স্বাভাবিক বৃষ্টিপাতের আশা, মাঝারি বন্যার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোট পরিমাণের দিক থেকে স্বাভাবিক বৃষ্টিপাতের আশা ও মাঝারি মাত্রার বন্যার আশঙ্কা নিয়ে আসছে এবারের বর্ষা। এই আশা ও আশঙ্কার কথা প্রথম আলোকে বলেছেন সংশ্লিষ্ট ক্ষেত্রের কয়েকজন বিশেষজ্ঞ। আবহাওয়াপঞ্জি অনুযায়ী এ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই বাংলাদেশে শুরু হচ্ছে বর্ষাকাল। চলবে সেপ্টেম্বর মাস পর্যন্ত। বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আসায় বেশ কয়েক দিন বৃষ্টিহীন থাকার পর একেবারে টানা প্রবল বৃষ্টি হতে পারে। এ কারণে মোট বর্ষণের পরিমাণ স্বাভাবিক থাকতে পারে।এবারের বর্ষা আসছে একটি বিরূপ পরিস্থিতির প্রেক্ষাপটে। গত বছরের নভেম্বর-ডিসেম্বর থেকে শুরু করে এ বছরের মে পর্যন্ত দেশে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের তুলনায় অনেক কম। মার্চে দেশের অর্ধেকেরও বেশি এলাকায় (রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে) ছিল কার্যত খরা পরিস্থিতি। এপ্রিল-মে মাসেও একমাত্র সিলেট বিভাগ ছাড়া দেশে স্বাভাবিক বৃষ্টি হয়নি।এই প্রেক্ষাপটে আসা বর্ষাকাল কেমন যাবে এবং বন্যার আশঙ্কা আছে কি না, জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরজুমান্দ হাবিব প্রথম আলোকে জানান, এ বছর বর্ষা স্বাভাবিকই হতে পারে। অর্থাৎ বর্ষাকালজুড়ে সর্বমোট বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের সমান হতে পারে। আরজুমান্দ হাবিব অবশ্য বলেন, এর মানে এই নয় যে যখন যে পরিমাণ বৃষ্টি স্বাভাবিক তখন সেই পরিমাণ বৃষ্টিই হবে। ১০ দিন বৃষ্টি না হওয়ার পর একদিনে হয়তো ১০ দিনের সমান বৃষ্টি হবে। কয়েক বছর ধরে এ রকম হচ্ছে উল্লেখ করে তিনি জানান, এ বছরও হতে পারে। এ ধরনের ঘটনাই হতে পারে বন্যার অন্যতম কারণ।দেশের বাইরে উজানে বৃষ্টিপাতও বাংলাদেশে বন্যার একটি বড় কারণ—এ কথা উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, ‘বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ছয় মাস ধরে বৃষ্টিপাতের ধরন আমাদের দেশের মতোই ছিল। কাজেই আসন্ন বর্ষায় সেখানেও বৃষ্টিপাতের ধরনে অস্বাভাবিকতা থাকতে পারে।’বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন সমগ্র এশিয়া মহাদেশেই শুরু হওয়া একটি প্রবণতা। গত ৩০-৩১ মে ঢাকায় অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনবিষয়ক বৈশ্বিক জোটের (জিসিসিএ) এশীয় আঞ্চলিক সম্মেলনে অংশ নেওয়া আফগানিস্তান, ভুটান, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমারের প্রতিনিধিরা তাঁদের দেশে কয়েক বছর ধরে এই প্রবণতা চলেছে বলে উল্লেখ করেন। তাঁরা জানান, এর ফলে অন্যান্য ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পাশাপাশি বন্যা বেড়েছে।ঢাকায় অবস্থিত সার্ক আবহাওয়া অফিসে কর্মরত বাংলাদেশি বিজ্ঞানী সুজিত কুমার দেবশর্মাও আগামী বর্ষা মৌসুমে বন্যার আশঙ্কা ব্যক্ত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আবহাওয়ার যেসব মডেল দেখছি, তাতে আসন্ন মৌসুমে বর্ষা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। তবে মাঝারি মাত্রার বন্যার আশঙ্কা রয়েছে।’ এই আশঙ্কার ভিত্তি কী? জানতে চাইলে তিনি জানান, গবেষণায় দেখা গেছে, সাধারণত ১১ বছর পরপর একেকটি বন্যা আসে। তবে এটা ১০ থেকে ১২ বছরের মধ্যেও হতে পারে। দেবশর্মা আরও বলেন, ‘সাধারণত ১১ বছর পরপর আমাদের সৌরজগতের কেন্দ্র সূর্যের কার্যশীলতা (সোলার ফ্লেয়ার অ্যাকটিভিটি) বৃদ্ধি পায়। এ বছর সূর্যে এ রকম কিছু প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এ থেকেই বন্যার আশঙ্কা করা হচ্ছে।’১১ বছরের এ চক্রের উদাহরণ দিয়ে দেবশর্মা বলেন, বাংলাদেশে নিকট অতীতে ১৯৮৭ ও ৮৮ সালের পর ১৯৯৮ ও ৯৯ সালে বন্যা হয়েছে। তারপর গত বছরও দেশের প্রায় ৩০ শতাংশ এলাকায় বন্যা হয়েছিল। এ বছর তার চেয়েও কিছুটা বেশি হতে পারে।বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) একটি সূত্র জানায়, তাদের পর্যবেক্ষণ অনুযায়ীও আসন্ন বর্ষা মৌসুমে বন্যার আশঙ্কা রয়েছে। এই বন্যা আগামী আগস্ট মাসের দ্বিতীয়ার্ধ থেকে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে হতে পারে। প্রতিষ্ঠানের ‘সাইক্লোন অ্যান্ড স্টর্ম মনিটরিং’ বিভাগের মে মাসের প্রতিবেদনে এ বিষয়ে তথ্য ও বিশ্লেষণ প্রকাশ করা হবে। প্রতিবেদনটি আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ও তা মোকাবিলা বিষয়ে কাজ করা ফোরাম ‘ডিজাস্টার এমার্জেন্সি রেসপন্স’ (ডিইআর)-এর পর্যবেক্ষণেও বন্যার আশঙ্কার কথা বলা হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।