স্বাধীনতা পদক পাচ্ছেন আট বিশিষ্ট ব্যক্তি
জাতীয় পর্যায়ে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আটজন বিশিষ্ট ব্যক্তিকে ২০১৩ সালে স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার তথ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।পুরস্কারের জন্য মনোনীতরা হলেনস্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ক্ষেত্রে ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠকারী এম এ হান্নান (মরণোত্তর), চট্টগ্রামে মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা পালনকারী ও পাকিস্তান বাহিনীর হাতে শহীদ চট্টগ্রাম জেলার তদানীন্তন পুলিশ সুপার মো. সামসুল হক (মরণোত্তর), মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেট, ১৯৭২ সালের শুরুতে ঢাকার মিরপুর এলাকা মুক্তকরণে বিশেষ ভূমিকা পালনকারী ডা. মোশারফ হোসেন, ভারতে চার হাজার মুক্তিযোদ্ধার কবর চিহ্নিতকরণ ও তাঁদের দেহাবশেষ দেশে আনার কার্যক্রমে বিশেষ ভূমিকা পালনকারী অবসরপ্রাপ্ত লে. কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির (বীর প্রতীক)।অর্থনীতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভাষাসংগ্রামী, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট অর্থনীতিবিদ স্বদেশ রঞ্জন বোস, সংস্কৃতির ক্ষেত্রে প্রখ্যাত সুরকার, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা সত্য সাহা এবং গবেষণা ও প্রশিক্ষণে বিশিষ্ট কৃষিবিদ মোহাম্মদ আবদুল হামিদ মিয়াকে চলতি বছর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। ২৫ মার্চ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করবেন।