স্বাধীনতা দিবসে ‘লাল সবুজের দেশে’
স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত হলো বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘লাল সবুজের দেশে।’ গত শনিবার এটিএন বাংলার স্টুডিওতে অনুষ্ঠানটির ধারণ কাজ শেষ করা হয়েছে। এতে গান পরিবেশন করেছেন শাকিলা জাফর, প্রীতম, অপু, লিজা এবং ফিডব্যাক ব্যান্ডের সদস্যরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন খন্দকার ইসমাইল। ইসমাইল বলেন, ‘অনুষ্ঠানে শাকিলা জাফর গেয়েছেন জোয়ান বায়েজের গাওয়া একটি ইংরেজি গান। প্রীতম তাঁর গানটির মধ্য দিয়ে সদ্য প্রয়াত অভিনয়শিল্পী হুমায়ুন ফরীদিকে স্মরণ করেছেন। ক্লোজআপ তারকা অপু ও লিজা গেয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি গান।’লাল সবুজের দেশে অনুষ্ঠানটির কুইজ পর্বে অংশ নিয়েছেন আরফিন রুমি, নীরব, কোনাল ও মিমো। এ ছাড়া অন্যান্য পর্বে অংশ নিয়েছেন চাষী নজরুল ইসলাম, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দুজন বাউল শিল্পী নহির শাহ ও সুলতান শাহ এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যন্ত্রশিল্পী সুবল দত্ত ও রুমু খান। অনুষ্ঠানে সাত বীরশ্রেষ্ঠের ছবি অঙ্কনকারী শিল্পী অধ্যাপক শেখ আফজাল এবং গবেষক সায়মন জাকারিয়ার সাক্ষাত্কারও রয়েছে। খন্দকার ইসমাইল আরও বলেন, ‘শুধু বিনোদন নয়, আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের জানা অজানা কিছু বিষয় নতুন করে উপস্থাপন করতেই অনুষ্ঠানটি নির্মাণ করা।’ লাল সবুজের দেশে অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন ইকবাল খন্দকার। ২৬ মার্চ রাত ১১টায় এটিএন বাংলায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।