স্বাধীনতাযুদ্ধ শেষ, মুক্তিযুদ্ধ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ জাদুঘরে গতকাল মঙ্গলবার বিকেলে ছিল ভাষাসৈনিক ও বিশিষ্ট প্রাবন্ধিক আহমদ রফিকের বাঙালির স্বাধীনতাযুদ্ধ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান। নতুন বইয়ের গৎবাঁধা আয়োজনের গণ্ডি পেরিয়ে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল বাঙালির দীর্ঘকালের সংগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানা প্রেক্ষিত নিয়ে মনোজ্ঞ আলোচনা সভা। বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম আলোচনার সূত্রপাত করে বলেন, ‘লেখক মুক্তিযুদ্ধ না বলে স্বাধীনতাযুদ্ধ বলেছেন। স্বাধীনতাযুদ্ধে আমরা জয়ী হয়েছি। সে যুদ্ধ শেষ হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধ অনেক বড় প্রেক্ষাপট। বঙ্গবন্ধুও তাঁর ভাষণে বলেছিলেন “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”। তারপর বলেছেন “মুক্তির সংগ্রাম”। স্বাধীনতার সংগ্রাম শেষ হয়েছে। অর্থনৈতিক মুক্তির সংগ্রাম চলছে।’অধ্যাপক শফি আহমদ বলেন, ‘বাঙালি’ বলতে তিনি শুধু বাংলাদেশে বসবাসকারীদের বুঝিয়েছেন কি না সে বিতর্ক উঠতে পারে। তবে এই বইতে তিনি এই তামাটে জাতির সুদীর্ঘকালের আন্দোলন থেকে শুরু করে ১৯৭১-এর স্বাধীনতাসংগ্রাম পর্যস্ত ঘটনাবলি তথ্য-উপাত্তের মাধ্যমে তুলে ধরেছেন।প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘এই বইতে লেখক স্বাধীনতাসংগ্রামের আর্থ-সামাজিক প্রেক্ষাপট তুলে ধরেছেন। বিশেষ করে, শেষ অংশে স্বাধীনতার পর আমাদের বিগত চার দশকের ঘটনাপ্রবাহের বিশ্লেষণ, বইটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে।’সভাপতি আনিসুজ্জামান বলেন, ‘লেখক একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে ঘটনা বিশ্লেষণ করেছেন। আমাদের স্বাধীনতাযুদ্ধের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে যেসব প্রশ্ন উঠতে পারে এবং যেসব প্রশ্নের জবাব পাওয়া প্রয়োজন, তেমন বেশ কিছু প্রশ্ন তিনি উত্থাপন করেছেন। এ কারণে বইটি মূল্যবান।’ বইটি সবার পড়া উচিত বলে তিনি মন্তব্য করেন। লেখক আহমদ রফিক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘চার দশক পর বইটি লেখার কারণ হলো স্বাধীনতাযুদ্ধের প্রাথমিক আবেগ এখন অনেক স্তিমিত হয়েছে। নিরাসক্তভাবে এখন ঘটনা ও তথ্যাবলি বিশ্লেষণ করা যায়। এদিকে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কেরও অনেক পালাবদল ঘটেছে। যে ভারত ছিল স্বাধীনতাযুদ্ধের মিত্র, যারা সেদিন সীমান্ত খুলে দিয়েছিল, আজ সেই সীমান্তে গুলি চলছে। কিশোরী ফেলানীর লাশ ঝুলিয়ে রাখা হচ্ছে কাঁটাতারের বেড়ায়। তিস্তার পানি চুক্তি করতে এসে ভারতের প্রধানমন্ত্রী ফিরে যাচ্ছেন তাঁর রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর অসম্মতির কারণে। স্বাধীনতা-পরবর্তী পর্যায়ের এসব প্রসঙ্গ বইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।’অনুষ্ঠানে স্বাগত বক্তৃতায় অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।’ অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক অন্যপ্রকাশের নতুন ওয়েবসাইটের (www.e-anyaprokash.com) আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাক্ষিক অন্যদিন-এর নির্বাহী সম্পাদক আবদুল্লাহ নাসের। বাঙালির স্বাধীনতাযুদ্ধ বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। দাম ৩৭৫ টাকা।‘টোকাই আর রফিকুন নবী’‘টোকাই একটি কাল্পনিক চরিত্র, যে কিনা বিভিন্নভাবে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের অসংগতি তুলে ধরে। টোকাই কোনো নির্দিষ্ট শ্রেণীর নয়। কিন্তু এখন দেখছি, অনেকে টোকাইকে নেগেটিভ অর্থে উপস্থাপন করে থাকেন, যা অপ্রত্যাশিত। কোনো চরিত্র জনপ্রিয় হলে তা নানা নেতিবাচক অর্থে ব্যবহূত হয়, টোকাইয়ের ক্ষেত্রেও তা-ই হয়েছে, এটি ঠিক নয়।’গতকাল মঙ্গলবার রাজধানীর শাহবাগ এলাকার উন্নয়ন সমন্বয়ের আলোচনা কক্ষে আয়োজিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শুভেন্দু দাসগুপ্তের গবেষণাধর্মী টোকাই আর রফিকুন নবী বইটির প্রকাশনা অনুষ্ঠানে টোকাইয়ের স্রষ্টা বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী এ কথা বলেন।উন্নয়ন সমন্বয় আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্বভারতীর অধ্যাপক সৌমিক নন্দী মজুমদার। সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের অধ্যাপক নিসার হোসেন। উল্লেখ্য, বেঙ্গালুরুর প্রকাশনা সংস্থা ইন্ডিয়ান ফাউন্ডেশন ফর আর্টস বইটি প্রকাশ করেছে।কাল থেকে ঢাকা আর্ট সামিটঢাকায় প্রথমবারের মতো ‘আর্ট সামিট’-এর আয়োজন করা হয়েছে। কাল বৃহস্পতিবার সামদানী আর্ট ফাউন্ডেশনের আয়োজনে শুরু হবে ঢাকা আর্ট সামিট। সিটিব্যাংক আমেরিকান এক্সপ্রেসের অর্থায়নে আর্ট সামিটের যৌথ আয়োজক হিসেবে আছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ জাতীয় জাদুঘর। এতে দেশের চারুকলার অন্যতম পথিকৃৎ শিল্পীদের পাশাপাশি নবীন-প্রবীণ ২৪৯ জন শিল্পীর কাজের প্রদর্শনী হবে। সামিটে ঢাকার বিভিন্ন গ্যালারি অংশ নেবে।এ ছাড়া থাকছে ছয়টি বিশেষ আলোচনা অনুষ্ঠান, সেমিনার, বিশেষ উপস্থাপনা, দেশি-বিদেশি শিল্পী ও অতিথিদের সঙ্গে গণমাধ্যমের কর্মীদের মতবিনিময়।গতকাল মঙ্গলবার শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, সিটি ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, সামদানী আর্ট ফাউন্ডেশনের ট্রাস্টি চেয়ারম্যান শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, ঢাকা আর্ট সামিটের পরিচালক নাদিয়া সামদানী ও শিল্পী মুনিরুজ্জামান।উদ্বোধনী অনুষ্ঠান হবে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে। উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।এ আয়োজনে বিশ্বের নামকরা গ্যালারির প্রতিনিধিরা অংশ নেবেন। সামিটে দুটি বিশেষ পদক দেওয়া হবে। এর একটি ১০ লাখ টাকা মূল্যের ‘সামদানী আর্টিস্ট ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ এবং পাঁচ লাখ টাকার ‘সামদানী ইয়ং আর্ট ট্যালেন্ট অ্যাওয়ার্ড’। ২০ থেকে ৩৫ বছরের ২৯ জন বাংলাদেশি শিল্পী এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।নবীন-প্রবীণের প্রদর্শনীছাপচিত্রের দুই বাংলার পথিকৃৎ ও সমকালীন শিল্পীদের উল্লেখযোগ্য কাজ নিয়ে গতকাল মঙ্গলবার ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হয়েছে বিশেষ ছাপচিত্র প্রদর্শনী।‘ইমিন্যান্ট প্রিন্টমেকার্স অব বাংলা’ শিরোনামের এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী। অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিসার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্যালারির নির্বাহী পরিচালক মনিরুজ্জামান।প্রদর্শনীতে বাংলাদেশের জয়নুল আবেদিন, কামরুল হাসান, সফিউদ্দীন আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, মুর্তজা বশীর, আবদুর রাজ্জাক, কাজী আবুল বাসেত, রফিকুন নবী, মনিরুল ইসলাম, কালিদাস কর্মকার, শহিদ কবীর প্রমুখ এবং পশ্চিমবঙ্গের বিনোদবিহারী মুখার্জি, রামকিংকর বেইজ, হরেন দাস, সোমনাথ হোর, কে জি সুব্রাহ্মনিয়াম, সনৎ কর, যোগেন চৌধুরী প্রমুখের ছবি স্থান পেয়েছে।৬০টি ছবি নিয়ে আয়োজিত প্রদর্শনীটি ১০ এপ্রিল পর্যন্ত চলবে।