স্বাধীনতার পর এত লাশ দেখেনি আজিমপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার পর থেকে এক দিনে এত লাশ আর দেখেননি আজিমপুর কবরস্থানের কর্মীরা। নিমতলীর মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশেষ হিসাবে ১১৭ জনের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে।গতকাল শুক্রবার রাত আটটা পর্যন্ত মোট ৪৭ জনকে দাফন করা হয়েছে। অনেক লাশ আসবে আশঙ্কা করে কবরস্থান কর্তৃপক্ষ গতকাল সকালেই ১১৬টি কবর খুঁড়ে রেখেছিল। সকাল থেকেই আজিমপুর কবরস্থান এলাকাজুড়ে ছিল শোকের ছায়া। একদিকে লাশের মিছিল, আরেক দিকে ছিল স্বজনহারানো শোকার্ত মানুষের আহাজারি। কবরস্থানের মোহরার আবদুল আজিজ জানান, আজিমপুরে প্রতিদিন গড়ে ৩০-৩৫টি লাশ কবর দেওয়া হয়। শতাধিক লোক মারা গেছেন জানার পর কর্তৃপক্ষ অতিরিক্ত কবর খুঁড়ে রেখেছিল। অন্যদিন এই কবরস্থানে গোরখোদক হিসেবে কাজ করেন ৩০ জন। গতকাল এ কাজ করেছেন ৫০ জন। দিনশেষে মোট ৬৬ জনকে কবর দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের নথি অনুযায়ী, তাদের মধ্যে নিমতলীর অগ্নিকাণ্ডে মারা গেছে ৪৪ জন। তবে গোরখোদক মোহাম্মদ ফারুকের হিসাব অনুযায়ী অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৪৭ জনকে দাফন করা হয়েছে। এদের মধ্যে তিনজনের নাম স্বজনেরা তালিকাভুক্ত না করেই চলে যান। সবাইকে দাফন করা হয়েছে কবরস্থানের উত্তর দিকের ফটকের পশ্চিম পাশ ঘেঁষে। মোহরার জানান, প্রতিটি লাশ দাফন করার জন্য সরকার নির্ধারিত ফি ২০ টাকা। তবে ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেনের নির্দেশে গতকাল ৪৭টি লাশ দাফনের জন্য তাদের স্বজনদের কাছ থেকে কর্তৃপক্ষ কোনো ফি নেয়নি। সিটি করপোরেশন কর্তৃপক্ষই তা পরিশোধ করবে।