স্বাধীনতাবিরোধী চক্র যেকোনো সময় তৎপর হয়ে উঠতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে এবং নির্বাচিত সরকারকে বিব্রত করতে স্বাধীনতাবিরোধী চক্র যেকোনো সময় তৎপর হয়ে উঠতে পারে। দেশে সৃষ্টি হতে পারে বিভাজন ও আস্থার কৃত্রিম সংকট। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশবাসীকে সদা সতর্ক ও সজাগ থাকতে হবে।জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশনকক্ষে এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মহাজোটের অধিকাংশ সাংসদ, এলডিপির অলি আহমদ ও স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম উপস্থিত ছিলেন। তবে প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের ৩৮ জন সদস্যের সবাই অনুপস্থিত ছিলেন।বছরের প্রথম এই অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণের সময় প্রধান বিচারপতি, বিদেশি কূটনীতিবিদ, দাতা ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অধিবেশনকক্ষে স্পিকারের দুই দিকে দুটি প্রজেক্টার স্ক্রিন এবং গ্যালারির সামনের সারির দুই দিকে দুটি বড় টেলিভিশন রাখা ছিল। নবম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের প্রথম দিনও ছিল গতকাল।রাষ্ট্রপতি ১৩৩ পৃষ্ঠার ভাষণের সংক্ষিপ্তসার পাঠ করেন। তবে স্পিকার সংসদকে জানিয়েছেন, লিখিত এই ভাষণের পুরোটা সংসদের কার্যবিবরণীর অন্তর্ভুক্ত হবে।রাষ্ট্রপতি ভাষণে বলেন, ‘আমি আশা করব, সব সংসদ সদস্য এই মহান সংসদে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখবেন। ব্যক্তিগত বিষয়, বৈষয়িক স্বার্থ কিংবা আদালতের এখতিয়ারাধীন বিষয় নিয়ে রাজনীতি আবর্তিত হলে গণতন্ত্র ব্যাহত হয়।’জিল্লুর রহমান বলেন, বিশ্ব বাস্তবতা বিবেচনায় দেখা গেছে, পৃথিবীজুড়ে খাদ্যদ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী। বর্তমান বিশ্বায়ন প্রক্রিয়া উন্নয়নশীল দেশগুলোর জন্য বিভিন্ন সুযোগ সৃষ্টির পাশাপাশি চ্যালেঞ্জও সৃষ্টি করেছে। জনজীবনের এই সংকট ও খাদ্যের নিরাপত্তার বিষয়ে সরকার অবহিত আছে। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ায় এই চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হচ্ছে। তিনি সরকারের বিভিন্ন খাতে গত দুই বছরের উন্নয়ন ও সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরেন। এই ভাষণ ১৩ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়।রাষ্ট্রপতি বলেন, প্রতিবেশী দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ-ভুটান বাণিজ্য চুক্তি সম্পাদনসহ বাংলাদেশ-ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি তিন বছরের জন্য নবায়ন করা হয়েছে। তিনি বলেন, এই প্রথম এক কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ২৬৭ জন কৃষককে কৃষি উপকরণ সহায়তা কার্ড দেওয়া হয়েছে। এটি নজিরবিহীন ঘটনা। তিনি বলেন, জনগণের খাদ্যের নিরাপত্তার বিষয়কে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।জিল্লুর রহমান ঢাকা মহানগরের যানজট নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, চলতি বছরের জুলাই মাসে পদ্মা সেতুর কাজ শুরু হবে এবং ২০১৩ সালের ডিসেম্বরে কাজ শেষ হবে।দুর্নীতি দমনে সরকারের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। এই অঙ্গীকার বাস্তবায়নে সরকার ইতিমধ্যে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণ, সংস্কারসহ বেশ কিছু ইতিবাচক ও সাহসী পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে বিদ্যমান দুর্নীতি দমন আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, প্রশাসনিক সংস্কার বাস্তবায়নের মাধ্যমে জনপ্রশাসনকে একবিংশ শতাব্দীর উপযোগী করে গড়ে তোলার মধ্য দিয়ে একে জনমুখী ও জনবান্ধব করার লক্ষ্যে সরকার কাজ করছে। এ জন্য সাংবিধানিক বাধ্যবাধকতার আলোকে সিভিল সার্ভিস আইন প্রণয়নের কাজ চলমান আছে, যার মাধ্যমে পুরো সিভিল সার্ভিসকে প্রথমবারের মতো একটি আইনি কাঠামোর আওতায় আনা সম্ভব হবে।