স্বাধীনতাবিরোধীদের ব্যাপারে সজাগ থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধীদের ব্যাপারে সব সময় সজাগ থাকতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভবিষ্যত্ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বুধবার চট্টগ্রামের ভাটিয়ারীতে ৬৭তম বিএমএ লং কোর্স এবং ৩৮তম বিএমএ স্পেশাল কোর্সের ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি প্যারেড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা তোমাদের পবিত্র দায়িত্ব। তাই তোমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে সব সময় ধারণ করতে হবে এবং দেশের স্বাধীনতাবিরোধীদের অপকর্মের ব্যাপারে সর্বদা সজাগ থাকতে হবে।’একটি চৌকস, দক্ষ ও আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশসেবার মহান ব্রত নিয়ে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছ। চৌকস, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল অফিসার হিসেবে তোমরা আজ বৃহত্তর কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছ। কর্মজীবনে তোমাদের মনে রাখতে হবে, তোমরা এ দেশের জনগণেরই অবিচ্ছেদ্য অংশ। আমি আশা করি, তোমরা সবাই জনগণের সুখ-দুঃখ, হাসি-কান্নার সমান অংশীদার হবে।’প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতাবিরোধী চক্র আমাদের কষ্টার্জিত স্বাধীনতা ভূলুণ্ঠিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। পরাজিত শক্তি সব সময় বিজয়ীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকে। তাই আমি সবাইকে স্বাধীনতাবিরোধীদের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সদা সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যে এখন একটি প্রগতিশীল, অসাম্প্রদায়িক, উন্নয়নমুখী ও শান্তিপ্রিয় দেশ, তা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বাধিক শান্তিরক্ষী পাঠানোর মাধ্যমে বাংলাদেশ বিশ্বশান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশে ও বিদেশে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারির স্বাক্ষর রাখছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর এ সুনাম তোমাদের অক্ষুণ্ন রাখতে হবে।’মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন বেসামরিক ও বেসামরিক কর্মকর্তা, কূটনীতিক এবং নতুন কমিশন পাওয়া ক্যাডেটদের অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। তিনি সেরা ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।এর আগে প্রধানমন্ত্রী বিএমএ প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাবাহিনী-প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিনের জিওসি মেজর জেনারেল এ কে এম মুজাহিদ উদ্দিন, চট্টগ্রামের এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাব্বির আহমেদ এবং বিএমএ কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. শামসুজ্জামান তাঁকে স্বাগত জানান।এ বছর ১০ ফিলিস্তিনি ক্যাডেটসহ মোট ৮৫ জন ক্যাডেট কমিশন লাভ করেছেন। প্রশিক্ষণে সব বিষয়ে শ্রেষ্ঠত্ব লাভের জন্য তারিক জুবায়েরকে ‘সোর্ড অব অনার’ প্রদান করা হয় এবং সামরিক বিষয়ে অসামান্য কৃতিত্ব অর্জনের জন্য হাবিবুল্লাহ খান সেনাবাহিনী-প্রধান স্বর্ণপদক লাভ করেন। বাসস।