স্বাভাবিক হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় থেকে নবীনগর এবং চন্দ্রা থেকে টাঙ্গাইল সড়কে দীর্ঘ যানজট কমতে শুরু করেছে। আজ রোববার বেলা দুইটা থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। এই মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপে ২৫-৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল।মহাসড়ক পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ও আশপাশের এলাকার শত শত যানবাহন একসঙ্গে চলাচল শুরু করে। এতে ওই সড়কে যানবাহনের চাপ ব্যাপকভাবে বেড়ে যায়। এ ছাড়া টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় ও কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় কয়েকটি ট্রাক বিকল হয়ে পড়ায় শুরু হয় তীব্র যানজট। ওই যানজটের ফলে শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক স্থবির হয়ে পড়ে।কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুর রহমান জানান, মহাসড়কে আজ ভোর থেকেই কালিয়াকৈর থানার পুলিশসহ মহাসড়ক পুলিশ ও আর্মড পুলিশ একত্রে কাজ করে দুপুরের দিকে যানজট নিরসন করতে সক্ষম হয়। ফলে বেলা দুইটার পর থেকে কালিয়াকৈর-নবীনগর সড়ক ও চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত সড়ক ফাঁকা হতে শুরু করেছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মহাসড়কে যানজট কমতে থাকায় দুপুরের পর থেকেই যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।