স্বাভাবিক হয়নি ফেরি চলাচল, চরম দুর্ভোগ, একজনের মৃত্যু
মুন্সিগঞ্জের মাওয়া থেকে মাদারীপুরের কাওরাকান্দি এবং মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে গতকাল শনিবারও নৌযানসহ ফেরি চলাচল স্বাভাবিক হয়নি।এ কারণে ঘাটগুলোতে যাত্রীবাহী ও পণ্যবাহী অনেক যানবাহন আটকা পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে হাজারো যাত্রী। নারী-শিশু-বৃদ্ধ যাত্রীদের অনেকে অসুস্থ হয়ে পড়েছে। কাওরাকান্দি ঘাটে নামার সময় ভিড়ের চাপে মারা গেছেন একজন। গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাওয়া-কাওরাকন্দি উভয় ঘাট এলাকায় পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়েছে।বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মো. আশিকুজ্জামান বলেন, সব ফেরি চালু হতে সময় লাগবে।আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।পাটুরিয়া-দৌলতদিয়া: গতকালও এই নৌপথে ফেরি চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। এতে পাটুরিয়া হয়ে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটসহ ঘাটসংলগ্ন মহাসড়কে সৃষ্টি হয়েছে যানজটের।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার রাত নয়টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে যাত্রীদের কথা বিবেচনা করে বাতাস আর ঢেউয়ের মধ্যেই শুক্রবার বেলা ১১টার পর ফেরি চালু করা হয়। বাতাসের গতিবেগ বেড়ে গেলে শুক্রবার রাত পৌনে আটটায় আবারও ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে পরিস্থিতি অনুকূলে এলে রাত একটার দিকে ফেরি চলাচল শুরু করা হয়।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত থেকে দৌলতদিয়ার তিনটি ঘাটের মধ্যে দুটি ঘাটই বন্ধ থাকে। ৩ নম্বর ঘাটের একটি পকেট দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা করে। পরে গতকাল বেলা দুইটার দিকে ১ নম্বর ঘাটের একটি পকেট ও বিকেল পাঁচটার দিকে ২ নম্বর ঘাটের একটি পকেট চালু করা হয়।ফেরি চলাচল সম্পূর্ণ স্বাভাবিক না হওয়ায় দৌলতদিয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে কয়েক শ গাড়ি।পরিবহন শ্রমিক ও স্থানীয় লোকজন জানান, পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট দিয়ে যানবাহন পারাপারে অচলাবস্থা পুরোপুরি কাটেনি। গতকালও ঢাকা-আরিচা ও গোয়ালন্দ-ফরিদপুর মহাসড়কে দীর্ঘ যানজট ছিল। মাওয়া-কাওরাকান্দি: মাওয়া-কাওরাকান্দি নৌপথে ফেরি ও নৌযান চলাচল গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত স্বাভাবিক হয়নি। ছোট, মাঝারি ও ফ্লাট ফেরি চলাচল বন্ধ রয়েছে।কাওরাকান্দির ১ ও ২ নম্বর ঘাট এখনো পানিতে তলিয়ে আছে। ফেরি চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মাঝে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে।গতকাল সকাল আটটা থেকে ফেরি চলাচল শুরু হয়। এ সময় ১০টি ফেরিতে যানবাহন পারাপার শুরু করা হয়। তবে ঢেউ বেড়ে যাওয়ায় বেলা ১১টা থেকে পাঁচটি ফ্লাট ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিকেল চারটায় আবহাওয়া একটু ভালো হলে ফ্লাট ফেরি দিয়ে যান পারাপার শুরু হয়। আবহাওয়ার আবার অবনতি হলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফ্লাট ফেরি বন্ধ করে দেওয়া হয়।বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক আশিকুজ্জামান বলেন, শুধু তিনটি রো রো ফেরি চলছে। ছোট, মাঝারি ও ফ্লাট ফেরিসহ মোট সাতটি ফেরি ঘাটে নোঙর অবস্থায় আছে।মাওয়া ঘাটের পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, মাওয়ায় ৩ নম্বর ফেরিঘাটে নামার সময় লোকজনের ভিড়ের চাপে সুলতান আহমদ (৬০) নামের এক ব্যক্তি গত বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান। তাঁর বাড়ি খুলনার লবণচরা এলাকায়। পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক তারিফ হোসেন জানান, সুলতান আহমেদের লাশ আত্মীয়স্বজন নিয়ে গেছেন।বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ঝোড়ো হাওয়ায় পদ্মা উত্তাল হয়ে ওঠায় গত বৃহস্পতিবার দুপুর থেকে এই রুটের ১২টি ফেরির মধ্যে ১১টি ফেরি, ৮৭টি লঞ্চ ও চার শতাধিক স্পিডবোট চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। যাত্রীদের চাপে শুধু রো রো ফেরি ভাষা শহীদ বরকত চরম ঝুঁকি নিয়ে চলাচল করছিল।গতকাল দুপুরে কাওরাকান্দি ঘাটে গিয়ে দেখা যায়, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় অনেক বৃদ্ধ, নারী ও শিশু অসুস্থ হয়ে পড়েছে। আটকে পড়া অনেক যাত্রীর টাকা ফুরিয়ে যাওয়ায় তারা খাবারের সংকটে পড়েছে।