স্বাধীনতাযুদ্ধের নিকষিত ফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’ প্রায় সমবয়সী। মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ছিল দেশে দারিদ্র্য, বঞ্চনা ও বৈষম্যের অবসান। তাই শরণার্থীদের সেবা ও উদ্বাস্তু পুনর্বাসন দিয়ে যার সূচনা, তা দ্রুত রূপ নেয় দরিদ্র মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে একটি স্থায়ী উদ্যোগে। সেই উদ্যোগ দারিদ্র্য দূরীকরণে সমকালীন উন্নয়ন-প্রচেষ্টায় তথা দরিদ্র মানুষের সক্ষমতা বৃদ্ধিতে একটি বড় মাপের সফলতম অভিজ্ঞতা।ব্র্যাকের এই অভিজ্ঞতা বর্তমানে অনুকরণের চেষ্টা চলছে আফগানিস্তান, দক্ষিণ সুদান ও হাইতিসহ বিশ্বের বিভিন্ন ঝুঁকিপূর্ণ দেশে। তাই বিশ্ব দারিদ্র্য বিমোচনে এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতায় বাংলাদেশের অনন্য অবদানের সম্যক প্রতিভূ আজ ব্র্যাক।ব্র্যাকের বহুমুখী কর্মসূচি আজ বাংলাদেশের সব জেলায় আনুমানিক ১১ কোটি মানুষের জীবনকে ছুঁয়ে আছে। ৮০ লাখের ওপর দরিদ্র, ভূমিহীন ও অনগ্রসর মানুষ ব্র্যাকের ক্ষুদ্রঋণ তথা আর্থিক সেবা পেয়ে থাকে। এই জনগোষ্ঠীর বেশির ভাগই নারী। ক্ষুদ্রঋণ যাদের কাছে পৌঁছাতে পারে না, সে অতি দরিদ্রের জন্য ব্র্যাক প্রচলন করেছে ‘সম্পদ হস্তান্তর’ কর্মসূচি। ৬৫ হাজারেরও অধিক গ্রামীণ দরিদ্র নারীকে ব্র্যাক ‘আড়ং’-এর মাধ্যমে দেশি ও বিশ্ববাজারের সঙ্গে সংযুক্ত করেছে।ব্র্যাকের অবদানের সবচেয়ে বড় জায়গাটি হচ্ছে গ্রামীণ কর্মসংস্থান। এই মুহূর্তে ব্র্যাক প্রায় ৬৫ লাখ লোকের কর্মসংস্থান করছে। সাম্প্রতিক বছরগুলোতে এই পরিমাণ প্রায় ১০ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বাংলাদেশের গ্রামীণ শ্রমবাজারে প্রতিবছর যে দশ লাখ নতুন লোক যোগ হচ্ছে, তার একটি দৃশ্যমান অংশের উপার্জনশীল কাজের ব্যবস্থা করছে ব্র্যাক।একই সঙ্গে ব্র্যাক বাংলাদেশের একক সর্ববৃহৎ নিয়োজনকারী প্রতিষ্ঠান। মোট কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা এক লাখ ২০ হাজারের বেশি। এ ছাড়া ব্র্যাকের সঙ্গে যুক্ত রয়েছেন হাজার হাজার স্বাস্থ্য ও শিক্ষাকর্মী। দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যপরিচর্যার মৌলিক চাহিদা পূরণে ব্র্যাকের উদ্ভাবনী ও কার্যকর পদক্ষেপগুলো পৃথিবীতে আজ গবেষণার বিষয়। আশির দশকে ওরস্যালাইনের প্রচলনের মাধ্যমে ব্র্যাক ডায়রিয়া রোধে যুগান্তকারী অবদান রাখে। জন্মের প্রথম বছরের মধ্যে শিশুদের জন্য টিকাদান কর্মসূচি সম্প্রসারণেও ব্র্যাকের রয়েছে নেতৃস্থানীয় ভূমিকা। তাই বাংলাদেশের শিশুমৃত্যু ও মাতৃমৃত্যুর হার হ্রাসে ব্র্যাকের অবদান খুবই তাৎপর্যপূর্ণ। ব্র্যাকের অপর নন্দিত উদ্যোগ হলো এর শিক্ষাকার্যক্রম। ব্র্যাক স্কুল দেশের সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত অনানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষাদানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে। এ সংস্থার প্রি-প্রাইমারি ও প্রাইমারি স্কুলগুলোতে প্রায় ২০ লাখ শিশু পড়াশোনা করছে। এখানকার প্রায় ৬০ শতাংশ উত্তীর্ণ শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক মাধ্যমিক স্কুলে ভর্তি হয়েছে।দেশের ভেতর বিশ্বমানের উচ্চশিক্ষা প্রসারে স্থাপিত হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নের জন্য সৃষ্টি করা হয়েছে ব্র্যাক ব্যাংক। কৃষি উৎপাদনশীলতা ও কৃষকের আয় বৃদ্ধির জন্য ব্র্যাক আজ নতুন ধরনের বীজ, প্রযুক্তি ও চাষাবাদের পদ্ধতি উদ্ভাবনে মনোযোগ দিয়েছে।বাজার অর্থনীতির ব্যর্থতা ও কল্যাণকর রাষ্ট্রের অসম্পূর্ণতাকে পরিপূরণ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে ব্র্যাক। নিজস্ব বাণিজ্যিক প্রতিষ্ঠানের আয়ের সূত্রে ব্র্যাক আজ ৮০ ভাগ স্বাবলম্বী। ২০০৯ সালে সরকারকে ব্র্যাক ৪০ কোটি টাকার বেশি কর দিয়েছে।এই উন্নয়ন উপাখ্যানের মহানায়ক ফজলে হাসান আবেদ। এই মানবতাবাদী চিন্তানায়ক স্বাধীনতার চেতনাকে দেশের মধ্যে মূর্ত রূপ দিয়েছেন, পৃথিবীর কাছে তুলে ধরেছেন দেশের উজ্জ্বল পরিচয়। তার জীবনচর্চা আজ আমার মতো বহুজনের কাছে অনুপ্রেরণার উৎসস্থল।আমাদের প্রত্যাশা, বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে উন্নীত করতে হলে দারিদ্র্য ও অসাম্য দূরীকরণে যে ব্যাপক কর্মযজ্ঞ প্রয়োজন, তাতেও আগামী দিনে ব্র্যাক তার অনুকরণীয় ভূমিকা অব্যাহত রাখবে।দেবপ্রিয় ভট্টাচার্য: অর্থনীতিবিদ, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)