স্বাধীনতাবিরোধীদের সহযোগিতা কখনোই নেবে না মুক্তিযুদ্ধ জাদুঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে স্বাধীনতাবিরোধী মহলের সাহায্য-সহযোগিতা কখনোই নেওয়া হবে না। জাদুঘর কর্তৃপক্ষ এ বিষয়ে সচেতন আছে এবং ভবিষ্যতেও থাকবে। আজ শুক্রবার জাদুঘরের ট্রাস্টি বোর্ডের বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে স্বাক্ষর করেন জাদুঘরের কর্মসূচি সমন্বয়কারী রফিকুল ইসলাম।বিবৃতিতে বলা হয়, ১১ আগস্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলের সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সদস্য হিসেব ওই অনুষ্ঠানে বিতর্কিত প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতি ও চেক হস্তান্তরের মতো অনভিপ্রেত ঘটনা ঘটে। এর ফলে জাদুঘরের অনেক শুভানুধ্যায়ী ও মুক্তিযুদ্ধের সপক্ষের মহলে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তার সঙ্গে মুক্তিযুদ্ধ জাদুঘর সহমত পোষণ করে। ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত ওই অনুষ্ঠানে বিভিন্ন তফসিলি ব্যাংকের অংশগ্রহণের বিষয়টি মুক্তিযুদ্ধ জাদুঘরের এখতিয়ার-বহির্ভূত ছিল। তবে আর্থিক খাতের স্বীকৃত প্রতিষ্ঠানগুলোর মিলিত উদ্যাগের অনুষ্ঠানে বিতর্কিত একটি প্রতিষ্ঠানের শরিকানা ঘটলেও তাদের দেওয়া অর্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিল কখনোই নেবে না।বিবৃতিতে বলা হয়, জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভায় এ বছরের ৫ আগস্ট বিতর্কিত কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ না নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এই নীতিগত অবস্থানের ভিত্তিতেই মুক্তিযুদ্ধ জাদুঘর সিদ্ধান্ত নিয়েছে এবং নেবে।