স্বাধীনতা পদক পেলেন সাত ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি নাগরিকের অর্থনৈতিক মুক্তিসহ স্বাধীনতার সুফল অর্জনে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা বলেন, যে জাতি একটি যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব লাভ করেছে, সে জাতি দারিদ্র্য ও অজ্ঞতায় ভুগতে পারে না।আজ বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক-২০১০ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।অনুষ্ঠানে দুটি প্রতিষ্ঠান ও সাতজন ব্যক্তিকে এ পদক দেওয়া হয়। শিক্ষায় অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে এবং যুদ্ধে অবদান রাখার জন্য বাংলাদেশ পুলিশকে পদক দেওয়া হয়।স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য পদক দেওয়া হয় গাউস খান (মরণোত্তর), সংঘরাজ জ্যোতিপাল মহাথেরো (মরণোত্তর), ড. নীলিমা ইব্রাহীম (মরণোত্তর), নতুন চন্দ্র সিংহ (মরণোত্তর), এ কে এম শামসুজ্জোহা (মরণোত্তর), অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আবদুল করিম খন্দকার (বীর উত্তম) এবং সংস্কৃতিতে অবদানের জন্য আবুল হাশেম খানকে এ পদক দেওয়া হয়।একই সঙ্গে প্রত্যেককে একটি করে স্বর্ণপদক, দুই লাখ টাকা ও একটি করে সনদ দেওয়া হয়।এ কে খন্দকার নিজেই প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক নেন। বাংলাদেশ পুলিশের পক্ষে মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক পদক গ্রহণ করেন। আর মরণোত্তর পদক গ্রহণ করেন পদকপ্রাপ্ত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। সূত্র: ইউএনবি।