স্বাভাবিক বন্যায় অস্বাভাবিক কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কষ্টের যত কারণ অপরিকল্পিত নগরায়ণ  অপরিকল্পিত রাস্তাঘাট ও বাঁধ নির্মাণ। রক্ষণাবেক্ষণ ও নদী খননে অবহেলা  নদী ও জলাশয় ভরাটবর্ষাকালীন চিরাচরিত স্বাভাবিক বন্যা দেশের কোনো কোনো অঞ্চলে অস্বাভাবিক রূপ নিয়েছে। এর প্রধান কারণ প্রাকৃতিক খাল-বিল, নদী-নালা ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ এবং অপরিকল্পিত নগরায়ণ।বিশেষজ্ঞরা বলছেন, একমাত্র সাঙ্গু ছাড়া প্রধান কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে বন্যা সৃষ্টি করেনি। শেষ শ্রাবণের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের ভূমিকাই এতে প্রধান। তবে বৃষ্টিও যে একেবারে অস্বাভাবিক রকমের হয়েছে, তা নয়। তার পরও দেশের কোনো কোনো অঞ্চলের গ্রামের পর গ্রাম, মাঠ-ঘাট এমনকি সড়ক-মহাসড়কও নিমজ্জিত হয়েছে। শহর-নগরে পানি জমে দৃশ্যত ভয়াবহ বন্যা-পরিস্থিতির সৃষ্টি করেছে।তবে কারণ যা-ই হোক, দেশের বিভিন্ন স্থানে অনেক মানুষ দুর্ভোগে পড়েছে। তাদের আশ্রয়, খাদ্য ও পানীয় জলের অভাব দেখা দিয়েছে। এরা সব সাধারণ মানুষ। সরকারি উদ্যোগে এখনো কোনো ত্রাণ-সহায়তা তাদের কাছে পৌঁছায়নি। স্থানীয়ভাবে কোনো কোনো বেসরকারি সংগঠন সীমিত আকারে কিছু ত্রাণ তৎপরতা চালাচ্ছে।স্পারসোর পর্যবেক্ষণ: মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের (স্পারসো) সূত্রগুলো জানায়, দেশে এখন পর্যন্ত বন্যা-পরিস্থিতি সৃষ্টির কোনো লক্ষণ তারা দেখছে না। এখন দেশের কয়েকটি অঞ্চলে যেটা হচ্ছে, তা আসলে একটু বড় ধরনের জলাবদ্ধতা। উজান থেকে বর্ষার যে পানি আসে, তার সঙ্গে দেশের মধ্যে কয়েক দিনের টানা বৃষ্টি ও বৃষ্টিজনিত পাহাড়ি ঢলের পানিনিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।স্পারসোর সূত্রমতে, বাংলাদেশে অস্বাভাবিক বন্যা হয় তখনই, যখন একসঙ্গে পদ্মা, মেঘনা ও যমুনার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপরে চলে যায়। এর মধ্যে অন্তত দুটি নদীর পানি একযোগে সব স্থানে বিপৎসীমা অতিক্রম করলেও বন্যা হতে পারে। এ বছর এখন পর্যন্ত তেমন কোনো পরিস্থিতি দেখা দেয়নি।আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্রের সূত্রগুলোও প্রথম আলোকে একই কথা বলেছে। তারা জানায়, বন্যা-পরিস্থিতির সৃষ্টি হয়েছে কি না, হলে তা কতখানি মারাত্মক, তার নির্দেশক হচ্ছে দেশের প্রধান প্রধান নদ-নদীর অবস্থা।নদ-নদীর অবস্থা: দেশের প্রধান চারটি নদী অববাহিকায় (ব্রহ্মপুত্র, গঙ্গা, মেঘনা ও সুরমা অববাহিকা) বন্যা সতর্কীকরণ কেন্দ্রের মোট ৭৩টি পর্যবেক্ষণ স্থান রয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এর মধ্যে ৪৭টিতে পানি বেড়েছে, যার সাতটিতে আবার নদী বিপৎসীমা অতিক্রম করেছে। ২২টি স্থানে পানি কমেছে। দুটি স্থানে পানি আগের স্তরেই ছিল। বাকি দুটি স্থান সম্পর্কে গতকাল কোনো তথ্য দিতে পারেনি সতর্কীকরণ কেন্দ্র।গতকাল পানি বিপৎসীমা অতিক্রম করেছে পদ্মার গোয়ালন্দে ১৩ সেন্টিমিটার ও ভাগ্যকূলে ৩৮ সেন্টিমিটার। আড়িয়াল খাঁ নদী মাদারীপুরে ১৩ সেন্টিমিটার, টঙ্গী খালে ২০ সেন্টিমিটার, কংস নদে জারিয়া-ঝাঞ্ঝাইলে ৩২ সেন্টিমিটার, কপোতাক্ষ নদ ঝিকরগাছায় ৪৯ সেন্টিমিটার এবং সাঙ্গু নদে বান্দরবানে বিপৎসীমার ৭৩ সেন্টিমিটার ওপর দিয়ে গতকাল প্রবাহিত হয়েছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস হচ্ছে, আজ শুক্রবার ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা ও মেঘনায় পানির উচ্চতা কমতে পারে।সরকারি-বেসরকারি সূত্রগুলো বলছে, দেশের যে কটি অঞ্চলে গত কয়েক দিনে বন্যার প্রকোপ একটু বেশি দেখা যাচ্ছে, সেখানেই নদী বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যেমন, বান্দরবান-কক্সবাজারে বন্যার প্রকোপ সবচেয়ে বেশি। ওই অঞ্চলের সাঙ্গু নদ বর্তমানে দেশের মধ্যে বিপৎসীমার সবচেয়ে বেশি ওপর দিয়ে (৭৩ সিন্টিমিটার) প্রবাহিত হচ্ছে।সাতক্ষীরার কয়েকটি এলাকায়ও বন্যার প্রকোপ বেশি। ওই এলাকাগুলো কপোতাক্ষ নদের তীরবর্তী এবং ভবদহের স্থায়ী জলাবদ্ধ অঞ্চলের। সেখানে কপোতাক্ষ নদও বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কপোতাক্ষ খনন করা হলে এ অবস্থা হতো না।নেত্রকোনা, শেরপুরে বন্যার প্রকোপ কিছুটা বেশি হওয়ার কারণ পাহাড়ি ঢল। মুন্সিগঞ্জ-মানিকগঞ্জের নিম্নাঞ্চল প্রতিবছর প্লাবিত হয় বর্ষাকালীন পদ্মার স্বাভাবিক জোয়ারেই। একই কারণে শরীয়তপুর, ফরিদপুর ও মাদারীপুরের একাংশে বন্যা দেখা দেয়। এগুলো সবই বর্ষাকালীন স্বাভাবিক বন্যা। বৃষ্টিপাতের পরিমাণ: বন্যা সতর্কীকরণ কেন্দ্র কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ আটটি স্থানে গত বুধবার সকাল ছয়টা থেকে গতকাল সকাল ছয়টা পর্যন্ত বৃষ্টিপাতের রেকর্ড করেছে। এতে দেখা যায়, টেকনাফে ১৭৩ মিলিমিটার, কক্সবাজারে ৯৯, বগুড়ায় ৮৪, কুমিল্লায় ৭৫, পাঁচ পুকুরিয়ায় ৭০, সিলেটে ৬৪, মহাদেবপুরে সাড়ে ৬৩ এবং সিরাজগঞ্জে সাড়ে ৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ অঞ্চলেও বন্যা দেখা দিয়েছে।কিন্তু গতকাল সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কমেছে। আবহাওয়া অধিদপ্তরের সূত্র জানায়, গতকাল একমাত্র চুয়াডাঙ্গায় ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশে আর সর্বত্র বৃষ্টি হয়েছে ১০ মিলিমিটারের কম। এর মধ্যে ঢাকায় গতকাল বৃষ্টি হয়েছে পাঁচ মিলিমিটার। চট্টগ্রাম ও সিলেটে গতকাল কোনো বৃষ্টিই হয়নি।এর ফলে গত কয়েক দিনে দেশের নিম্নাঞ্চলে যে স্বাভাবিক বন্যার সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতিরও উন্নতি হচ্ছে। আজ শুক্রবার সারা দেশে বৃষ্টিপাত আরও কমবে।বিশেষজ্ঞ অভিমত: দেশের বর্তমান বৃষ্টি-বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বিশিষ্ট পানিবিজ্ঞানী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, এ বছর এখন পর্যন্ত নদ-নদীতে যে পরিমাণ পানি এসেছে এবং দেশের মধ্যে যতটা বৃষ্টি হয়েছে, তা একবারেই স্বাভাবিক। এর চেয়ে কিছুটা বেশি হলেও তা অস্বাভাবিক নয়। বরং সেটা দেশের জন্য ভালো। বর্ষাকালে এ রকম বৃষ্টির পানিতে নিম্নাঞ্চল ও প্লাবনভূমি তো জলমগ্ন হবেই।নিশাত বলেন, এই স্বাভাবিক বৃষ্টির ও নদীর পানিপ্রবাহের ফলে কোথাও যদি কিছুটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে সে দোষ তো প্রকৃতির নয়। সেটা হচ্ছে অপরিকল্পিত নগরায়ণ ও যেখানে-সেখানে আবাসন প্রকল্প, শিল্পকারখানা, রাস্তাঘাট নির্মাণের ফলে।বিশিষ্ট এই পানিবিজ্ঞানী বলেন, আগে গ্রামের মানুষ ভিটি উঁচু করে বাড়ি তৈরি করতেন। যখন থেকে বাঁধ নির্মাণ শুরু হলো, তখন থেকে তাঁরাও বাড়ির ভিটি উঁচু করা বন্ধ করলেন। কারণ, তখন ওই বাঁধকেই তাঁরা নিরাপত্তাব্যবস্থা হিসেবে নিলেন। এখন অধিকাংশ বাঁধের অবস্থা খারাপ। যথাযথ রক্ষণাবেক্ষণ হচ্ছে না। এদিকে সরকারের নজর দেওয়া দরকার।