স্বাধীনতাস্তম্ভ বিশেষজ্ঞ কমিটি থেকে ছয় সদস্যের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতাস্তম্ভ নির্মাণের বিশেষজ্ঞ কমিটি থেকে পদত্যাগ করেছেন ছয়জন সদস্য। তাঁরা হলেন, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, স্থপতি সামসুল ওয়ারেস, শিল্পী হাশেম খান, স্থপতি মোবাশ্বের হোসেন, স্থপতি রবিউল হুসাইন ও অধ্যাপক মুনতাসীর মামুন।স্বাধীনতাস্তম্ভ নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলামের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন। ২৯ জানুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে দেওয়া এক চিঠিতে তাঁরা পদত্যাগের কথা জানান।পদত্যাগের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘তাঁরা ২৯ জানুয়ারি একটি চিঠি পাঠিয়েছেন। আমি সেটা পেয়েছি। সেটা পড়ে তারপর বলব। এ ব্যাপারে আমার কোনো প্রতিক্রিয়া নেই।’এই ছয় বিশেষজ্ঞ জানিয়েছেন, ২৩ জানুয়ারি একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী বলেছেন, বিশেষজ্ঞ কমিটির কারণেই স্বাধীনতাস্তম্ভের প্রকল্প ঝুলে যায়। প্রধানমন্ত্রীর সার্বিক তদারকি আর মন্ত্রীর দৌড়ঝাঁপে এখন কাজে গতি আসবে। মন্ত্রী আরও বলেন, ‘বিশেষজ্ঞ কমিটিতে যাঁরা ঠাঁই পান, তাঁরা কোনো বিষয়ে একমত হতে পারেন না। তাঁদের কারণে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়। তাঁদের কারণে সব উদ্যোগই ব্যাহত হয়। তাঁরা এতটাই মর্যাদাসচেতন যে কার আগে কার নাম থাকল, তা নিয়ে গাল ফুলিয়ে গোস্সা করেন। দুর্নাম হয় সরকারের, মন্ত্রী হন সমালোচিত। মানুষকে তো আর ডেকে দেখানো যায় না বিশেষজ্ঞদের আচরণ। এটা দুঃখজনক।’প্রতিমন্ত্রীর এই বক্তব্যের জবাবে দেওয়া পদত্যাগপত্রে ছয় বিশেষজ্ঞ বলেন, ‘প্রতিমন্ত্রীর কোনো অভিযোগই সত্য নয়। অন্যায়ভাবে সব দায়িত্ব বিশেষজ্ঞ কমিটির ওপর চাপানো হয়েছে।’ এই ছয়জন বলেন, বিশেষজ্ঞ কমিটির ১২ সদস্যের মধ্যে পাঁচজন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব বিশেষজ্ঞ কমিটির কো-চেয়ারম্যান। কিন্তু এ পর্যন্ত নয়টি সভার মাত্র তিনটিতে তিনি উপস্থিত ছিলেন। ছয় বিশেষজ্ঞ বলেন, ‘আওয়ামী লীগের গত সরকারের আমলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের গাফিলতিতে এই প্রকল্পের কাজ শেষ হয়নি। গত দুই বছরে আমরা প্রতিটি বিষয়ে মতৈক্যের সঙ্গে পরামর্শ দিয়েছি। স্থবির অবস্থা দেখে বারবার তাগাদা দিয়েছি। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের বারবার তাগাদা সত্ত্বেও কোনো কাজ হয়নি। একপর্যায়ে প্রতিমন্ত্রী একটি সভায় আমাদের দ্রুত কাজ শেষ করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু কাজ বাস্তবায়ন হয়নি। মন্ত্রী হয়তো ভেবেছেন, পরিকল্পনা কার্যকর করার দায়িত্ব আমাদের। কিন্তু এটি আসলে মন্ত্রী ও মন্ত্রণালয়ের দায়িত্ব। আমরা প্রতি মুহূর্তে পরামর্শ দিয়েছি।’ছয় বিশেষজ্ঞ বলেন, ‘আমাদের এই প্রকল্পটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প এবং ১৯৯৬ সাল থেকে আমরা এর সঙ্গে জড়িত। আমরা গত চার দশক নিজ নিজ ক্ষেত্রে এবং জাতীয় ক্ষেত্রে কাজ করেছি। কিন্তু কেউ কখনো এ ভাষায় আমাদের অসত্য অপবাদ দেয়নি। এর প্রতিবাদে আমরা বিশেষজ্ঞ কমিটি থেকে পদত্যাগ করছি।’মন্ত্রীকে উদ্দেশ করে চিঠিতে বলা হয়, ‘আশা করি এর ফলে আপনাকে কোনো শৃঙ্খলে আবদ্ধ থাকতে হবে না এবং আগামী ৭ মার্চ আপনার কথামতো আপনি স্বাধীনতাস্তম্ভ দেশবাসীর জন্য উন্মুক্ত করে দেবেন।’বিশেষজ্ঞদের বিরুদ্ধে অভিযোগ তোলা প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পত্রিকায় কী প্রকাশিত হয়েছে, সেটা দেখে কিছু হয় না। পত্রিকা কীভাবে ছেপেছে তারাই জানে।’ আপনার বক্তব্য ঠিকভাবে ছাপা না হলে প্রতিবাদ করলেন না কেন? প্রতিমন্ত্রী বলেন, ‘এসব বিষয় নিয়ে আমার কিছু বলার নেই। এই বিশেষজ্ঞরা বিনা বেতনে আমাদের অনেক সেবা দিয়েছেন।’ কাজে বিলম্বের জন্য বিশেষজ্ঞদের দায়ী করলেন কেন জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘কাজে তো বিলম্ব হয়েছেই। এ কাজ আরও আগে হতে পারত। কিন্তু হয়নি।’