স্বাধীনতাবিরোধীদের সহযোগিতা কখনোই নেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতাবিরোধীদের সহযোগিতা কখনোই নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ। জাদুঘরের নিজস্ব ভবন নির্মাণের জন্য বিতর্কিত ব্যক্তির আর্থিক সহযোগিতা গ্রহণ নিয়ে প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ কথা বলেছে।গতকাল শুক্রবার জাদুঘরের ট্রাস্টি বোর্ডের বিবৃতিতে বলা হয়, স্বাধীনতাবিরোধী মহলের সাহায্য-সহযোগিতা কখনোই নেওয়া হবে না। জাদুঘর কর্তৃপক্ষ এ বিষয়ে সচেতন আছে এবং ভবিষ্যতেও থাকবে। গত ১১ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে সহায়তা প্রদানের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্যান্য ব্যাংকের পাশাপাশি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের ৫০ লাখ টাকার চেক দেন। এ খবর প্রচারিত হওয়ার পর বিভিন্ন মহলে সমালোচনা হয়। ট্রাস্টি বোর্ডের বিবৃতিতে বলা হয়, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে ওই অনুষ্ঠানে বিতর্কিত প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতি ও চেক হস্তান্তরের মতো অনভিপ্রেত ঘটনা ঘটে। এর ফলে জাদুঘরের অনেক শুভানুধ্যায়ী ও মুক্তিযুদ্ধের সপক্ষের মহলে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, তার সঙ্গে মুক্তিযুদ্ধ জাদুঘর সহমত পোষণ করে। তবে ওই অনুষ্ঠানে বিভিন্ন তফসিলি ব্যাংকের অংশগ্রহণের বিষয়টি মুক্তিযুদ্ধ জাদুঘরের এখতিয়ারবহির্ভূত ছিল। ওই বিতর্কিত প্রতিষ্ঠানের দেওয়া অর্থ মুক্তিযুদ্ধ জাদুঘর কখনোই নেবে না। বিবৃতিতে আরও বলা হয়, ৫ আগস্ট জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সেই নীতিগত অবস্থানের ভিত্তিতেই মুক্তিযুদ্ধ জাদুঘর সিদ্ধান্ত নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে।