যাশা দৃঢ় হয়েছে যে দ্রুত ওই সব মানবতাবিরোধী অপরাধীদের বিচার হবে। সাজা হবে সমুচিত। আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেও এটি ছিল অন্যতম। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য অবশ্য আদালত গঠন এবং বিচার-প্রক্রিয়ার সূচনা হয়েছে। তবে জাতি দেখতে চায়, দ্রুত বিচারকাজ পরিচালনার মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের সাজা দেওয়া হয়েছে। এই দাবি নিয়েই আজ দেশবাসী উদ্যাপন করছে স্বাধীনতা দিবস।দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি। দিবসের তাৎপর্য তুলে ধরে জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। সরকারি ও বেসরকারি বেতার এবং টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা। সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাতে হবে আলোকসজ্জা।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া পৃথক বাণীতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।কর্মসূচি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারি উদ্যোগে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা, সাংসদ, কূটনীতিক ও রাজনৈতিক দলের নেতারা, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সকাল নয়টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশ ও কুচকাওয়াজে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী। তিন বাহিনীর বাদক দল রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে বাদন পরিবেশন করবে।বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমজীবী, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন দিনটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নিয়েছে।