ভারতের দুর্নীতিবিরোধী সমাজকর্মী আন্না হাজারে আজ শুক্রবার সকালে কারাগার থেকে বের হয়ে নয়াদিল্লির রামলীলা ময়দানে পৌঁছেছেন। সেখানে হাজার হাজার জনতা হর্ষ ধ্বনি দিয়ে তাঁকে অভ্যর্থনা জানায়। তিনি তাঁর সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে শক্তিশালী লোকপাল বিলের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।আজ সকালে আন্না হাজারে তিহার কারাগার থেকে বের হন। কারাগারের বাইরে অপেক্ষমাণ জনতার উদ্দেশে তিনি হাত নেড়ে বলেন, ‘এটা ভারত মাতার জয়।’ তিনি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলেন, ‘আমরা ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জন করেছি। ১৬ আগস্ট থেকে স্বাধীনতার দ্বিতীয় সংগ্রাম শুরু হয়েছে। আমি জীবিত থাকি আর না থাকি, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলবে।’ভারতের সমাজকর্মী ও দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে ১৫ দিন অনশন কর্মসূচি পালনের অনুমতি পেয়েছেন। অনশনের জন্য নয়াদিল্লির রামলীলা ময়দানও বরাদ্দ পেয়েছেন তিনি। আজ শুক্রবার এ অনশন শুরু হচ্ছে।নয়াদিল্লির তিহার কারাগারে ঘণ্টার পর ঘণ্টা আলোচনার পর গতকাল বৃহস্পতিবার সকালে সরকার ও হাজারের ঘনিষ্ঠজনেরা সমঝোতায় পৌঁছান। সমঝোতা অনুযায়ী গতকাল বিকেল থেকে অনশন কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রামলীলা ময়দান অনশনের জন্য প্রস্তুত না থাকায় আজ সকাল থেকে এ কর্মসূচি শুরু হচ্ছে।সরকারি দুর্নীতির বিরুদ্ধে নজরদারির জন্য প্রক্রিয়াধীন লোকপাল বিল আরও কঠোর করার দাবিতে গত মঙ্গলবার আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন আন্না। ওই কর্মসূচি শুরুর কয়েক ঘণ্টা আগে নয়াদিল্লি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাঁকে নেওয়া হয় তিহার কারাগারে। পরে কর্তৃপক্ষ তাঁকে মুক্তি দিলেও কারাগার ছাড়তে অস্বীকৃতি জানান তিনি। এরপর অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার দাবিতে অনড় থাকলে সরকার ও হাজারের মধ্যে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে হাজারের পক্ষে তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের একটি দল ও সরকারের পক্ষে নয়াদিল্লি পুলিশ কমিশনার বি কে গুপ্ত অংশ নেন।