জাতীয় উন্নয়নে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান সংস্থা বাপেক্সকে আগামী বছরের স্বাধীনতা পদকে ভূষিত করার জন্য সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠানবিষয়ক কমিটি। কমিটির ৬১তম বৈঠকে এই সুপারিশ করা হয়। সম্প্রতি এর বিবরণী প্রকাশ করা হয়েছে।একই সঙ্গে কমিটি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় বাপেক্সকে শক্তিশালী করতে জনবলকাঠামো কেমন হওয়া দরকার, তা কমিটির বৈঠকে উপস্থাপন করতে বলেছে।সংসদীয় কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সদস্য মঈন উদ্দীন খান বাদল, বজলুল হক হারুন প্রমুখ তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রমে বাপেক্সের ভূমিকার প্রশংসা করেন। তাঁরা বলেন, বাপেক্সকে স্বাধীনতা পদক দেওয়া হলে সমগ্র জাতি সম্মানিত হবে।১৯৮৯ সালে বাপেক্স গঠিত হয়। দেশের তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রমে বাপেক্সের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের ভূমিকা বিভিন্ন সময়ে প্রশংসিত হয়েছে। তবে সরকারি অবহেলায় ক্রমে সংস্থাটির কার্যক্রমে স্থবিরতা আসে। একে আবার সক্রিয় ও শক্তিশালী করতে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়। বর্তমান সরকারের আমলে তা আরও ত্বরান্বিত করা হয়েছে।বর্তমান সরকারের শাসনকালে এখন পর্যন্ত বাপেক্স দুটি নতুন গ্যাসক্ষেত্র (শাহজাদপুর সুন্দলপুর ও শ্রীকাইল) আবিষ্কার করেছে। এ ছাড়া ১৫টি পুরোনো কূপ সংস্কারের মাধ্যমে গ্যাসের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করেছে। ছয়টি বিদ্যমান গ্যাসক্ষেত্রে সর্বাধুনিক অনুসন্ধান কার্যক্রম ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালিয়ে বাড়তি মজুদ চিহ্নিত করেছে। দুটি তেলক্ষেত্র (কৈলাসটিলা ও হরিপুর) নিশ্চিত করেছে। এ ছাড়া নতুন সুনেত্র গ্যাসক্ষেত্রে অনুসন্ধান কূপ খনন শুরু করেছে।২০১৬ সাল পর্যন্ত চূড়ান্ত করা কার্যক্রমে বাপেক্স আরও এক হাজার ৯৫০ বর্গকিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক এবং এক হাজার ৮০০ লাইন কিলোমিটার এলাকায় দ্বিমাত্রিক ভূকম্পন জরিপসহ ব্যাপক উন্নয়ন কার্যক্রম চালাবে।ত্রিমাত্রিক ভূকম্পন জরিপে সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি বাপেক্সকে সম্মাননা দিয়েছে। সংবর্ধনা দিয়েছে রোটারি ক্লাব, উত্তরা। বাপেক্সের ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ দলকে সংবর্ধনা দিয়েছে মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। নতুন গ্যাসের স্তর আবিষ্কার: এদিকে কুমিল্লার সালদা গ্যাসক্ষেত্রে একটি নতুন গ্যাসের স্তর আবিষ্কার করেছে বাপেক্স। ওই ক্ষেত্রটির এক নম্বর কূপ সংস্কারের সময় গতকাল মঙ্গলবার সকালে এই স্তরটির সন্ধান পাওয়া গেছে। স্তরটি ওই কূপের দুই হাজার ৭৪১ মিটার গভীরতা থেকে শুরু হয়েছে বলে বাপেক্স সূত্র জানিয়েছে।