স্বাধীনতাবিরোধীদের দেশে থাকার অধিকার নেই
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বাংলাদেশে বাস করে যাঁরা স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরোধিতা করেছেন, তাঁদের এ দেশে থাকার কোনো অধিকার নেই। আজ শুক্রবার সকালে রাজধানীর শ্যামলীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটির বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। খবর: বাসস।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পৃথিবীর সব দেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। ধৈর্য ধরুন, বর্তমান সরকারের আমলেই বিচারকাজ শেষ হবে।’ তিনি বলেন, সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই বিচারকাজ চলছে। কারও মানবাধিকার যেন লঙ্ঘিত না হয়, সে বিষয়টির দিকেও খেয়াল রাখা হচ্ছে।বিশ্বজিত্ হত্যাকাণ্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পত্রিকায় যাঁদের ছবি ছাপা হয়েছে, তাঁরাও রয়েছেন। তিনি আরও বলেন, এ নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।ইউরোপিয়ান ইউনিভার্সিটির উপাচার্য ড. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ড. মকবুল আহমেদ ও সদস্য নিলুফার বেগম।