স্বাভাবিক জীবনে গাজাবাসী
হামাস-ইসরায়েল অস্ত্রবিরতির পর গাজায় জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইহুদ বারাক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অস্ত্রবিরতির শর্ত ভঙ্গ করা হলে আবারও হামলা চালানো হবে। আল-জাজিরার অনলাইনে প্রকাশিত খবরে আজ শুক্রবার এ কথা জানানো হয়।গতকাল বৃহস্পতিবারও গাজার পথে পথে ফিলিস্তিনিদের উল্লাস করতে দেখা গেছে। ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলা বন্ধের পর এবার দৈনন্দিন কাজকর্মে ফিরে যাচ্ছেন তাঁরা। আট দিন ধরে চলা এ সংঘর্ষে ১৬২ জন ফিলিস্তিনি ও পাঁচজন ইসরায়েলি নিহত হয়।অস্ত্রবিরতির বিষয়ে মধ্যস্থতা করার জন্য মিসরের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুরসিকে ধন্যবাদ জানিয়েছেন গাজায় হামাস সরকারের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়াহ।এদিকে গতকাল রেডিওতে দেওয়া এক বক্তব্যে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইহুদ বারাক বলেন, ‘এই অস্ত্রবিরতি নয় দিন, নয় সপ্তাহ কিংবা এর বেশি সময় ধরেও কার্যকর থাকতে পারে। তবে অস্ত্রবিরতির শর্ত ভঙ্গ করা হলে আবারও সামরিক হামলা শুরু করা হবে।’ তেলআবিবে গত বুধবার একটি বাসে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ওই হামলায় ১৫ ইসরায়েলি আহত হয়। এ ছাড়া পশ্চিম তীরে গতকাল বৃহস্পতিবার রাতভর তল্লাশি চালিয়ে সন্ত্রাসী সন্দেহে আরও ৫৫ জনকে গ্রেপ্তার করেছেন ইসরায়েলের নিরাপত্তাবাহিনীর সদস্যরা।