স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার দাবিতে মানববন্ধন
স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা ও আইন করে সড়ক দুর্ঘটনা বন্ধের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে ছাত্র-শিক্ষক-পেশাজীবী জনতা। আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।দাবি মানা না হলে আগামী ২০ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে আবারও মানববন্ধন করার ঘোষণা দেওয়া হয়।মানববন্ধনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘আমাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি ছিনিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় সাংবাদিক দীনেশ দাস নিহত ও নিখিল ভদ্র পঙ্গু হয়েছেন। স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার জন্য আমরা আন্দোলন করছি। এ আন্দোলন আমাদের বাঁচার সংগ্রাম।’ তিনি এ আন্দোলনে নিজ দলের সংহতির পাশাপাশি আপামর জনসাধারণকে অংশগ্রহণ করার আহ্বান জানান।রাজনীতিক মাহমুদুর রহমান মান্না বলেন, সড়ক দুর্ঘটনার কারণে দেশ আজ মৃত্যুপুরিতে পরিণত হয়েছে। এ ক্ষেত্রে কোনো উন্নতি দেখা যাচ্ছে না। রাজনীতিবিদেরা জীবনের চেয়ে ক্ষমতার কথা চিন্তা করেন বেশি। অথচ আন্তরিকতা, মানবতা, মানুষকে বাঁচানোর তাগাদা থাকলেই সড়ক দুর্ঘটনা রোধ করা যায়। তিনি সড়ক দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তি, দুর্ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ, চালকদের প্রশিক্ষণসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন।সংস্কৃতিকর্মী রোকেয়া প্রাচী বলেন, এ আন্দোলন কোনো চালক ও মালিকের বিরুদ্ধে নয়। এ আন্দোলনে তাঁদেরও সুযোগ-সুবিধার কথা বলা হচ্ছে। সুতরাং এটি ১৬ কোটি মানুষের আন্দোলন। তিনি যোগাযোগব্যবস্থার ওপর নৌমন্ত্রীকে হস্তক্ষেপ না করার অনুরোধ জানান।কমিউনিস্ট নেতা রুহিন হোসেন বলেন, ‘বর্তমান যোগাযোগমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তিনি যদি সেই উদ্যোগ বাস্তবায়ন না করে ঘাতকদের পক্ষ নেন, তাহলে আমরা তাঁর বিরুদ্ধেও সোচ্চার থাকব।’মানববন্ধন শেষে একটি মৌন মিছিলে অংশগ্রহণকারীরা দীনেশ দাস নিহত হওয়ার স্থল কাকরাইলে গিয়ে মোমবাতি প্রজ্বালন করে।মানববন্ধনে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া সাইফ আহমেদের বাবা ইকরাম আহমেদ, সাংবাদিক দীনেশ দাসের বন্ধু মেহেদী আজাদ প্রমুখ বক্তব্য দেন।