স্বাধীনতা দিবসে যুদ্ধাপরাধের দ্রুত বিচারের দাবি
যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম দ্রুত শুরু করার দাবি ধ্বনিত হওয়ার মধ্য দিয়ে গতকাল শনিবার ৪১তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করেছে জাতি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করারও দৃঢ়প্রত্যয় ব্যক্ত হয়েছে এবারের স্বাধীনতা দিবসে। দুই বছর আগে ক্ষমতায় আসা আওয়ামী লীগের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার ছিল যুদ্ধাপরাধীদের বিচার করা। এ জন্য গত কয়েক মাসে ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থা গঠিত হলেও সার্বিকভাবে বিচার কার্যক্রমে প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে অনেকের অভিযোগ। গতকাল স্বাধীনতা দিবসে বিভিন্ন অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে দ্রুত বিচারকাজ শুরু করার ঘোষণা দেওয়া হয়। বরাবরের মতো এবারও সারা দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা দিবস উদ্যাপন করে। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া কয়েকটি দেশের একটি ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেওয়া ছিল এবারের স্বাধীনতা দিবস উদ্যাপনের একটি বিশেষ দিক। এসব কর্মসূচির মধ্য দিয়ে জাতি মুক্তিযুদ্ধের অগণিত শহীদ, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী অন্যান্য জাতীয় নেতা এবং সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। জাতি একই সঙ্গে বেদনাভরে স্মরণ করেছে মুক্তিযুদ্ধে হারানো স্বজনদের। গতকাল ভোরে রাজধানীতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এ উপলক্ষে দিনভর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন ছাড়াও মিলাদ মাহফিল, আলোচনা সভা, চিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের কুচকাওয়াজ, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। পাড়া-মহল্লায় বেজেছে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ও দেশাত্মবোধক গান। জাতীয় ও রংবেরঙের পতাকা এবং আলোকসজ্জায় সাজানো হয় গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি ভবন আর সড়ক। বরাবরের মতোই বেতার-টেলিভিশনে প্রচার হয় নানা ধরনের বিশেষ অনুষ্ঠান। সংবাদপত্র বের করে বিশেষ ক্রোড়পত্র। জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল: গতকাল সকাল থেকেই জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল নেমেছিল। ফুলে ফুলে ভরে যায় স্মৃতিসৌধের বেদি। মানুষের কণ্ঠে ছিল যুদ্ধাপরাধীদের বিচার আর মুক্তিযুদ্ধের চেতনায় স্বপ্নের বাংলাদেশ গড়ার শপথ। ভোর ছয়টায় জাতীয় স্মৃতিসৌধে একে একে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। এ সময় তিন বাহিনীর সুসজ্জিত একটি দল গার্ড অব অনার দেয়। মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধানেরা, কূটনৈতিক মিশনের প্রতিনিধি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ ও শহীদ পরিবারের সদস্যসহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী দলীয় প্রধান হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর স্মৃতিসৌধে ফুল দেন স্পিকার, ডেপুটি স্পিকার ও সাংসদেরা। ভোরবেলায় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করাই স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে বর্তমান সরকারের অঙ্গীকার।দ্রুত বিচারের প্রত্যয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার যেমন স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে গিয়ে সময় লেগেছে, একই কারণে যুদ্ধাপরাধীদের বিচার করতেও সময় লাগছে। বিচারকাজের আপাত-ধীরগতি সম্পর্কে সাংবাদিকদের তিনি বলেন, ধীরগতি নয়, এ সরকারের আমলেই বিচারকাজ পরিচ্ছন্নভাবে শুরু হবে।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকা ছেড়ে যাওয়ার পর সবার জন্য খুলে দেওয়া হয় স্মৃতিসৌধের মূল ফটক। নামে লাখো মানুষের ঢল। বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া দেশের বাইরে থাকায় বিএনপির পক্ষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জাতীয় পার্টির পক্ষে শ্রদ্ধা জানান দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার। পরে একে একে অন্য দল ও সংগঠনগুলো ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় গতকাল ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। স্মৃতিসৌধের প্রবেশপথসহ সাভারের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ছিল র্যাব ও পুলিশি প্রহরা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর বিভিন্ন হল, শিক্ষক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও এর হল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, জনতা ব্যাংক, জাসদ, নজরুল ইনস্টিটিউট, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ মহিলা পরিষদ, জাতীয় পেশাজীবী পরিষদ, বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিনিয়োগ বোর্ড, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান, জাতীয় বিশ্ববিদ্যালয়, সিআরপি, জাতীয় শ্রমিক লীগ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলসহ অসংখ্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বঙ্গভবনে সংবর্ধনা ও অন্যান্য: বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমান মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তি ও কূটনীতিকদের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করেন। সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদের ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্যসহ বিশিষ্টজনেরা অনুষ্ঠানে যোগ দেন। সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশ ও কুচকাওয়াজ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি ছিলেন। ভুটানের রাজাও এ অনুষ্ঠানে অংশ নেন। সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণ করে। রাজধানীতে বিএনপির নেতারা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।এ ছাড়া সশস্ত্র বাহিনীর সদর দপ্তরগুলো, বিভিন্ন ইউনিট এবং ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।