স্বাধীনতা রক্ষার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার নিয়ে জামায়াত যাত্রা শুরু করেছে। যারা ইসলামের জন্য কাজ করে তাদের সংঘবদ্ধ করে দেশের অর্থসামাজিক ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দলটি। দেশের সব গণতান্ত্রিক আন্দোলনসহ জাতীয় রাজনীতিতেও জামায়াত ভূমিকা পালন করে আসছে। আজ শুক্রবার কাকরাইলের ডিপোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতের জেলা মজলিসে শূরার সদস্যদের জাতীয় সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে নিজামী এ কথা বলেন। তিনি বলেন, সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের মাধ্যমে দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার নামে ইসলামি রাজনীতি নিষিদ্ধ করার অপচেষ্টা চলছে। এ প্রেক্ষাপটে দেশ ও জাতির প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে। দেশের সীমানা সংরক্ষণের সঙ্গে সঙ্গে জনগণের ইসলামি বিশ্বাস, চেতনা ও মূল্যবোধ রক্ষার জন্যও দায়িত্ব পালন করতে হবে।নিজামী বলেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করার নামে ইসলামি রাজনীতি নিষিদ্ধ করার অপচেষ্টা চলছে। অথচ বিশ্বের ৫০টির অধিক ধর্মনিরপেক্ষ দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে। ইউরোপ ও আমেরিকার ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশগুলোতে যদি ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকতে পারে, তাহলে বাংলাদেশে থাকতে পারবে না কেন? সরকার যা করতে চাচ্ছে তা এতই অযৌক্তিক যে যারা ইসলামি রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নয় তাঁরাও এ জন্য সরকারের বিরূপ সমালোচনা করছেন। জামায়াতের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আবুল কালাম মুহাম্মদ ইউসুফ, নায়েবে আমির মকবুল আহমাদ, এ কে এম নাজির আহমদ, আবদুস সুবহান ও দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম, মুজিবুর রহমান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জামায়াতের আমির বলেন, ভারতের সঙ্গে প্রধানমন্ত্রী যেসব চুক্তি করে এসেছেন তাতে দেশবাসী আতঙ্কিত। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে বিরোধ চলছে। তাদের সঙ্গে ভারতীয় বাহিনীর সংঘাত-সংঘর্ষ হলে তাতে বাংলাদেশ যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। তাতে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত যদি তাদের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যে সামরিক বাহিনী পাঠায়, তা রোধ করার ক্ষমতা বাংলাদেশের নেই। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ ভারতের চারণভূমিতে পরিণত হবে।