স্বাধীনতাবিরোধী চক্র যেকোনো সময় তৎপর হতে পারে: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে ও নির্বাচিত সরকারকে বিব্রত করতে স্বাধীনতাবিরোধী চক্র যেকোনো সময় তৎপর হয়ে উঠতে পারে। দেশে সৃষ্টি হতে পারে বিভাজন ও আস্থার কৃত্রিম সংকট। তাই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়, সেজন্য দেশবাসীকে সদাসতর্ক ও সজাগ থাকতে হবে।আজ মঙ্গলবার জাতীয় সংসদে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এসব কথা বলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন কক্ষে এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মহাজোটের অধিকাংশ সাংসদ উপস্থিত ছিলেন। তবে প্রধান বিরোধী দল বিএনপির সদস্যরা উপস্থিত ছিলেন না।বছর শুরুর অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণের সময় প্রধান বিচারপতি, বিদেশি কূটনীতিবিদ, দাতা উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।১৩৩ পৃষ্ঠা দীর্ঘ এ ভাষণে রাষ্ট্রপতি সরকারের দুই বছরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। বিশাল এ ভাষণের সংক্ষিপ্তসার রাষ্ট্রপতি পাঠ করেন। তবে পুরো লিখিত ভাষণটিই সংসদের কার্যবিবরণীর অন্তর্ভুক্ত হবে বলে স্পিকার সংসদকে অবহিত করেন।এদিকে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ভাষণ সম্প্রচারের মধ্য দিয়ে সংসদ বাংলাদেশ টেলিভিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এর আগে স্পিকার সংসদে সংসদ টেলিভিশনের সম্প্রচার শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন। সংসদে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাংসদেরা টেবিল চাপড়িয়ে অভিনন্দন জানান।এ সময় সংসদকক্ষে রাখা বিশাল আকৃতির দুটি টিভির পর্দায় ভেসে ওঠে সংসদ বাংলাদেশ টিভি চ্যানলের পর্দা। সংক্ষিপ্ত উদ্বোধনী সংগীতের পর এ চ্যানেলে রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচার শুরু হয়।স্পিকার জানান, সংসদ অধিবেশন চলাকালীন পুরো সময়টা সংসদ টিভি সম্প্রচার করবে। তবে যে দিন অধিবেশন থাকবে না, সেদিনও সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত এ টিভি চলবে।