স্বাধীনতাপদক পেলেন ১০ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছড়িয়ে-ছিটিয়ে থাকা মুক্তিযুদ্ধের বিভিন্ন কথা, স্মৃতি, গণকবর এখনো আবিষ্কৃত হচ্ছে। এ সংক্রান্ত তথ্যগুলো সামনে নিয়ে আসতে হবে। স্মৃতিগুলো রক্ষা করতে হবে। তবেই প্রজন্মের পর প্রজন্ম জানতে পারবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস। বুঝতে পারবে, কত সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতাপদক ২০১০ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।জাতীয় পর্যায়ে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ১০ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এ বছর স্বাধীনতাপদক দিয়েছে। প্রতিষ্ঠান হিসেবে বাংলা একাডেমী এবার সম্মানজনক এ পুরস্কার পেল।পুরস্কার পাওয়া ব্যক্তিরা হচ্ছেন সংস্কৃতিতে ওয়াহিদুল হক (মরণোত্তর), আলমগীর কবির (মরণোত্তর) ও ফেরদৌসী প্রিয়ভাষিণী; শিক্ষায় অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী ও অধ্যাপক যতীন সরকার; সাহিত্যে মুস্তাফা নূরউল ইসলাম ও রোমেনা আফাজ (মরণোত্তর); স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে এ কে এম সামসুল হক খান (মরণোত্তর), সৈয়দা সাজেদা চৌধুরী ও বেলাল মোহাম্মদ।প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার মূল লক্ষ্যই ছিল বাংলাদেশের জনগণের জন্য আর্থ-সামাজিকভাবে উন্নত জীবন নিশ্চিত করা। বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে। বাংলাদেশ বিশ্বসভায় সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াবে। আর সেই লক্ষ্য সামনে নিয়েই হয়েছিল মুক্তির সংগ্রাম। কীভাবে আমাদের ইতিহাসকে বদলে ফেলার চেষ্টা করা হয়েছে, সে কথা আমরা সবাই জানি। কাজেই আজ সময় এসেছে আমাদের সঠিক ইতিহাস রক্ষা করার।’শেখ হাসিনা বলেন, ‘শোষণমুক্ত সমাজ গঠন করে বাংলার প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা ছিল মুক্তিযুদ্ধের মূল চেতনা। তাই দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আজ আমাদের লক্ষ্য হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী, যারা আমাদের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে এবং যাদের অবদানে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের জীবন যাতে দুর্বিষহ না হয়, তার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।’