স্বাধীনতা যুদ্ধের শহীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি জাতীয় স্মৃতিসৌধে আজ সোমবার ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ভোর ছয়টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপর ফুল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এ সময় গার্ড অব অনার প্রদান করে। এরপর শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকাল সাতটার দিকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় দলীয় নেতা-কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়। সকাল থেকেই জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল নেমেছে। সবাই এসেছেন স্বাধীনতা যুদ্ধের বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাসাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবেও তিনি শ্রদ্ধা নিবেদন করেন।শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দিকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেকের নজর আছে। অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন যে বিচার তাড়াতাড়ি শেষ হচ্ছে না। কিন্তু সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হলে কিছুটা সময় লাগবে। আর এই বিচারের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করা হবে।