১৩ ডিসেম্বর প্রথম আলোর উদ্যোগে ‘স্বাধীনতার ৪০ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। তাঁদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে ছাপা হলো:যাঁরা অংশ নিলেনড. আকবর আলি খান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টামেজর এম হাফিজ উদ্দিন আহমদ (অব.) বীর বিক্রম, সাবেক মন্ত্রীকে এম শিহাব উদ্দিন সাবেক রাষ্ট্রদূতলে. জেনারেল এম হারুন-অর-রশিদ (অব.) বীর প্রতীক, সাবেক সেনাপ্রধান, সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিবফরিদা বানু সাবেক অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়এস এস চাকমা সাবেক রাষ্ট্রদূতআয়েশা খানম সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদমেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (অব.) বীর বিক্রম, মুক্তিযোদ্ধানাসির উদ্দীন ইউসুফ মুক্তিযোদ্ধা ও সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোটমতিউর রহমান সম্পাদক, প্রথম আলোসঞ্চালকআব্দুল কাইয়ুম: যুগ্ম সম্পাদক, প্রথম আলোআলোচনামতিউর রহমানআমাদের সবার প্রিয় ব্যক্তি ও দেশের বিশিষ্ট নাগরিক অধ্যাপক কবীর চৌধুরী আজ মৃত্যুবরণ করেছেন। আলোচনার শুরুতেই তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। শ্রদ্ধা জ্ঞাপন করছি। দেশের স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বিজয়ের এই মাসে আজকের গোলটেবিল বৈঠকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।প্রথম আলো মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অধ্যায়ের বিভিন্ন দিক সব সময় গুরুত্ব দিয়ে প্রকাশ করে আসছে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের যুদ্ধের সময়ের জীবনচিত্র নিয়ে প্রতিদিন একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। মুক্তিযুদ্ধবিষয়ক অনেক তথ্য, অনেক নতুন বিষয় আমরা প্রকাশ করেছি, আরও করব।বর্তমানে আমরা আলোচনা করতে গিয়ে নানা হতাশার কথা বলি, কিন্তু বিগত ৪০ বছরে আমাদের অনেক বড় অর্জন রয়েছে। বিশেষ করে কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে ও পোশাক রপ্তানিতে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। নারীসমাজের অগ্রগতি, শিক্ষার হার বৃদ্ধি ও দেশে দারিদ্র্যের হার হ্রাস পাওয়া—সবকিছুই আমাদের অর্জন। দেশে প্রসূতি মায়ের মৃত্যুর হার কমে এসেছে। স্বাস্থ্যক্ষেত্রে আমাদের অগ্রগতির কথা দেশের বাইরেও বহুল আলোচিত। ড. অমর্ত্য সেনের বিভিন্ন লেখায় বাংলাদেশের অগ্রগতির কথা থাকে। তাঁর লেখায় এমনটাও পাওয়া যায়, কিছু ক্ষেত্রে ভারতের চেয়ে বাংলাদেশের অগ্রগতি বেশি হয়েছে। আমাদের ব্যর্থতা নেই, তা বলা যাবে না। বিগত ৪০ বছরে বাংলাদেশে ধনী-দরিদ্রের মধ্যে বৈষম্য বেড়েছে। আমরা চেয়েছিলাম সুস্থ ও স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা, কিন্তু বাংলাদেশে আজও তা সম্ভব হয়নি। রাজনৈতিক ক্ষেত্রে দ্বন্দ্ব ও সংঘাত বিরাজ করছে।বর্তমানে যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম চলছে। আমরা সবাই আশাবাদী, খুব শিগগির একাত্তরের অভিযুক্ত ঘাতক-দালালদের বিচার সুনিশ্চিত হবে। তারা শাস্তি পাবে। দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হয়, এমন বিচার হওয়া উচিত। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার বিষয়টিও আমাদের লক্ষ রাখতে হবে।স্বাধীনতার পর দুবার সামরিক শাসন জারি হয়েছে। সে সময় বহু অভ্যুত্থান ও হত্যাকাণ্ডের কারণে দেশের গণতন্ত্র আজও পিছিয়ে আছে। তবে গত চারটি নির্বাচন সঠিকভাবে সম্পন্ন হলেও কোনো বিরোধী দল সংসদে যেতে চায় না। তারা হরতাল দেয়, রাজপথে আন্দোলন করে। জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব হয়নি বলেই বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থান শক্ত হয়নি। কোনো নির্বাচিত সরকার দুর্নীতির ব্যাপারে কঠোর অবস্থান নেয়নি। আমাদের স্বাধীনতার চেতনা এমন ছিল না। আমরা চাই বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। সব দল অংশগ্রহণ করুক। জাতীয় ইস্যুতে সব দল এক কাতারে অবস্থান নিক। জাতি কার্যকর একটা সংসদ উপহার পাক।আমাদের কী প্রত্যাশা ছিল এবং আমরা কী পেয়েছি, সে সম্পর্কে নাসির উদ্দীন ইউসুফকে বলার জন্য অনুরোধ করছি। নাসির উদ্দীন ইউসুফএকাত্তর সালের মুক্তিযুদ্ধ ছিল গণযুদ্ধ। এটি ছিল সার্বিক মুক্তির লড়াই ও একটি মানবিক রাষ্ট্র গঠনের প্রয়াস। অর্জিত রাষ্ট্রটি মানবিক হবে, এটিই আমাদের ভাষা ছিল। বায়ান্ন থেকে একাত্তর পর্যন্ত এ দেশের সাধারণ মানুষের আশা ছিল অর্থনৈতিক মুক্তি, আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা। বাহাত্তরের সংবিধানে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। সমাজ ধর্মনিরপেক্ষ হতে পারে, কিন্তু ব্যক্তিবিশেষে এর তারতম্য দেখা দিতে পারে। এই ধর্মনিরপেক্ষতার প্রশ্নে আমরা সুস্পষ্ট অবস্থান নিতে পারিনি। বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করতে পারিনি।আমরা প্রজাতন্ত্র চেয়েছিলাম। ৩০ লাখ প্রাণ ও প্রায় দুই লাখ নারীর সম্ভ্রম বিলিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে বাঙালি হাজার বছরের মধ্যে প্রথম একটি প্রজাতন্ত্রের দেখা পেয়েছিল। কিন্তু প্রজাতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়া সম্ভব হয়নি। স্বীকৃত শাসনের ব্যবস্থা করা হলেও তাতে বিভিন্ন রকম অনাচার ছিল, দুর্নীতি ছিল, তা আমরা কেউ অস্বীকার করতে পারব না।সংবিধানের যে কবর রচিত হয়েছে পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে, সেটিই জাতির জীবনে সবচেয়ে বড় অপঘাত বলে বিবেচনা হওয়া উচিত। আমাদের সেই রক্তের দাগটি মুছতে হবে। অন্যথায় আমাদের বিপদের সম্মুখীন হতে হবে। অভ্যুত্থান করে হলেও ক্ষমতা দখলে রাখতে হবে—এমন মানসিক চেতনা বাহ্যত রাজনৈতিক দলগুলোর। রাজনৈতিক প্রক্রিয়ার দিকে দৃষ্টি দিলে তা স্পষ্ট হয়ে ওঠে। এটি সম্পূর্ণভাবে অমানবিক, অরাজনৈতিক ও প্রগতির বিরুদ্ধে একটি কাজ। এ ধরনের কাজ বাংলাদেশে ঘটেছে। ফলে এ দেশে মুসলিম মৌলবাদের উত্থান ঘটার আশঙ্কা দেখা গেছে ও ঘটেছে। এটিকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালানো হয়েছে। রাষ্ট্রধর্ম ইসলাম ও আরও এ ধরনের শব্দ জুড়ে দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার মৌলিক পরিপন্থী সংবিধান রচনা করেছি। পঁচাত্তর-পরবর্তী পর্যায়ে এসব হয়েছে। সরকার ও দলের রাজনৈতিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে আমরা সফল হব। একাত্তরের চেতনার সঙ্গে আমাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক চেতনার মিল থাকা উচিত। একাত্তরের চেতনার মধ্যেই আগামী দিনের রাজনৈতিক সম্ভাবনা নিহিত। এই পথ তৈরি করা আমাদের পক্ষে সম্ভব। এ পথ একাত্তরের চেতনার ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সব মানুষের সম-অধিকারের যে বাংলাদেশ, সেটির কথা বলবে।এম হাফিজ উদ্দিন আহমদদেশের কয়েকজন কৃতী মুক্তিযোদ্ধা আজকের আলোচনায় অংশ নিচ্ছেন। প্রথমেই তাঁদের অভিনন্দন জানাই। যুদ্ধের সময় আমাদের বয়স অনেক কম ছিল। আমরা সবাই বেশ আবেগতাড়িত ছিলাম। দেশের স্বাধীনতা ছাড়া অন্য কোনো লক্ষ্য আমাদের ছিল না। পরবর্তী সময়ে গুণীজনেরা এ লক্ষ্যের মধ্যে অনেক কিছু সংযোজন করেছেন। প্রাথমিকভাবে গণতন্ত্রই মূল লক্ষ্য ছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের। একাত্তরের আগে পূর্ণ গণতন্ত্রের স্বাদ নিতে পারেনি পূর্ব বাংলার মানুষ। এ থেকেই মুক্তিযুদ্ধের সূচনা। ২৫ মার্চের অতর্কিত হামলা ও জঘন্য হত্যাযজ্ঞের কারণে বাঙালি প্রাথমিকভাবে দুর্বল থাকলেও পরবর্তী সময়ে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে এবং ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে। কিন্তু স্বাধীনতার ৪০ বছর পরও একাত্তরের চেতনার পূর্ণ বাস্তবায়ন সম্ভব হয়নি।দেশের সামরিক বাহিনীতে আট বছর ছিলাম। ২১ বছর সাংসদও ছিলাম। সুতরাং, আমি দুদিক থেকেই দেখেছি, কীভাবে দেশে সামরিক শাসন আসে। রাজনীতিবিদেরা কীভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করেন, তার সম্যক উপলব্ধি আমার আছে। কোন ধরনের নির্দেশনা বাংলাদেশে কাজে লাগবে, তা বলা দুরূহ। আমি রাজনৈতিক পরিবারের সন্তান। ১৯৫৪ সালে আমাদের পরিবারের একজন যুক্তফ্রন্ট থেকে সাংসদ হয়েছিলেন। আমি তখন এমপি হোস্টেলে যেতাম। এর অবস্থান ছিল আজিমপুরে এবং নাম ছিল পার্টি হাউস। তত্কালীন সংসদ ছিল বর্তমানের জগন্নাথ হল। প্রথম দিন সংসদের অধিবেশন দেখতে গিয়ে লক্ষ করলাম, শেখ মুজিবুর রহমান ও মোহাম্মদ আলী প্রায় হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিলেন। আমি তখন বিদ্যালয়পড়ুয়া ছাত্র। এ অবস্থা দেখে আমি অবাক হয়েছিলাম। চাচার বয়সের শ্রদ্ধাভাজন ব্যক্তিরা কেন এমন করছেন?পরবর্তী সময়ে আমার বাবা একজন সাংসদ ছিলেন। সে সময়ও এমপি হোস্টেলে যাওয়ার সুযোগ হয়েছিল। এক কথায়, ’৫৪ সাল থেকেই সংসদের বিষয়ে আমার ধারণার জন্ম হয়। আদিকালের সাংসদেরা ছিলেন সজ্জন। তাঁরা দলমত-নির্বিশেষে একে অন্যের বন্ধু ছিলেন। অথচ বর্তমানে এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার জন্য তত্পরতা চালায়। এখন যেসব ভাষা সংসদে ব্যবহার করা হয়! একে অন্যের প্রতি জিঘাংসা চরিতার্থ করতে সাংসদেরা যেন উন্মুখ থাকেন, এমনই লক্ষ করা যায় আধুনিক সময়কালে স্বাধীন বাংলাদেশে। যে গণতন্ত্রের নামে এ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, রাজনীতিবিদেরা সেই চেতনা ধারণ করেন না। গত ২৬ বছর রাজনীতিতে থেকে আমার এমনটাই মনে হয়েছে। গণতন্ত্র শব্দটি শুধু মাইকের সামনে বলার জন্যই তাঁরা নিজেরা এটিতে বিশ্বাস করেন না। জনগণকে বুঝিয়ে ভোট সংগ্রহ করার কৌশল হিসেবে গণতন্ত্র শব্দটি ব্যবহার করা হয়। রাষ্ট্রক্ষমতায় গেলে বোঝা যায় কে কতখানি গণতান্ত্রিক। যাঁরাই ক্ষমতায় যান, তাঁরাই ইহলোকে ক্ষমতা ছাড়ার কোনো মানসিকতা রাখেন না। ‘মারি, অরি যে কৌশলে, এখানে থাকিব গদিতে পারি যে কৌশলে’—এটি প্রতিটি রাজনৈতিক দলের আপ্তবাক্য। এ ব্যাপারে সব রাজনৈতিক দল একমত। ক্ষমতায় থাকার জন্য বিরোধী দলের প্রতি নানা অন্যায় অত্যাচার করতেও সরকারি দলের কারও দ্বিধা হয় না। এমন সংস্কৃতি আমাদের মাঝে প্রবেশ করেছে, কিন্তু তা থেকে মুক্ত হতে পারব কি? একাত্তরে আমাদের প্রত্যাশা এমনটা ছিল না, কিন্তু বর্তমানের প্রাপ্তিতে এটাই মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে।দেশে গণতন্ত্র নেই। সুশাসন নেই। সুষ্ঠু নাগরিকের অধিকার নেই। আমরা মানবিক রাষ্ট্র গঠনে অপারগ। শাসকেরা আইনের সুশাসন প্রতিষ্ঠা করেন না। জনগণ বর্তমানে হতাশ। তারা রাজনৈতিক দলগুলোর হাতে জিম্মি। তারা গণতন্ত্র চর্চা করতে পারছে না। মতপ্রকাশের স্বাধীনতা পাচ্ছে না। পুলিশ নামের একটি উত্পীড়ক জনজীবনে চেপে বসেছে। প্রতিদিন সংবাদপত্রের পাতা খুললেই দেখা যায়, সাদা মাইক্রো এসে কাউকে তুলে নিয়ে গেছে। পরবর্তী সময়ে তার কোনো খোঁজ মেলে না। আমাদের প্রত্যাশা এমন ছিল না।এর পরও কিছু প্রাপ্তি আমাদের আছে। কিছুটা হলেও অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। নারীশিক্ষার হার বেড়েছে। শিশুমৃত্যুর হার কমেছে। এগুলো সবই আমাদের প্রাপ্তি। কিন্তু রাষ্ট্র পরিচালনা করার মতো দক্ষ মানুষ আমরা তৈরি করতে পারছি না। তার পরও আমাদের হতাশ হওয়া যাবে না। আমাদের জাতির মধ্যে প্রচুর সম্ভাবনা লুকিয়ে আছে। বাঙালি দুঃসাহসী এক জাতি। আমি ৮০০ মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম, যার প্রায় ৬০০ জনই ছিল গ্রামগঞ্জের আওতাভুক্ত সাধারণ যুবক। তাদের আমি রিক্রুট করেছিলাম। মাত্র ছয় সপ্তাহ প্রশিক্ষণ দিয়ে ভয়াবহ যুদ্ধের ময়দানে নামানো হয়েছিল। তারা সাহসিকতার সঙ্গে যেভাবে যুদ্ধ পরিচালনা করেছিল, তা অকল্পনীয়। দেশের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিতে তাদের এতটুকু দ্বিধা ছিল না। সুতরাং, এ দেশ থেকে নৈরাজ্য অবশ্যই দূর হবে। প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি না হয়ে অতি শিগগির তা কমে আসবে—এই আশা ব্যক্ত করে শেষ করছি। এম হারুন-অর-রশিদ১৯৭১ সাল থেকে নয়। আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে ১৯৪৮ সাল থেকে। ’৪৮ না হলে বায়ান্নর ভাষা আন্দোলন হতো না, ’৫৪-র অবতারণা হতো না। ’৫৪ না হলে ’৬২-র ছাত্র-আন্দোলন হতো না। এরপর ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন—কোনো কিছুই হতো না। কেননা, এ ধরনের প্রতিটি আন্দোলনই বাঙালি জাতিসত্তাকে জাগ্রত করেছে। শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, সব ধরনের স্বাধীনতার জন্যই ১৯৭১ সালে বাঙালিরা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা যাঁরা মুক্তিযুদ্ধের সময় সামনের দিকে অবস্থান করেছিলাম, তখন রাজনীতিকে খুব গভীরভাবে উপলব্ধি করার সুযোগ হয়নি। বয়সে আমরা ছিলাম তরুণ। যুদ্ধকালীন যে ফ্রন্ট গঠন করা হয়েছিল, সেখানে যুক্ত ছিলাম। তাই পেছনে কী হয়েছে, তা খুব একটা বুঝতে পারিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝলাম, মুক্তিযুদ্ধ কী ছিল, কেন হয়েছিল এবং কারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল।আমরা মুক্তিযুদ্ধের প্রত্যাশা দলিল আকারে পেয়েছিলাম ১৯৭২ সালের সংবিধান রচনার মাধ্যমে। আমার মনে হয়, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা দলিল ছিল। কিন্তু মাত্র তিন বছর পরে ১৯৭৫ সালে এই দলিলে পরিবর্তন আনা হয়েছিল। পরবর্তী সময়ে আরও অনেকবার এর পরিবর্তন ও পরিমার্জন করা হয়েছে। ফলে যে শক্তিকে আমরা পরাজিত করেছিলাম, সে শক্তির চেতনায় উজ্জীবিত হওয়ার চেষ্টা করেছে অনেকে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ইউরোপে নািস পার্টি আজও রাজনীতি করতে পারছে না। অথচ পঁচাত্তর-পরবর্তী সময়ে বহুদলীয় গণতন্ত্র গঠনের নামে একাত্তরের পরাজিত শক্তিকে আমরা আবার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিলাম। তাদের ক্ষমতার অংশীদার বানালাম। যে শাহ আজিজ অক্টোবর মাসে জাতিসংঘে গিয়ে বললেন, বাংলাদেশ বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। শুধু বর্ডার এলাকাতে কয়েকজন এসে কিছু গুলি ছুড়ে পালিয়ে গিয়েছিল। সেই শাহ আজিজ মাত্র পাঁচ বছরের ব্যবধানে বাংলাদেশ সরকারের প্রধান হয়েছেন এবং বাংলাদেশের পতাকা উড়িয়েছেন। সেখান থেকেই বুঝতে পারি, আমাদের প্রাপ্তিটা কোন দিকে যাচ্ছিল। আমাদের প্রত্যাশা কী ছিল আর প্রাপ্তি কোথায় গিয়ে অবস্থান নিল। জাতির জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার।অনেকেই সেনাবাহিনীকে দোষারোপ করে থাকে। ১৯৭৫ থেকে ১৯৮১—এ সময়ের মধ্যে ১৯ বার ক্যু হয়েছে। ২০তম ক্যুতে জেনারেল জিয়া প্রাণ দেন। অথচ গণতান্ত্রিক দলগুলোর কজন লোকের ফাঁসি হয়েছে সেই সময়ে? জেনারেল জিয়া মারা যাওয়ার পরও সেনাবাহিনী ক্ষমতা দখল করেনি। পরবর্তী সময়ে আমাদের কিছু ব্যর্থতার চিত্র দেখা গেছে। কিন্তু স্বাধীনতার মূল চেতনা থেকে অনেকটা দূরে চলে যাওয়ার কারণে আমাদের মধ্যে সামাজিক কিছু পরিবর্তন এসেছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে সন্ত্রাসের আবির্ভাব ও মৌলবাদের উত্থান।মাত্র কয়েক বছর আগে বাংলা ভাই নামের কুখ্যাত ব্যক্তিটি যখন একের পর এক হত্যাযজ্ঞ ঘটিয়ে চলেছিলেন, সেই সময় মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে সংসদনেত্রী বলেছিলেন, বাংলা ভাই বলে কিছু নেই। ওটা গণমাধ্যমের সৃষ্টি। সুতরাং, আমাদের প্রাপ্তি কোন অবস্থানে পৌঁছেছে, তা সবার কাছেই আজ স্পষ্ট।স্বাধীনতাযুদ্ধে ৩০ লাখ মানুষ জীবন দিয়েছেন। প্রায় সাড়ে চার লাখ মা-বোন অপমানিত হয়েছেন। প্রায় এক কোটি বাঙালি বাংলাদেশ ত্যাগে বাধ্য হয়েছিল। বাকি সাড়ে ছয় কোটি বাঙালি নিজের বাড়িতে হোক আর অন্যের বাড়িতে হোক, সবাই অবরুদ্ধ ছিল। পাকিস্তানি বর্বরতার চিত্র ও শহীদদের ত্যাগের চিত্র মাত্র পাঁচ বছরের ব্যবধানে জাতি কীভাবে ভোলে, তা আমার জানা নেই।তত্কালীন সময়ে চট্টগ্রামে গভর্নর মোনায়েম খান সফরে গিয়েছিলেন। আমরা স্কুলছাত্ররা তাঁর গাড়িতে জুতা ছুড়ে মেরেছিলাম। অথচ নিজামী-মুজাহিদ যখন পুরো পাঁচটি বছর দাপটের সঙ্গে ঘুরে বেড়ালেন, তখন তো কোনো মুক্তিযোদ্ধা তাঁদের জুতা মারেননি। দেশের বড় মুক্তিযোদ্ধা বলে যাঁরা নিজেদের দাবি করেন, এমন ব্যক্তিরাই তাঁদের সম্মান করেছেন, তাঁদের ফুলেল শুভেচ্ছা দিয়েছেন। তাঁদের প্রতিষ্ঠিত করেছেন। এ কথা সত্য না হলে হুসেইন মুহম্মদ এরশাদের মতো মানুষ মুক্তিযোদ্ধা সংসদের পৃষ্ঠপোষক হতে পারেন না। মুক্তিযোদ্ধারাই এ সুযোগ করে দিয়েছেন। সেই থেকে মুক্তিযোদ্ধা সংসদ অকার্যকর সংসদে পরিণত হয়েছে। সুতরাং, আমাদের প্রাপ্তিগুলো হয়েছে সব বৈষয়িক, নৈতিক দিক থেকে আমাদের কোনো অর্জন নেই। নৈতিকভাবে আমরা পরাজিত।নাসির উদ্দীন ইউসুফআমি এখনো মনে করি, গণতান্ত্রিক প্রক্রিয়া ও অর্থনৈতিক মুক্তির জন্যই দেশ স্বাধীন হয়। শুধু যুদ্ধই কোনো নিয়ামক নয় বাংলাদেশের পুনর্গঠনের ক্ষেত্রে। যুদ্ধের পূর্ববর্তী ও পরবর্তী সময় পর্যালোচনা করলে দেখা যায়, জনগণের রায়ে নির্বাচিত হয়ে কোনো সরকার যখন কার্যকর ভূমিকা রাখতে শুরু করে, ঠিক তখনই ষড়যন্ত্রগুলো করা হয় এবং কার্যক্রম তার গতিশীলতা হারায়।মেজর হাফিজ বঙ্গবন্ধু শেখ মুজিব ও মোহাম্মদ আলীর হাতাহাতির কথা বলেছেন। এটা কিন্তু গণতন্ত্রের একটা মাধ্যম। তিন মাস আগে ভারতীয় সংসদেও এমন ঘটনার অবতারণা হয়েছে। এ অবস্থা থেকে এখনই আমরা বের হয়ে আসতে পারব না। কোনো কোনো দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ৩০০-৪০০ বছর সময় লেগেছে। আমি মনে করি, আইনের শাসন প্রতিষ্ঠা করা খুব জরুরি। বর্তমান তরুণসমাজ আইনের শাসন পেলে খুব দ্রুত তারা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে। সব উপাদান আমাদের আছে, প্রয়োজন শুধু বাস্তবায়ন। আমাদের সমাজ ধর্মনিরপেক্ষ ও সহনশীল। সুতরাং, আমাদের জনগোষ্ঠী ধন্যবাদ পাওয়ার যোগ্য।বর্তমানে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, তা বাস্তবায়িত হলে অনেক কিছু করা সম্ভব হবে। আসামিপক্ষের আইনজীবী থাকতে পারেন তাঁর মক্কেলের বয়ান চলাকালে, এমনকি তদন্ত কমিশনের সামনেও উপস্থিত থাকতে পারেন—এ নজির পৃথিবীর খুব কম দেশেই লক্ষ করা যায়। সুতরাং, এ কার্যক্রম স্বচ্ছ, তা নির্দ্বিধায় বলা যায়। আরেকটি বড় দিক হলো আপিল করার সুযোগ থাকছে।কে এম শিহাব উদ্দিনএকাত্তরে আমাদের চোখজুড়ে ছিল এমন এক স্বাধীন বাংলাদেশের স্বপ্ন, যেখানে স্বাধীনতা পরিপূর্ণ অর্থেই বিকশিত ও অর্থবহ হয়ে উঠবে বাংলাদেশের জীবনের প্রতিটি ক্ষেত্রে। আমাদের স্বপ্ন ছিল বাংলাদেশ হবে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশ, যেখানে চিন্তা ও মতের স্বাধীনতা প্রকাশের অধিকার থাকবে অবারিত। জনগণ গণতান্ত্রিকভাবে তাদের প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে, সেখানে দেশবাসী একনায়কত্ব বা সামরিক অপশাসনের জাঁতাকলে নিষ্পেষিত হবে না, যে বাংলাদেশে সুশাসন নিশ্চিত করবে সামাজিক সমৃদ্ধি, সবার জন্য আর্থসামাজিক সুবিধাবলি এবং একটি দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা। আমরা অত্যন্ত স্বাভাবিকভাবেই স্বপ্ন দেখেছিলাম এমন এক রাষ্ট্রের, যার মূল অঙ্গ-প্রশাসন, বিচারব্যবস্থা ও সংসদ স্বাধীন ও কার্যকরভাবে তাদের ভূমিকা পালন করে যেতে পারবে অনভিপ্রেত হস্তক্ষেপ ছাড়াই। বিশ্বসমাজে আমরা বাংলাদেশকে দেখতে চেয়েছি এক মর্যাদাশীল দেশ হিসেবে।স্বাধীনতার ৪০ বছর পর যখন ভাবি, তখন মনে হয়, স্বাধীনতা বাংলাদেশের জন্য অনেক অর্জনই বয়ে এনেছে। স্বাধীনতা-উত্তর অর্থনৈতিকভাবে বিধ্বস্ত বাংলাদেশকে আমরা শত প্রতিকূলতার মধ্যেও পুনর্গঠনে সক্ষম হয়েছি। আমাদের জনসংখ্যা বেড়েছে অনেক। কিন্তু সংগ্রামী বাঙালি তার শ্রম ও কষ্টের মাধ্যমে বাংলাদেশের খাদ্য উত্পাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ ব্যাপারে প্রায় আমরা স্বাবলম্বী হয়ে উঠেছি। জাতীয় উত্পাদনে আমাদের শিল্প ও সেবা খাত উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। তা ছাড়া বাংলাদেশে শিক্ষার প্রসার হয়েছে অনেক, নারীর ক্ষমতায়নের ব্যাপারে আমাদের অর্জন উল্লেখযোগ্য, মানব উন্নয়নসূচকে আমরা অনেক এগিয়ে আছি আমাদের পাশের দেশগুলো থেকে। তা ছাড়া বাংলাদেশে সরকারের বাইরেও সামাজিক পর্যায়ে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে আর্থসামাজিক উন্নয়নের জন্য, তা সারা বিশ্বের নজর কেড়েছে। বিদেশে রাষ্ট্রদূত হিসেবে আরও দেখেছি, সবাই কীভাবে বাংলাদেশের দুর্যোগ প্রতিরোধব্যবস্থা ও বিশ্বের বিভিন্ন স্থানে বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করে থাকে।তবে এসব অর্জনের বিপরীতে স্বাধীন বাংলাদেশের আরও অনেক অর্জন ও প্রাপ্তি সম্ভব ছিল, যা অর্জিত হয়নি এবং যা দেশবাসীর মতো আমাকেও বিষণ্ন করে তোলে। বাংলাদেশের রাজনীতিতে পরমতসহিষ্ণুতার অভাব। সংঘাতসংকুল আচার-আচরণ ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে পরিপূর্ণভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারাটা আমাদের জন্য এক বিরাট ব্যর্থতা। এ ব্যর্থতার জন্য আমাদের সবার চিন্তিত হওয়া উচিত।অনেক বছর ধরে দুর্নীতি রোধে আমাদের অক্ষমতাও আমাদের জন্য এক বিরাট চিন্তার কারণ। আমার মাঝেমধ্যে মনে হয়, আমরা ব্যক্তিস্বার্থ ও দলীয় স্বার্থকে বড় করে দেখায় আমাদের জাতীয় স্বার্থ ব্যাহত হচ্ছে অমার্জনীয়ভাবে। এখন সমাজের দাবি, আমাদের সংঘাতের পথ পরিহার করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে সবাইকে। আমরা এবং আরও হাজারো-লাখো দেশবাসী যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, আমাদের জীবনের শ্রেষ্ঠতম সময় উত্সর্গ করেছি, তাদের জন্য এ ইতিবাচক পরিবর্তন হবে আমাদের অসমাপ্ত স্বপ্নপূরণের প্রক্রিয়ায় এক বিরাট অর্জন। ক্রসফায়ারের মাধ্যমে যে হত্যাকাণ্ড হয়েছে, এমন আইনবহির্ভূত কাজ বাংলাদেশের ভাবমূর্তিতে অনেক বিরূপ প্রভাব ফেলেছে। এ ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে।আয়েশা খানমআমি প্রথম আলোকে ধন্যবাদ জানাই। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ নিয়ে প্রথম আলো প্রচার ও প্রকাশনা করছে। ভবিষ্যতেও এ নীতিতে প্রথম আলো কাজ করবে—এমন প্রত্যাশা রইল। বিজয়ের মাসে সব শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।১০ বছর ধরে স্বাধীনতার মূল্যবোধ নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। আমরা তরুণ প্রজন্মের চিন্তাচেতনার কথা জেনেছি। তাদের প্রত্যাশার কথা জেনেছি, আক্ষেপের কথা জেনেছি। দেশের জনসাধারণের আক্ষেপের কথাও আমরা জেনেছি। বর্তমানে সব সমাজেই মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা ও চর্চা হচ্ছে। গণতান্ত্রিক এ দেশে এটাও আমাদের প্রাপ্তির অংশ। এ ছাড়া আমাদের আরও অনেক অর্জন আছে।অর্জনের পাশাপাশি আমাদের দেশে আবার পরস্পরবিরোধী চিত্র বিদ্যমান। এর মাঝেও অর্জনের যাত্রা থেমে নেই। বর্তমানে বাংলাদেশের নারীরা শুধু কর্মক্ষেত্রেই নয়, ক্রীড়াঙ্গনেও বিশেষ ভূমিকা পালন করছে। বাংলাদেশের প্রমীলা ক্রিকেট দল ইতিমধ্যেই ওয়ানডে স্ট্যাটাস অর্জন করেছে। তারা দেশের পতাকা নিয়ে যেভাবে সামনের দিকে ছুটে চলেছে, তা দেখেই বোঝা যায়, আমাদের সামাজিক অনেক অগ্রগতি হয়েছে। পাশাপাশি সামাজিক বিপর্যয়ের চিত্রও লক্ষ করা যায়। ১০ মাসে ৫৪টি ফতোয়া জারি করা হয়েছে। নারীর প্রতি সহিংস আচরণের সংখ্যা প্রায় ৭০০। ধর্ষণের ঘটনা ঘটেছে প্রায় ৬০০। সুতরাং, আমরা একসঙ্গে দুটি বাংলাদেশের চিত্র দেখছি।পঁচাত্তর-পরবর্তী সময়ে দেশের জনগণ বিভিন্ন সময় ভোট দিয়ে সরকার নির্বাচন করেছে। এর মূল উদ্দেশ্য ছিল যুদ্ধাপরাধীদের বিচার ও স্বাধীনতার চেতনার বাস্তবায়ন। আমাদের দেশে শিক্ষানীতি তৈরি হলো অল্প কিছুদিন আগে। এমন নাজুক অবস্থার মধ্যেও বর্তমানের তরুণসমাজ যে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে সোচ্চার, এটা আমাদের ইতিবাচক একটা অর্জন।বর্তমানের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে জনমনে আশঙ্কা দেখা দিয়েছে। আমরা ইউরোপের ইতিহাস থেকে জেনেছি, স্থিতিশীল রাজনীতি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বেশ সময় লাগবে। কিন্তু আমাদের লক্ষ রাখতে হবে, দেশের রাজনৈতিক পরিস্থিতির গতিটা কোন দিকে যাচ্ছে। আমরা তিন-চারটি নির্বাচন করেছি। সূক্ষ্ম কারচুপির কথা উল্লেখ করে একপক্ষ বিরোধী দলে অবস্থান নিয়েছে এবং অন্য পক্ষ ক্ষমতায় বসেছে। স্বাধীনতার মূল লক্ষ্য থেকে দূরে সরে গিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করেছি। এসব কার্যক্রমের অধিকাংশ দেশের উন্নয়নের পরিবর্তে দলীয় উন্নয়নের স্বার্থে পরিচালিত হয়েছে।নারীর ক্ষমতায়নের জন্য জাতিসংঘ আমাদের প্রশংসাপত্র দিয়েছে। এটা আমাদের অর্জন। কিন্তু এ ধরনের অর্জনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ও রাষ্ট্রের ভূমিকা কতখানি, তা বিবেচনা করতে হবে। দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রচর্চার ক্ষেত্রে কে বা কারা কতটুকু ভূমিকা রাখছে, সে বিষয়ে আমার উদ্বেগ রয়েছে। আমরা কিছু আইনের বিষয়ে, কিছু নীতির বিষয়ে অনেক প্রগতিশীল সিদ্ধান্ত নিতে পেরেছি। এটি বাংলাদেশের বিশাল অর্জন। কিন্তু সমাজের মানুষের মানসিকতায় কতটুকু এর প্রভাব পড়েছে, সে বিষয়ে আমি উদ্বিগ্ন। নারীর অধিকার নিয়ে কাজ করতে গেলে এখনো অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে প্রক্রিয়াগত শক্ত ভিত্তি স্থাপন করা সম্ভব হয়নি। রাজনীতির মূলধারায় আমাদের অবস্থান কতটুকু শক্ত, তা বিবেচনা করতে হবে।কিছু বিষয়ে আমাদের সমাজে ঐক্য গড়ে ওঠে। অথচ নারীর ইস্যুতে আমাদের সমাজ এখনো সহজে মতৈক্য পোষণ করে না। সংসদে এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্ব বাড়ানোর ক্ষেত্রে কোনো দলই অগ্রণী ভূমিকা পালন করতে চায় না। সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হওয়ার ব্যবস্থাপনা কেন আমরা করতে পারি না? এ ক্ষেত্রে আমাদের অনেক দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা রয়েছে। মন্ত্রিপরিষদ গঠনের ক্ষেত্রে এক-তৃতীয়াংশ নারীর আসন নিশ্চিতকরণের পদক্ষেপ আজও আমরা নিতে পারিনি। এমন কোনো নীতি নির্ধারণ করা হয়নি যে নির্বাচিত সব সরকার নারীদের ক্ষেত্রে একই নীতিতে বিশ্বাসী হবে। সুতরাং, আমরা পিছিয়ে নেই—এটাও বলতে পারব না।এস এস চাকমামুক্তিযুদ্ধে পার্বত্য অঞ্চলের মানুষও যে অবদান রেখেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার মতে, সাতই মার্চের পর থেকেই আসল যুদ্ধ শুরু হয়ে যায়। আমি তখন চট্টগ্রামে ছিলাম। ২৬-২৯ তারিখ পর্যন্ত সেখানে প্রচণ্ড যুদ্ধ হয়। ৩০ তারিখ পাকিস্তানি বাহিনী প্রায় পুরো চট্টগ্রাম নিজের দখলে নেয়। এ সময় রাঙামাটির তত্কালীন রাজা পাকিস্তানিদের সমর্থন নেয়। আমি তাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেছিলাম, তার এ সমর্থনের কারণ। তিনি বলেছিলেন, পাকিস্তানিদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীন আছে। সুতরাং, বাঙালিরা এ যুদ্ধে জয় পাবে না। কিন্তু তাঁদের সেসব চিন্তা ছিল সম্পূর্ণ ভুল। একাত্তরে আদিবাসীরা বিচ্ছিন্নভাবে যার যার অবস্থান থেকে মুক্তিযুদ্ধে অবদান রেখেছে। বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা দিয়েছে। মং রাজার যে অবদান, আদিবাসী মংরা যে মুক্তিযুদ্ধ করেছে, তা ইতিহাসে উঠে আসেনি।ড. আকবর আলি খানআমরা যদি বাংলাদেশের গত ৪০ বছরের ইতিহাস পর্যালোচনা করি, তাহলে দুটি সিদ্ধান্তে উপনীত হব। একটি সিদ্ধান্ত হলো, ১৯৭১ সালে যা অসম্ভব বলে প্রতীয়মান হয়েছিল, সেটাকে আমরা সম্ভব করেছি। আর দ্বিতীয়টি হলো, ১৯৭১ সালে যেটা সম্ভব বলে মনে হয়েছিল, সেটাকে আমরা অসম্ভব করে তুলেছি। এখন যদি সেই অসম্ভবকে সম্ভব করার ইতিহাস বলি—বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কথা, সামাজিক অর্জনের কথা—এগুলো বলা হয়েছে। শুধু একটি তথ্য আপনাদের বলতে চাই, গত ৪০ বছরে বাংলাদেশের মাথাপিছু আয়ের যে দ্রুত প্রবৃদ্ধি হয়েছে, বাংলাদেশের ইতিহাসে কখনো মাথাপিছু আয় এত বাড়েনি। কমেছে ব্রিটিশ শাসন যখন প্রতিষ্ঠিত হয়। তারপর অতি দ্রুত মাথাপিছু আয় কমেছে কিন্তু মাথাপিছু আয় দ্বিগুণেরও বেশি হয়ে যাওয়ার মতো অসাধারণ ঘটনা বিগত ৩০ বছরে বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি।আমরা ১৯৭১ সালে যখন স্বাধীনতা অর্জন করি, তখন বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীল ছিলাম। ১৯৭২ সালে আমরা যা আমদানি করেছি, তার ৭০ শতাংশ অর্থ আসত বৈদেশিক সাহায্য থেকে। এখন বৈদেশিক সাহায্য আমাদের আমদানির মাত্র ছয় শতাংশ। সুতরাং, এ থেকে বোঝা যায়, কত ব্যাপক অগ্রগতি হয়েছে। খাদ্য উত্পাদন তিন গুণ হয়েছে স্বাধীনতা অর্জনের পর, যা ১৯৭১ সালে অসম্ভব বিবেচিত ছিল।অন্যদিকে একটি বিষয় সম্ভব বলে বিবেচিত ছিল। সেটা হলো, রাজনৈতিক দিক থেকে যে আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আবির্ভূত হয়েছিলাম, সেই ধারা অব্যাহত রাখা। বাঙালি জাতির মতো সমরূপ জাতি পৃথিবীতে দু-একটি আছে কি না সন্দেহ আছে; যেখানে ৯৮ শতাংশের বেশি লোক একই ভাষায় কথা বলে। এমনকি প্রায় ৯৮ শতাংশ একই জনগোষ্ঠীর লোক। যদি ধর্মের দিক থেকে দেখি, প্রায় ৮৯ শতাংশ লোক এক ধর্মে বিশ্বাস করে। এ ধরনের বন্ধনগুলো অত্যন্ত দৃঢ়। আশা করা হয়েছিল, এর ফলে রাজনৈতিক ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। অথচ ঘটল তা-ই। সমস্যা হলো, রাজনীতির ক্ষেত্রে আর সমস্যা দূর করতে পারিনি। তবু অর্থনীতিতে অগ্রগতি সাধিত হয়েছে। এখন প্রশ্ন হলো, আমাদের যে গত চার দশকের অভিজ্ঞতা, এটা আমরা পুনরাবৃত্তি করতে পারব কি না? অনেকে মনে করেন, অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের যে অর্জন, সেই অর্জন আমাদের আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমার মনে হয়, দু-একটি কারণে সেই যাত্রা হয়তো অব্যাহত থাকবে না।একটা উদাহরণ দিচ্ছি মানব উন্নয়ন সূচক নিয়ে। ১৯৯০ সালে যখন মানব উন্নয়ন সূচক প্রবর্তন করা হয়, তখন রাষ্ট্রগুলোকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়: ১. অতি উচ্চ শ্রেণীর মানব উন্নয়ন, ২. উচ্চ শ্রেণীর মানব উন্নয়ন, ৩. মধ্যম শ্রেণীর মানব উন্নয়ন এবং ৪. নিম্ন পর্যায়ের মানব উন্নয়ন। ১৯৯০-২০০২ সাল পর্যন্ত বাংলাদেশকে নিম্ন পর্যায়ের মানব উন্নয়নে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং ২০০৩ সালে প্রথম মধ্যম শ্রেণীতে উপনীত হয়। দুর্ভাগ্যক্রমে আমরা ২০১০ সালে আবার নিম্ন পর্যায়ে নেমে এসেছি, যা ২০১১ সালেও অব্যাহত আছে। এখানে একটা মজার ব্যাপার হলো, আমরা যে উন্নয়ন করিনি তা নয়, অন্যান্য দেশ আমাদের চেয়ে বেশি উন্নয়ন করেছে। এই উদাহরণ থেকে দেখা যায়, অর্থনৈতিক ক্ষেত্রে যে প্রবৃদ্ধির কথা আমরা বলছি এবং সামাজিক ক্ষেত্রে যে উন্নয়নের কথা বলছি, এটা আমরা ধরে রাখতে পারব কি না, এ ব্যাপারে সন্দেহ আছে।এই অগ্রগতি ধরে রাখার সঙ্গে সুশাসনের একটা সম্পর্ক আছে। বাংলাদেশ নিয়ে বলা হয়, বাংলাদেশের অর্থনৈতিক অর্জন আর সুশাসন একটা প্রহেলিকা। কারণ, এখানে সুশাসনের অবনতি সত্ত্বেও অর্থনৈতিক উন্নতি সম্ভব হয়েছে। এটা কীভাবে সম্ভব হয়েছে, তা নিয়ে পণ্ডিতদের বিভিন্ন মত আছে, যা পর্যালোচনা করলে দেখা যায়, কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। একটি হলো, যখন কোনো একটা দেশ অর্থনৈতিক অর্জনের সর্বনিম্ন পর্যায়ে থাকে, তখন সুশাসনের ঘাটতি সত্ত্বেও তার অর্থনৈতিক উন্নয়ন কিছুটা সম্ভব হয়; যখন ওই দেশটি আরও সামনে এগিয়ে আসে, তখন ওই দেশের পক্ষে সুশাসন নিশ্চিত না করলে উন্নয়ন ধরে রাখা সম্ভব হয় না। সুতরাং, আমরা এমন এক পর্যায়ে উপনীত হচ্ছি, যখন আগামী দিনের অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে হলে সুশাসন প্রধান বিষয় হয়ে দাঁড়াবে।আমরা যখন অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলি, আসলে সেটা কী, তা আমাদের বুঝতে হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির দুটি দিক রয়েছে। একটা হলো পরিমাণগত, আরেকটা হলো গুণগত। আমরা যখন বলি দুই শতাংশ, চার শতাংশ, এটা হলো পরিমাণগত। আর গুণগত প্রবৃদ্ধি হলো এই প্রবৃদ্ধি কার কাছে পৌঁছাচ্ছে, গণমানুষের কল্যাণে এটা লাগছে কি না এবং সেই গুণগত প্রবৃদ্ধির কথা যদি বলি, তাহলে কবিগুরুর কথায় বলতে হবে, ‘আমার ভুবন এখন দুঃস্বপনের তলে’। বাংলাদেশেরও গরিব মানুষের ভুবন দুঃস্বপনের তলে তলিয়ে গেছে। এখানে মানুষের অধিকার আমরা নিশ্চিত করতে পারিনি। এর ফলে অর্থনীতির সাফল্যের ফসল গণমানুষের কাছে নেওয়া সম্ভব হয়নি। সুশাসনের জন্য আমাদের দেশে যা প্রয়োজন, তা হলো আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা, যেটা মুক্তিযুদ্ধের চেতনার অবিচ্ছেদ্য অংশ।গ্রিসের গণতন্ত্র নিয়ে পেরিকিল্স বলেছিলেন, ‘গণতন্ত্র সম্পর্কে সারা বিশ্বের এথেন্সের কাছ থেকে শেখার আছে, আর এথেন্সের বিশ্বের কাছ থেকে শেখার কিছু নেই।’ আজকে যদি পেরিকিল্সকে বাংলাদেশে আনা হয়, তিনি হয়তো বলবেন, ‘সারা বিশ্ব থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে, কিন্তু বাংলাদেশের কাছ থেকে গণতন্ত্র সম্পর্কে কিছু শেখার নেই।’ গণতন্ত্র নিয়ে তিনি চারটি উপাদানের কথা বলেছেন, যেটা গণতন্ত্রের জন্য অপরিহার্য। এই চারটি উপাদানের দুটি উপাদান উন্নত গণতান্ত্রিক দেশগুলোও পুরোপুরি অর্জন করতে পারেনি। কিন্তু আমরা ওই দুটিও অর্জন করতে পারিনি। সেই চারটি হলো—প্রথম উপাদান, গণতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থা যেখানে সব মানুষের শাসনব্যবস্থার মাঝে অধিকার আছে, তাদের বক্তব্য আছে। এটার জন্য যেটা দরকার সেটা হলো, প্রত্যক্ষ গণতন্ত্র, সব মানুষের বলার অধিকার থাকতে হবে সেটা। আমরা এই প্রত্যক্ষ গণতন্ত্রের বদলে পরোক্ষ গণতন্ত্র কায়েম করেছি। পরোক্ষ গণতন্ত্র হলো, আমি জনপ্রতিনিধিদের নির্বাচন করে দিই এবং জনপ্রতিনিধিরা আমার প্রতিনিধিত্ব করেন। সেভাবে আমার প্রতিনিধিত্ব হয়। কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে, যে দলই নির্বাচিত হয়, তারা ভাবে, আমরা পাঁচ বছরের জন্য মৌরসি পাট্টা নিয়ে এসেছি, আমরা যা খুশি করতে পারি, জনগণের মতামত গ্রহণের কোনো প্রয়োজন নেই। পৃথিবীর কোনো কোনো দেশে এটার জন্য যেটা করা হয়েছে, সেটা হলো যে রেফারেন্ডাম, রিকল্ড। এ ধরনের ব্যবস্থা শাসনতন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে এ ধরনের ব্যবস্থা আছে। আমাদের দেশে নেই। এটা না হলে জনগণের যে সার্বভৌমত্ব, সেটা মুষ্টিমেয় কিছু লোকের সার্বভৌমত্বে পরিণত হয়।এর সঙ্গে বাংলাদেশের আরও একটা সমস্যা হলো, বাংলাদেশের মতো কেন্দ্রীভূত শাসনব্যবস্থা পৃথিবীর কম দেশেই আছে এবং সেই কেন্দ্রীভূত শাসনব্যবস্থায় যদি জনসাধারণের বক্তব্য প্রকাশের সুযোগ না থাকে, তাহলে সেই গণতন্ত্র অর্থবহ হতে পারে না। দ্বিতীয়ত, পেরিকিল্স বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থা হলো সেই ব্যবস্থা, যে ব্যবস্থায় গরিব মানুষেরও অংশগ্রহণ করার সুযোগ থাকে। বেশির ভাগ গণতান্ত্রিক দেশেই কালোটাকার খেলা আমরা দেখতে পাচ্ছি, সেটা বাংলাদেশেই হোক আর বাংলাদেশের বাইরেই হোক। পৃথিবীতে যেসব দেশে কালোটাকার দৌরাত্ম্য কম, সেটি হলো স্ক্যান্ডিনেভিয়ান দেশ। সেখানে দৌরাত্ম্য কম হওয়ার কারণ এই নয়, আইন করা হয়েছে; রাজনৈতিক দলগুলো কালোটাকা গ্রহণ করতে রাজি হয় না। সুতরাং, যেখানে রাজনৈতিক দলগুলো সঠিকভাবে পরিচালিত হয়, সেখানে কালোটাকার দৌরাত্ম্য কমানো সম্ভব।তৃতীয়ত, পেরিকিল্স যেটা বলেছেন, সেটা হলো, ‘রাষ্ট্র যোগ্যতম ব্যক্তিদের দ্বারা পরিচালিত হতে হবে।’ এখানে কিন্তু আমরা মার খেয়ে গেছি। কারণ, আমাদের দেশ সম্পর্কে বলে থাকি অর্থনীতিবিদ গ্রেশামসের তত্ত্ব কাজ করছে। তিনি বলতেন, ‘খারাপ টাকা ভালো টাকাকে তাড়িয়ে বেড়ায়।’ আর বাংলাদেশে যেটা হয়েছে, ‘খারাপ লোক ভালো লোকদের তাড়িয়ে বেড়াচ্ছে।’ কীভাবে ভালো লোক নির্বাচন করা হবে, তারও কোনো বিধান আমরা জানি না। বেশির ভাগ সাংবিধানিক পদেও। আমরা জানি না, কীভাবে প্রধান নির্বাচন কমিশনার পদে ভালো লোক নির্বাচন করা হবে। এই পরিস্থিতিতে তাদের মূল্যায়নেরও কোনো ব্যবস্থা নেই। এ ধরনের শাসনব্যবস্থায় কোনো দিন সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় এবং গণতন্ত্রের যে শিকড়, সেটাও কখনো গজাতে পারবে না।সবশেষে পেরিকিল্স যেটা বলেছেন, সেটা হলো—গণতন্ত্রের জন্য সহনশীলতা, পরমতের প্রতি শ্রদ্ধাশীলতা। দুর্ভাগ্যবশত এ জিনিসটি আমাদের রাজনীতিতে প্রায় অনুপস্থিত হয়ে গেছে। এখানে রাজনৈতিক দলগুলো একে অপরকে বিশ্বাস করে না, একে অপরের প্রতি শ্রদ্ধা নেই এবং এ ধরনের পরিস্থিতিতে আমাদের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের শুধু খোলসটাই আছে। বাংলাদেশের গণতন্ত্র হলো ডেনমার্কের রাজপুত্রবিহীন হ্যামলেট নাটকের মতো। এর খোলস আছে, এর ভেতরে কোনো প্রাণ নেই। এই প্রাণ যত দিন না পর্যন্ত আমরা সঞ্চার করতে পারব, তত দিন পর্যন্ত সুশাসন নিশ্চিত করতে পারব না। আর যতক্ষণ পর্যন্ত সুশাসন নিশ্চিত না করতে পারব, ততক্ষণ পর্যন্ত যে অসম্ভবকে সম্ভব করেছি, সেটাকেও কতটুকু ধরে রাখতে পারব, সে ব্যাপারেও সন্দেহ আছে।ফরিদা বানুঅনেক বিষয়ে আলোচনা শুনলাম। সবাই আমরা একটি বিষয়ে একমত যে ৪০ বছরে আমাদের অর্জন নেহাত তুচ্ছ নয়। আমি স্বাধীন বাংলাদেশে ৪০ বছর অবস্থান করে নিজেকে একজন গর্বিত নাগরিক হিসেবে অনুভব করছি। আমি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে শুধু একদিকে একটু দৃষ্টিপাত করব। সামনে আমরা ষোলোই ডিসেম্বর, বিজয় দিবস পালন করতে যাচ্ছি এবং কয়েক দিন ধরে আমার মনে পড়ছে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের কথা। আমি সেদিনের কিছু কথা বলে আমার প্রত্যাশাকে একটি দাবিতে পেশ করব। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা আশ্রয় নিয়েছিলাম আমাদের এক বন্ধুর বাড়িতে, ওয়ারীতে। আশ্রয় নিয়েছিলাম মানে, ভাইয়ের বাড়িতে ভাইকে হারিয়ে ১৫ তারিখে ওখানে উঠি। ১৬ তারিখ থেকে শুরু হলো রাস্তায় রাস্তায় মুক্তিযোদ্ধাদের মিছিল, জয় বাংলা স্লোগান এবং উল্লাস ও আনন্দের প্রকাশ। কিন্তু সে বাড়িতে আমরা আমাদের পরিবারের যে কজন অবস্থান করছিলাম, সে বিজয় দিবসের আনন্দে আমরা যোগ দিতে পারিনি। কারণ, আমরা তখন জানতাম না আমার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক, উনি সেই মুহূর্তে কোথায় আছেন, কেমন আছেন। ১৪ তারিখে মুহসীন হলের হাউস টিউটরের বাসা থেকে আলবদর বাহিনী তাঁকে ধরে নিয়ে গিয়েছিল এবং তাঁকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে ভারতের বিমানবাহিনীর আক্রমণ শুরু হয়েছিল।আমাদের পাশের বাড়ির এক অধ্যাপক বলেছিলেন যে এমন ফেরেশতার মতো একজন মানুষকে ধরে নিয়ে গেল, সেই কারণে আমাদের ওপর আল্লাহর আজাব নেমে এসেছে। সেই বাড়িতে আমরা আরও দুই দিন অবস্থান করেছিলাম এবং ভাইয়ের খোঁজখবর করার নিষ্ফল চেষ্টা করেছিলাম। তারপর বিভিন্ন জায়গায় খোঁজ করে জানতে পেরেছিলাম, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুধু আমার ভাই নয়, সব মিলে সাতজন অধ্যাপককে ধরে নিয়ে গিয়েছিল। অবশেষে ৪ জানুয়ারি আমরা জানতে পারলাম, মাইক্রোবাসে করে তাঁদের অপহরণ করা হয়েছিল, সেই মাইক্রোবাসের ড্রাইভার পুলিশের কাছে এসে আত্মসমর্পণ করেছে এবং বর্ণনা দিয়েছে কীভাবে তাঁদের ধরে মিরপুরের বর্তমান শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। যারা বাধ্য হয়ে ওদের সঙ্গে কাজ করেছে, প্রথম সুযোগেই কিন্তু নিজেদের শুভবুদ্ধির উদয় হয়েছে এবং তারা সেটা ব্যবহার করেছে। এখানে আমি সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।তারপর বহু দিন আমরা আশা করেছি এবং আমরা পুলিশের কাছে গিয়েছি, এজাহার দিয়েছি যে এই হত্যাকাণ্ডের বিচার করা হোক। কিন্তু কোনো ফলই হয়নি। শেষ পর্যন্ত শহীদজননী জাহানারা ইমাম গণ-আদালতের ব্যবস্থা করেন। সেই গণ-আদালতে সোহ্রাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সভানেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহানারা ইমামের কাছে কথা দিয়েছিলেন, তিনি বুদ্ধিজীবীদের হত্যার হোতা আলবদর, আলশামস, জামায়াতে ইসলামীর বিচারের ব্যবস্থা করবেন।আমরা সে অপেক্ষাতেই ছিলাম। ১৯৯৬ সালে যখন তিনি ক্ষমতায় এলেন এবং শেখ মুজিবের হত্যার বিচারকাজের যখন বেশ কিছুটা অগ্রগতি হয়েছে, তখন আমরা জানতে পারলাম, এই শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডে যে নেতৃত্ব দিয়েছিল, সেই আশরাফুজ্জামান খান এবং তার সহযোগী চৌধুরী মইনুদ্দিন বিদেশে অবস্থান করছে। শুধু যে অবস্থান করছে তা-ই নয়, তারা বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বেশ জোরেশোরেই চালিয়ে যাচ্ছে। সেই খবর আমরা পাই চ্যানেল ফোর (লন্ডন) টেলিভিশনের মাধ্যমে এবং আমি তখন ১৯৯৭ সালে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করি—শহীদ গিয়াসউদ্দিন হত্যা মামলা। সে মামলা তদন্তের ভার ছিল মুন্সি আতিকুর রহমানের ওপর এবং এসপি হান্নান সাহেবও কিছু কাজ করেছেন। তিনি তদন্ত করেছেন। অনেক দিন কোনো খোঁজ পেলাম না। তারপর জানতে পেলাম, তিনি তদন্ত শেষ করেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির জন্য কাগজপত্র দেওয়া হয়েছে। সেখান থেকে তখন পর্যন্ত জবাব আসেনি। সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা এই মামলা নিয়ে হতাশ হলাম এবং দুই দিন আগে জানতে পারলাম মুন্সি আতিকুর রহমান চূড়ান্ত রিপোর্ট দিয়েছেন যে ঘটনা সত্যি, তবে বিচার করার মতো অবস্থা নেই।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ক্ষমতায় এসে যে ট্রাইব্যুনাল গঠন করেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ। আমরা আশা করে আছি, শুধু শহীদ বুদ্ধিজীবী হত্যার বিচার নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৫ মার্চে যে হত্যাকাণ্ড হয়েছিল এবং সারা বছর ধরে সারা দেশে বাছাই করে এই যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, তার বিচার হওয়া উচিত। এই বিচার না হলে বাংলাদেশের বিবেক নিজেকে কোনো দিন মুক্তি দিতে পারবে না। পরে হলেও বিচারকাজ শুরু হয়েছে, তাতে আমরা খুবই আনন্দিত, কিন্তু তার অগ্রগতি সম্পর্কে দুশ্চিন্তা আছে। এটাই আমার প্রত্যাশা, এই দুই বছরে যেন বিচারকাজ শেষ হয় এবং বিচারকাজ যেন নিরপেক্ষ হয়। কেউ যেন এর সম্পর্কে প্রশ্ন তুলতে না পারে, তার জন্য দরকার হলে আরও কিছু ট্রাইব্যুনাল গঠন করতে হবে।বিচারকাজ সম্পর্কে যতটা জেনেছি, তাতে মনে হয়, দক্ষ আইনজ্ঞের অভাব আছে; অনেক দক্ষ আইনজীবী নিয়োগ করা উচিত। আমাদের দেশে দক্ষ আইনজ্ঞের অভাব আছে বলে আমি মনে করি না। অনেকে বিদেশ থেকে আইনজ্ঞ আনার প্রস্তাব করেছেন, আমি মনে করি না এটা যৌক্তিক। এই দুই বছরের মধ্যে যদি এই বিচারকাজ শেষ না হয়, তাহলে আর কোনো দিন এর বিচারকাজ শেষ হবে বলে মনে হয় না। এটাই আমার একমাত্র প্রত্যাশা।আব্দুল কাইয়ুমএখন এ ব্যাপারে আরও গুরুত্ব দিয়ে দক্ষ আইনজ্ঞ নিয়োগ করা দরকার, যেন অভিযুক্ত ব্যক্তিদের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। এটা সবার দাবি। আমরা আশা করি, সেটা করা হবে, করতে হবে। কারণ, সুবিচার না হওয়া পর্যন্ত আমরা বলতে পারব না, আমরা একটা অধ্যায় পার হয়ে এসেছি। এবার মুক্তিযোদ্ধাদের অন্যতম বীর বিক্রম মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে অনুরোধ করছি কিছু বলার জন্য।সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসম্মানিত সবাইকে শুভেচ্ছা। ১৫-২০ দিন ধরে বা এক-দুই মাস ধরে এ আলোচনা সোচ্চার এবং গতি পাচ্ছে। এই গতিটা আগামী তিন-চার দিন বা এই মাসের শেষ অবধি থাকবে। আমরা কতটুকু গুরুত্ব দিই কোন বিষয়কে এবং সেটা কোন সময়ে দিই। ডিসেম্বর মাস পার হওয়ার পর এই আলোচনা আর কত দিন থাকবে। আমার মনে হয়, আর থাকবে না। কারণ, তখন নতুন বিষয় নিয়ে পড়ে যাব। অথচ এটা একটা মৌলিক বিষয়। আমরা চার দশকে অনেক ব্রিজ-কালভার্ট পেয়েছি, ১৯৭১ সালে পাকিস্তানিরা ধ্বংস করেছিল এবং কৌশলগত কারণে মুক্তিবাহিনীও ধ্বংস করেছিল। সেগুলো পুনর্নির্মিত হয়েছে এবং তার থেকে পাঁচ-সাত গুণ বেশি কালভার্ট ও ব্রিজ নির্মিত হয়েছে। কিন্তু একাত্তরে যে পানি তার নিচ দিয়ে যেত, সে পানি এখন ১০ ভাগের এক ভাগে নেমে এসেছে। এটা একদিকে প্রাপ্তি, অন্যদিকে অপ্রাপ্তি।১৯৭১ সালে বাংলাদেশ সেনাবাহিনী ছিল জন্মলগ্নে একজন সাবেক সৈনিক হিসেবে। আমি বলতে চাই, স্বাধীন বাংলাদেশ হওয়ার কারণে বাংলাদেশ সেনাবাহিনী আজকে এত বড়। সুতরাং, এই কৃতজ্ঞতা জাতির প্রতি এবং মুক্তিযুদ্ধের প্রতি আমাদের থাকবেই এবং সেই সেনাবাহিনী সারা বিশ্বে সুনামের সঙ্গে শান্তিরক্ষায় বিচরণ করে বেড়াচ্ছে। বিষয়টি আমাদের জাতির জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এ সম্পর্কে আমার সংশয় আছে। তাদের পেশাগতভাবে কতটা উন্নত করা হয়েছে, সে বিষয়েও সংশয় আছে। যেখানে সংশয় নেই সেটা হলো, তারা বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে, এটাও একটা প্রাপ্তি। এখন থেকে পাঁচ বছর আগে যখন নোবেল পুরস্কার পান ড. ইউনূস, এর আগে শতবর্ষ ধরে আমরা বাঙালি জাতি একজনকে নিয়েই গর্ব করতাম—কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এটা একটা অর্জন এবং তিনি যে প্রক্রিয়ার জন্য পেয়েছেন নোবেল, সেই প্রক্রিয়াটিও একটা অর্জন। অর্থাত্, তাঁর উদ্ভাবনী শক্তির দ্বারা তিনি চেষ্টা করেছেন, বিস্তার করেছেন, বিকশিত হওয়ার জন্য পরিশ্রম করেছেন ক্ষুদ্রঋণ প্রক্রিয়াকে প্রসার করায় দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে। প্রক্রিয়াটি এখন বিশ্ব স্বীকৃত। অতএব, এটি আমাদের একটি বড় অর্জন।আমাদের আরেকটা প্রাপ্তি হয়েছে, এই প্রাপ্তিকে আশ্চর্যবোধক বা প্রশ্নবোধক চিহ্ন দিয়েই নিতে চাই। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল, আন্তর্জাতিক অঙ্গনে প্রাপ্তি হচ্ছে, তারা সবাই এখন ঘনিষ্ঠ বন্ধু। যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে, চীন আমাদের ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে, পাকিস্তান ঘনিষ্ঠ বন্ধু না হলেও শত্রু অবস্থায় নেই। ভারত আগেও বন্ধু ছিল, এখনো আছে, কিন্তু সোভিয়েত রাশিয়ার উত্সাহ, প্রেরণা বা সাহায্য ছাড়া ভারত অতটুকু ঝুঁকি নিত কি না, এটা একটা প্রশ্ন। কিন্তু সেই সোভিয়েত রাশিয়াকে আমরা বন্ধুত্বের তালিকা থেকে অনেক দূরে রেখেছি।আমি কঠিন একটি প্রশ্ন সাধারণ ভাষায় বলছি, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে যে দেশটি সৃষ্টি করা হয়েছিল, সেই দেশটি আর কিছু হোক না-হোক, অবশ্যই পাকিস্তান থেকে উন্নত হওয়া উচিত। আমি ২০০৫ সালে মুক্তিযুদ্ধের পর প্রথমবারের মতো পাকিস্তানে গিয়েছিলাম দাওয়াতে, রাওয়ালপিন্ডির এক অধ্যাপক শিরিন মাজহারের প্রতিষ্ঠানে সেমিনারে। ফেরার পথে করাচিতে চায়নিজ রেস্টুরেন্টে দাওয়াত দিয়েছিলেন জনাব ইকরাম। তাঁর রেস্টুরেন্টের সব কর্মকর্তা-কর্মচারী ছিলেন বাঙালি। কারণ, তাঁর মা বাঙালি। সেখানে বাঙালিদের কাছে শুনেছিলাম, করাচি শহরে পাঁচ লাখ অবৈধ বাঙালি কাজ করত এবং সমগ্র পাকিস্তানে ওই আমলে ১৫ লাখ বাঙালি চাকরি করছিল। সেই যে দুঃখ পেয়েছিলাম, তার জন্য প্রস্তুত ছিলাম না। আমাদের অনেক অর্জন এটা বাস্তব, এটা সত্য; কিন্তু সে অর্জনটা কোথায় হারিয়ে যাচ্ছে, এটা একটা প্রশ্ন হতে পারে।প্রত্যাশা আমাদের অতি সীমিত। বিশ্ব যেহেতু বৈশ্বিক গ্রাম, আন্তর্জাতিক সমাজে আমরা বসবাস করি, তাই যা-ই কিছু ভাবি, যা-ই কিছু করি, সেটা একটা তুলনায় পাই। ১৯৬২-৭৩ সময়ে যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ধ্বংস করেছে। সে ভিয়েতনাম আজ কোথায়, এটা একটা সূচক; কম্বোডিয়ায় গৃহযুদ্ধ হয়েছে, সেই কম্বোডিয়া আজ কোথায়, এটা একটা সূচক। ওই তুলনায় আমরা কত দূর, এটা একটা প্রশ্ন। আমরা অবশ্যই সংসদীয় গণতন্ত্র পেয়েছি, সেই সংসদীয় গণতন্ত্র পাওয়ার জন্য আমরা রাজনীতিবিদ, জনগণের প্রতি কৃতজ্ঞ। কিন্তু সেই কৃতজ্ঞতাটা মুখের মধ্যেই রাখছি।বারবার বলা হয়, যে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস হওয়ার জন্য সামরিক বাহিনীকে দোষ দেওয়া হয়, আমি এ ব্যাপারে ব্যতিক্রম তুলে ধরব। এক হাতে যেমন তালি বাজে না, গণতন্ত্র বিঘ্ন হওয়ার জন্য একটি পক্ষ কোনোভাবেই দায়ী নয়। আমি আবেদন করব গণতন্ত্র যতটুকুই পাওয়া গেছে, এটাকে উন্নত করার চেষ্টা করা প্রয়োজন। আমাদের যে অর্জন সেটাকে কি আমরা প্রশংসা করি, নাকি যেটা পাইনি সেটাকেই বারবার বলতে থাকি? এর একটা ভারসাম্য দরকার। আমরা অপ্রাপ্তি-অপূর্ণতাকে বেশি গুরুত্ব দিই। যতটুকু পেয়েছি, তার জন্য কাউকে না-কাউকে উত্সাহ না দিলে আর কেউ তো এই পথে কষ্ট করতে রাজি থাকবে না।১৯৭১-এ নারীর ওপর সহিংসতা হয়েছে, তার আগেও নারীর ওপর সহিংসতা হতো, নারী অবরুদ্ধ থাকত। নারীর ক্ষমতায়নের প্রক্রিয়া যেমন বেড়েছে, তার ওপর সহিংসতাটাও কেন যেন সমানতালে বেড়ে যাচ্ছে। এর মাঝখানের কারণটি কী? কারণটি হলো, পৃথিবীর একাধিক জায়গার সঙ্গে সম্পৃক্ত হচ্ছে মানুষ। প্রাচ্যের সঙ্গে যেমন সম্পৃক্ত হচ্ছে পাশ্চাত্যের সঙ্গেও সম্পৃক্ত হচ্ছে, এমনকি মধ্যপ্রাচ্যের সঙ্গেও সম্পৃক্ত হচ্ছে। অর্থাত্, পৃথিবীর একাধিক জায়গার প্রভাব আমাদের সমাজে এসে পড়ছে। আমরা পেতে চেয়েছিলাম একটি গতিশীল রাজনীতি, বাংলাদেশের প্রতি অনুগত একটি রাজনীতি। আমরা যা পেয়েছি, সেটা বাংলাদেশের প্রতি শতভাগ অনুগত বলে মনে হয় না এবং গতিশীলতা দেশের কল্যাণের জন্য যতটুকু না নিজেদের কল্যাণের জন্য তার চেয়ে বেশি বলে আমার উপলব্ধি।৪০ বছরে আমরা অনেক পেয়েছি, তার একটি ছবি তরুণদের মাঝে তুলে ধরা উচিত। প্রথম আলোর সামনে দিয়ে যে রাজপথ গেল উত্তরা হয়ে ময়মনসিংহে, এটা ’৭১ সালে ছিল না। অতএব পাইনি, এটা ঠিক নয়। প্রশ্ন হলো, যতটুকু পাওয়া উচিত ছিল, ততটুকু পেয়েছি কি না। এই ৪০ বছরে আমরা আবেগকে বেশি প্রাধান্য দিয়েছি, অর্থনীতিকে প্রাধান্য দিইনি। মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম ছিল সাম্য। এই সাম্য কোনো অবস্থাতেই অর্জিত হয়নি এবং ভবিষ্যতেও যেন না হয়, তার জন্য ক্ষেত্র প্রস্তুত। গরিব গরিব হচ্ছে, যদিও তার আয় বাড়ছে, ভোগও বাড়ছে, কিন্তু সে তুলনায় গরিব হয়ে যাচ্ছে এবং অনেক ব্যক্তি অযাচিতভাবে ধনী হচ্ছে। ধনী হলেও মেনে নিতাম। কিন্তু তার ধন বাংলাদেশে থাকছে না—এটা মেনে নিতে পারি না। যেসব কারণে আমরা যেটা পাওয়া উচিত ছিল, কিন্তু পাইনি বলে সাব্যস্ত করছি, সেই কারণগুলো দূর করার জন্য একটা প্রচেষ্টা বা একটা বিশ্লেষণ হওয়া উচিত, এটাই এ মুহূর্তের বা এ সময়ের সঠিক দাবি।আব্দুল কাইয়ুমধন্যবাদ। এখন আলোচনার পরিপ্রেক্ষিতে সামগ্রিকভাবে কেউ বলতে চাইলে দু-এক কথায় বলবেন।এস এস চাকমাআমি একটি তথ্য দিয়ে আলোচনা করছি। ইতিহাসবিদ সিরাজুল ইসলাম তাঁর একটি বইতে তত্কালীন পাকিস্তানের অর্থনীতির যে চিত্র তুলে ধরেছেন, তাতে আছে ১৯৪৯ সালে মাথাপিছু ৪৮ ডলার, দক্ষিণ কোরিয়ায় মাথাপিছু আয় ছিল ৩৫ ডলার, আর জাপানের মাথাপিছু আয় ছিল ১০০ ডলার, ভারতের আয় ছিল ৫৪ ডলার। তো এখন কোথায় কোরিয়া, কোথায় জাপান আর কোথায় বাংলাদেশ। আমার বিশ্ববিদ্যালয়জীবনে মালয়েশিয়া, শ্রীলঙ্কার ছাত্ররা এখানে পড়ত। এখন আমাদের ছাত্ররা ওখানে পড়তে যায়। গত ৪০ বছরে আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে পারিনি। আমাদের সম্পদের অসম বৈষম্য বিলোপ করতে হবে।আয়েশা খানমযুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে ট্রাইব্যুনালকে শক্তিশালী করা, আইনজ্ঞ নিয়ে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সব আছে, কিন্তু প্রধান বিরোধী দল এখন যাদের মুক্তি দাবি করছে, তাহলে এই গণতন্ত্রের প্রক্রিয়াটা কোথায় যাচ্ছে? তাদের দুর্বলতার দিক, যাঁরা এটার দায়িত্বে আছেন, সেটা আমরা বলছি। কিন্তু আরেকটি বাস্তবতা, আমাদের দূতাবাস সরকারপক্ষ থেকে কীভাবে মোবিলাইজ করছে, কীভাবে জনমত গঠন করছে, এটা একটা বড় প্রশ্ন। শাসনব্যবস্থায় সবার অংশগ্রহণ করার প্রক্রিয়াকে স্থায়ী ও শক্তিশালী করার কথা আমি বলব। এটা নিয়ে অনেক কথাই হচ্ছে। আমাদের গণতন্ত্র এগিয়ে যাচ্ছে না, এ রকম সমালোচনামূলক মন্তব্য করছি। আমাদের মিডিয়া যে ভূমিকা পালন করছে, এটা আমাদের একটা উন্নতি।এম হারুন-অর-রশিদআপনারা সবাই জানেন, আমি একটি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সেটা হলো, যুদ্ধাপরাধের বিচার নিয়ে। গত পাঁচ বছরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছি এবং কত লক্ষ মর্মান্তিক ঘটনা শুনেছি, সেটা এই মুহূর্তে বর্ণনা দেওয়া সম্ভব নয়। যে মানুষগুলো বাংলাদেশ জন্ম হওয়ার আগেই মৃত্যুবরণ করেছেন, তাঁরা কিন্তু বাংলাদেশ দেখেননি। বাংলাদেশের জন্যই তাঁরা প্রাণ দিয়েছেন। যে মা-বোন অপমানিত হয়েছেন, তাঁরা বাংলাদেশের জন্যই হয়েছেন। আজকে মুক্ত বাংলাদেশের আকাশে-বাতাসে আমরা যারা ঘুরে বেড়াচ্ছি, আমাদের কিছু দায়বদ্ধতা থাকা উচিত। যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অপেক্ষা করল ৪০ বছর ধরে তার স্বামী হত্যার বিচার, ছেলে হত্যার বিচার, তার স্ত্রী হত্যার বিচার, তার মেয়ের অপমানের বিচার, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত জাতি হিসেবে।কেউ উদাহরণ দেখাতে পারবে না আজ পর্যন্ত কোথাও যুদ্ধাপরাধ হয়েছে, কিন্তু তার বিচার হয়নি। আজ আমরা যখন কথা বলছি, তখন বিশ্বের ৩১টি জায়গায় বিচারকাজ চলছে। সেখানে বাংলাদেশ ব্যতিক্রম হবে কেন। ৪০ বছর পর হলেও সরকারের দায়বদ্ধতা, জাতীয় দায়বদ্ধতা থেকে জাতির ইতিহাসের কারণে এই বিচার-প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু সেই সঙ্গে বিচার বানচাল করার জন্যও ষড়যন্ত্র শুরু হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, যখন এই বিচারের দাবিটি জাতীয় দাবিতে পরিণত হয়েছে, হঠাত্ করে এই দাবিকে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হয়েছে; অথচ এটা নিয়ে রাজনীতি হওয়ার কথা ছিল না। এটা সমগ্র জাতির দাবি, কারণ মুক্তিযুদ্ধ করেছিল সমগ্র জাতি। আমাদের ইতিহাসের কারণে, আমাদের সামাজিক দায়বদ্ধতার কারণে ভবিষ্যত্ প্রজন্মের জন্য, একটি স্বচ্ছ সমাজ রেখে যাওয়ার জন্য এবং আইনের শাসন রেখে যাওয়ার জন্য আমাদের যুদ্ধাপরাধীদের বিচার করা প্রয়োজন।ট্রাইব্যুনাল নিয়ে অনেকে অনেক কথা বলেন, আমি কারও সীমাবদ্ধতার কথা বলব না। কিন্তু আমার কথা হচ্ছে, ট্রাইব্যুনাল নিয়ে আইনটি বেশি লোকে পড়ে না, শুধু বলতে থাকে এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না। স্টিফেন র্যাপ এসে কী বলে গেল, এটা বিরাট একটা খবর হয়ে গেল। তার প্রতিটি পরামর্শ আমাকে নিতে হবে, কিন্তু আমি তাকে বলেছি, তোমরা যখন গুয়ানতানামো বেতে অন্যায়ভাবে নির্যাতন করছিলে, তখন কি তুমি বলেছিলে মার্কিন সরকারকে, এটা অন্যায় হচ্ছে; তোমার প্রেসিডেন্ট নিজে বলেছেন, ওসামা বিন লাদেন নিরস্ত্র ছিল। তার পরও তাকে হত্যা করা হয়েছে। অথচ স্টিফেনের পাঁচটি প্রশ্ন নিয়ে এত বড় আন্দোলন শুরু হয়ে গেল, যে ওর এই পাঁচটি পরামর্শ বাস্তবায়িত না হলে আমরা বিচারকাজে সহযোগিতা করব না।আজ পর্যন্ত কোনো ট্রাইব্যুনাল সরাসরি সম্প্রচার করেনি, এমনকি টেলিভিশনে যখন দেখানো হয়, তখন তাদের অঙ্কিত ছবি দেখানো হয়। স্টিফেন র্যাপ দাবি করেছে, এটাকে সরাসরি সম্প্রচার করতে হবে। কেন? তাহলে সে কি আমাদের সাক্ষীদের নিরাপত্তা দিতে পারবে? সে নিশ্চয়তা দিক, আমরা সরাসরি সম্প্রচার করব। আমাদের সামাজিক দায়বদ্ধতা আমরা বুঝি, স্টিফেন র্যাপ বোঝে না। সে বলেছে, আসামিদের ডিফেন্স করার সুযোগ দেওয়া হচ্ছে না। কেন সুযোগ দেওয়া হচ্ছে না? পৃথিবীর এই রকম চলমান আরও ৩১টি ট্রাইব্যুনালের উদাহরণ টেনে বলছি, আমাদেরটা উচ্চ আদালতে আপিলের সুযোগ দিচ্ছে, অন্য কোনো ট্রাইব্যুনালে এই সুযোগ নেই। কারণ, এটি স্পেশাল ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালে জামিনের কোনো সুযোগ নেই, অথচ বিএনপির নেতা আলিম জামিনে আছেন। সরকারপক্ষের আইনজীবী যখন ১০ জন হাজির থাকেন, বিবাদীপক্ষের তখন ৩০ জন হাজির থাকেন। ওনারা ১১০ জনের অনুমতি চেয়েছিলেন, কিন্তু স্থানের সীমাবদ্ধতার জন্য আদালত তাঁদের ৩০ জন আনার অনুমতি দিয়েছেন। তার পরও তাঁরা বলছেন, স্বচ্ছতা নেই। তাহলে আর কীভাবে স্বচ্ছতা দেব?আমরা আন্তর্জাতিক মান, আন্তর্জাতিক মান বলি। আমি মনে করি, বাংলাদেশে যে আইন হয়েছে, সেটা আন্তর্জাতিক মানের চেয়েও বড়। কারণ, আমরা আপিলের সুযোগ দিয়েছি। অনেকে বলেছেন, আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ করার জন্য। এটা সম্পূর্ণ ভিন্ন প্রতিষ্ঠানের এখতিয়ারভুক্ত। এখানে ট্রাইব্যুনালের করার কিছুই নেই। যাঁরা এ দাবি তোলেন, তাঁদের বলব, ১৯৭২ সালের রচিত বার কাউন্সিল এক (১) দয়া করে পড়বেন। কারণ, কোনো দেশে যেতে হলে সে দেশের আইনকানুন মেনে যেতে হবে। এখন আপনি ১৯৭২ সালের আইনকে বস্তাপচা আইন বলবেন, কারণ একজনকে বাঁচাতে হবে।শুধু যুক্তরাষ্ট্র ২৫ মিলিয়ন ডলার খরচ করছে প্রতি ছয় মাস অন্তর। যুক্তরাজ্যের একজন সাংসদ বলেছেন, জামায়াতে ইসলামী তাঁকে প্রলুব্ধ করেছে ইউরোপিয়ান পার্লামেন্টে সুপারিশ করার জন্য। কিন্তু তিনি প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেন, ইউরোপিয়ান পার্লামেন্টে সদস্যের অভাব নেই। স্বাধীনতার ৪০ বছর হয়ে গেছে, কাজেই আমার প্রত্যাশা একটাই। অনেক নির্যাতিত বিচারের আশায় আশায় দেহ ত্যাগ করেছেন। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এ বিচার-প্রক্রিয়া সম্পন্ন করে যেতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়াকে রাজনৈতিক বিষয়ে পরিণত না করে দেশের সম্মানের, ইতিহাসের, গৌরবের বিষয় হিসেবে এ বিচারকাজটি আমাদের পরিচালনা করতে হবে।এম হাফিজ উদ্দিন আহমদস্বাধীনতার ফলে আমরা অনেক কিছু পেয়েছি, আমাদের অনেক কিছু অর্জিত হয়েছে। তবে এতে সরকারের কৃতিত্ব খুবই কম। অধিকাংশ বেসরকারি সংস্থা ও ব্যক্তি উদ্যোক্তাদের কৃতিত্ব। সরকার অধিকাংশ ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে উন্নয়নের পথে। কিন্তু ব্যক্তি তা অতিক্রম করে দেশের জন্য, নিজের জন্য সমৃদ্ধি বয়ে আনে। সে জন্যই বাংলাদেশ এগিয়েছে।আমরা অনেক কিছু পাইনি। কেন পাইনি? এর একটি প্রধান কারণ রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং পরমতসহিষ্ণুতার অভাব। গণতন্ত্র আছে, কিন্তু গণতান্ত্রিক আচরণ সংসদে বা সংসদের বাইরে অনুপস্থিত। তার একটি কারণ হলো, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে সত্ প্রতিবেশীসুলভ আচরণ আমরা পাইনি। পানির ব্যাপারে পাইনি প্রাপ্য পানি ফারাক্কা বাঁধের কারণে। সর্বশেষ টিপাইমুখে বাঁধ নির্মাণ করে পানি প্রত্যাহার করা হবে। পর্যায়ক্রমে একে একে পানির যে আগ্রাসন বাংলাদেশে মোকাবিলা করতে হচ্ছে, এটি না থাকলে আমরা আরও উন্নতির পথে এগিয়ে যেতাম।আমি একজন রাজনৈতিক মুক্তিযোদ্ধা। যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চয়ই চাই। তবে এ বিচারটি হওয়া উচিত ছিল স্বাধীনতার অব্যবহিত পরপরই। তখন অপরাধীরাও বিরাজমান ছিল এবং সাক্ষী-প্রমাণ সবাই জীবিত ছিল। সেই সময় বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছিল যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার জন্য। কিন্তু সেই সময় চিহ্নিত ১৯৫ জন যুদ্ধাপরাধীকে জনগণের মতামত না নিয়েই ক্ষমা করে দেওয়া হয়। এটি আমাদের একটি বড় দুর্বলতা। তবে দেরিতে হলেও এ বিচারকে স্বাগত জানাই।প্রধান বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচারে বিরোধিতা করা হয়নি। বলা হয়েছে, আওয়ামী লীগের মধ্যেও অনেক যুদ্ধাপরাধী আছে। তাদেরও খুঁজে বের করে সমতার মাধ্যমে বিচারের আওতায় আনার কথা বলেছেন প্রধান বিরোধীদলীয় নেতা। সময়ের মতো পানি বুড়িগঙ্গায় বয়ে চলেছে আর যুদ্ধাপরাধীরাও বিভিন্ন দলে প্রবেশ করেছে। শুধু বিরোধী দলে থাকলেই তারা যুদ্ধাপরাধী আর সরকারি দলে থাকলে তাদের কোনো অপরাধ নেই—এ ধারণাটির অবসান হওয়া উচিত। দুষ্ট লোকেরা বলে জামায়াতে ইসলামী যদি মহাজোটে থাকত, তাহলে তাদের যুদ্ধাপরাধী হিসেবে বিচারের মুখোমুখি হতে হতো না। যেমন ১৯৯৬ সালে বিএনপি সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়, সে আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে জামায়াত যোগ দিয়েছিল। পাশাপাশি বসে শেখ হাসিনা ও মতিউর রহমান নিজামী বিএনপি সরকারকে উত্খাতের গণ-আন্দোলনে ভূমিকা রেখেছিলেন। সেই সময় যুদ্ধাপরাধী শব্দটি উচ্চারিত হয়নি। যখন জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে যোগ দিয়েছে, তখনই তাদের যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে।কেউ ধারণা করবেন না যে আমি তাদের রক্ষা করার জন্য বলছি। যুদ্ধাপরাধীদের বিচার চাই। তবে এতে কেউ যদি বিচারের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হয়ে বেরিয়ে আসে ভালো। আর দোষী প্রমাণিত হলে যে দলেরই হোক বিচার তার প্রাপ্য। দুর্নীতির একটি সাম্প্রতিক উদাহরণ হলো পদ্মা সেতু। ব্যাপক দুর্নীতি সরকারের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। সে কারণে বাংলাদেশের জনগণের বহুল প্রত্যাশিত পদ্মা সেতুটি হারিয়ে গেল। এর যে কোনো সঠিক প্রতিবিধান করা হচ্ছে, তা-ও বলা যাচ্ছে না।সুশাসন দেশে নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে, তা লক্ষণীয়। এবং যাদের কাছে আমরা আশা করি, জনপ্রতিনিধি হিসেবে তারাই নানা দোষে অভিযুক্ত। বেশ কয়েকজন কুখ্যাত হত্যাকারী বলে অভিযুক্ত ব্যক্তি জাতীয় সংসদে উপবিষ্ট। কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডের পেছনে সাংসদ বা মন্ত্রীর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। যেমন, ইব্রাহীম হত্যাকাণ্ড, সাম্প্রতিক লোকমান হত্যাকাণ্ড। এ রকম বহু অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা এসে জাতীয় সংসদের সদস্য হয়ে গেছেন।সাম্প্রতিক টেলিভিশনে একটি বিজ্ঞাপন দেখতে পাই। উটপাখি নয়, মানুষের জীবন চাই। আমার মনে হয়, বর্তমানে আমরা উটপাখির মতো আচরণ করছি। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।১৯৭১ সালের যুবসমাজকে দেখে অনুপ্রাণিত হয়েছিলাম তাদের দুঃসাহসিক কর্মকাণ্ডে। বর্তমান তরুণসমাজের মধ্যে তা দেখা যায় না। এটি একটি দুঃখজনক বিষয়। দেশপ্রেম এবং ত্যাগের মানসিকতা যত দিন পর্যন্ত না আসবে, তত দিন পর্যন্ত আমরা ভুগতে থাকব। আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির দূরত্ব ঘোচাতে হবে নতুন প্রজন্মকে। একাত্তরের তরুণেরা যা অর্জন করেছে, বর্তমান তরুণদের তা অর্জন করতে হবে। ১৯৭১-এর ১৬ ডিসেম্বরই মুক্তিযুদ্ধ শেষ হয়ে যায়নি। এটি একটি চলমান প্রক্রিয়া, একটি সমৃদ্ধ রাষ্ট্র পুনর্নির্মাণের জন্য। অর্থনৈতিক মুক্তির জন্য ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছি, সেটি অর্জনের জন্য বর্তমান প্রজন্মকে এগিয়ে আসতে হবে। এ জন্য প্রয়োজন জাতীয় ঐক্য।আমাদের জনপ্রতিনিধিরা প্রকৃত জনপ্রতিনিধি নন। এ জন্য নির্বাচনব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। বর্তমান নির্বাচনব্যবস্থা এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে, যেখানে কালোটাকা না থাকলে সাংসদ বা মন্ত্রী হওয়া যায় না। সুতরাং, একটি নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা করতে হবে, যেখানে একজন সাধারণ মানুষ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বা স্কুলশিক্ষক যদি তাঁদের জনপ্রিয়তা থাকে বা যোগ্যতা থাকে, তাহলে তাঁদের নির্বাচিত হওয়ার ক্ষেত্রটি প্রস্তুত করতে হবে। বর্তমানে যা অনুপস্থিত।নির্বাচন কমিশন অনেক অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকে। এই সমতা বিধানের জন্য জাতীয় ঐক্য দরকার। আমাদের প্রধান রাজনৈতিক দলগুলো ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে, এটি বর্তমানে আশা করা যায় না। সে ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ যুবসমাজ নিজেরাই একটা ঐক্য গড়ে তুলে সমস্যা সমাধানের পথ নির্দেশ করবে, এটি আশা করি।আয়েশা খানমযুবসমাজের মধ্যে দেশপ্রেমের অভাব, এটা ঠিক নয়। ৮০-৯০ শতাংশ যুবসমাজের মধ্যে কিছু করার আকাঙ্ক্ষা রয়েছে। তারুণ্যকে আমরা ব্যবহার করছি রাজনৈতিক ব্যক্তি এবং দলীয় অগ্রগতির জন্য। সুতরাং, আজকে যুবসমাজ যে আত্মহননের প্রক্রিয়ায়, তার জন্য তারা কতটুকু আর আমরা কতটুকু দায়ী? যুবসমাজকে বলছি, আমরা পারছি না, তোমরা এগিয়ে এসো।সৈয়দ মুহাম্মদ ইবরাহিমগত ৪০ বছরে আমরা অনেক কিছু পেয়েছি, সেগুলো আমরা চাইনি। আর অনেক কিছু চেয়েছি, যা পাইনি। যেমন সংবিধানের অনেকগুলো সংশোধনী আমরা চাইনি।ফরিদা বানুআমরা যুবসমাজকে দায়ী করতে পারি না। তাদের সামনে আমরা কি কোনো আদর্শ তুলে ধরতে পেরেছি? আমরাই তো তাদের নষ্ট করেছি। আমাদের দেশে যে ধনসম্পদ সৃষ্টি হয়েছে, তার ফলে একশ্রেণী এমন ভোগবিলাসী জীবনযাপন করছে, যা দেখে আমাদের যুবসমাজ বিভ্রান্ত হচ্ছে। তারা সামনে কোনো আদর্শ খুঁজে পাচ্ছে না। এই ভোগবিলাসের সংস্কৃতি থেকে আমরা যদি বের হয়ে আসতে না পারি, তাহলে বাংলাদেশ কোনো দিন এগিয়ে যেতে পারবে না। দারিদ্র্য দূর হবে না।আব্দুল কাইয়ুমআমাদের প্রত্যাশা অনেক ছিল। তার অনেকগুলো আমরা পূরণ করেছি, যতটা হওয়া সম্ভব ছিল তার থেকে অনেকখানি পিছিয়ে আছি। একাত্তরে যে নয় মাস বা তার আগে যত দিন যতবার প্রশ্ন এসেছে, আমাদের স্বাধীনতার, তখন কিন্তু আমাদের মধ্যে মুহূর্তের জন্য সন্দেহ দেখা দেয়নি যে স্বাধীনতা আমরা পাব কি না। আমরা আস্থাশীল ছিলাম, স্বাধীনতা আমরা পাচ্ছি। কিন্তু আজকে যখন আমাদের গণতন্ত্রের ভবিষ্যত্, আমাদের দেশের সম্পদের যে বৈষম্য সৃষ্টি হয়েছে, তার অবসান হবে কি না, এই প্রশ্নগুলো আমাদের সামনে আসে, তখন কিন্তু আমরা আস্থার সঙ্গে বলতে পারি না, অদূর ভবিষ্যতে এটার সমাধান হয়ে যাবে। আমাদের আস্থা সৃষ্টির জায়গাটায় আমরা অনেকখানি পিছিয়ে আছি। কিন্তু এটা আমরা নিজেরাই সৃষ্টি করতে পারব আমাদের কাজের মধ্য দিয়ে এবং আমাদের অগ্রগতির মধ্য দিয়ে। যুদ্ধাপরাধীদের বিচার চলছে। আশা করি, বিচারের একটা নিষ্পত্তি হবে এবং এটা আমরা একান্তভাবে কামনা করি।গোলটেবিল বৈঠকে অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। সবাইকে ধন্যবাদ।