পিটিয়ে হত্যার পর নিজেদের গাড়িতে স্ত্রীর লাশ নিয়ে নয় ঘণ্টা রাজধানীর রাস্তায় ঘুরে বেড়ানো স্বামী শিকদার শফিকুর রহমানকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার তাঁকে রিমান্ডে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীকে মারধরের কথা স্বীকার করলেও ঘটনার কারণ ও ধরন সম্পর্কে কিছুই বলেননি। এদিকে তদন্তে অন্য এক নারীকে নিয়ে শফিকুরের বিদেশ ভ্রমণের প্রমাণ পেয়েছে পুলিশ।গত রোববার সন্ধ্যা সাতটার দিকে রমনা পার্কসংলগ্ন সড়ক ভবনের সামনে থেকে একটি ব্যক্তিগত গাড়ির পেছনের আসনে বসানো কামরুন্নাহার নাদিয়ার (৩২) লাশ উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় স্বামী শফিকুরকে। গাড়িটির চালক রবিউল ইসলাম পুলিশকে জানান, রোববার সকালে রায়েরবাজারে শফিকুরের মায়ের বাসায় গিয়ে দেখেন বাথরুমের সামনে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন কামরুন্নাহার। তাঁকে হাসপাতালে নেওয়ার কথা বলে গাড়িতে ওঠানো হলেও শেষ পর্যন্ত নেওয়া হয়নি। বেলা ১১টা থেকেই স্ত্রীর লাশ পাশে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরেছেন শফিকুর। লাশটি এমনভাবে রাখা ছিল যে দেখে মনে হবে ক্লান্ত যাত্রী ঘুমিয়ে পড়েছেন। নিহত কামরুন্নাহারের হাত, পা, পিঠ, হাঁটুসহ গোটা শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছে পুলিশ।কামরুন্নাহারকে পিটিয়ে হত্যা এবং লাশ গুমের চেষ্টার অভিযোগে তাঁর ভাই শাহরিয়ার সিরাজী বাদী হয়ে শফিকুরসহ তিনজনকে আসামি করে হাজারীবাগ থানায় মামলা করেছেন। অন্য দুই আসামি হলেন শফিকুরের মা নূরজাহান বেগম ও ভাই সোহেল। শফিকুরকে গতকাল আদালতে নিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।কামরুন্নাহারের স্বজনেরা জানান, পরিবারের অমতে নিজের পছন্দেই শফিকুরকে বিয়ে করেছিলেন তিনি। পরিবারের কাছে যাঁকে তিনি অমায়িক ও পরিশ্রমী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন, বিয়ের কিছুদিন যেতে না যেতেই তাঁর সেই রূপ বদলে যায়। সামান্য বিষয় নিয়ে করা হতো নির্যাতন। বিয়ের পর তাঁরা বরিশাল শহরের উত্তর কাউনিয়ায় কামরুন্নাহারের বাবার বাড়িতে বসবাস শুরু করেন। প্রতি বৃহস্পতিবার তাঁরা ঢাকায় আসতেন, শনিবার বরিশালে চলে যেতেন। দুজনেই ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য শাখায় আইন বিষয়ের স্নাতকের (সম্মান) শিক্ষার্থী। শফিকুর এর আগে আরও তিনটি বিয়ে করেছেন—এ বিষয়ে কামরুন্নাহার বা তাঁর স্বজনেরা জানতেন না। শফিকুরের ছুরিকাঘাতেই তাঁর বাবা নিহত হন বলে অভিযোগ রয়েছে।ঢাকা মেডিকেল সূত্র জানায়, সুরতহাল প্রতিবেদনে পুলিশ কামরুন্নাহারের শরীরের বিভিন্ন স্থানে জখম থাকার কথা উল্লেখ করেছে। সুরতহালের সাক্ষী ও কামরুন্নাহারের আত্মীয় চিকিৎসক রফিকুল ইসলাম জানান, তাঁর বুক, হাত, হাঁটু, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে মারধরের জখম রয়েছে। তাঁর নাক-মুখেও রক্ত দেখা যায়। তাঁকে যে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, তা স্পষ্ট। রোববার সকালেই গাড়িতে ওঠানোর আগে বা পরে কোনো এক সময় তাঁর মৃত্যু হয়েছে।পুলিশ সূত্র জানায়, শনিবার কামরুন্নাহারকে খাটের মশারির স্ট্যান্ড ও রড দিয়ে পেটান শফিকুর। রায়েরবাজারের হাতেমবাগের ৯০/এ ১০ তলা বাড়ির দ্বিতীয় তলায় থাকেন শফিকুরের মা ও ছোট ভাই। সেখানেই পিটুনিতে নিস্তেজ হয়ে পড়েন কামরুন্নাহার। এ ঘটনার পর থেকে বাসায় তালা দিয়ে পালিয়েছেন তাঁর মা ও ভাই।কামরুন্নাহারের ফুফাতো ভাই ওসমান সাইদ জানান, বেশ কিছুদিন আগে কামরুন্নাহার তাঁর ওপর স্বামীর নির্যাতনের কথা বলেন। তিনি কামরুন্নাহারকে বিচ্ছেদের পরামর্শ দিয়েছিলেন। নির্যাতনের কারণ হিসেবে কামরুন্নাহার স্বজনদের জানিয়েছিলেন, বরিশাল শহরে তাঁর বাবার যে ১৫ শতাংশ জমি রয়েছে, তা নিজের নামে লিখে দিতে চাপ দিতেন শফিকুর।বান্ধবী নিয়ে বিদেশ ভ্রমণ: পুলিশ সূত্র জানায়, শফিকুরের মায়ের বাসা থেকে তাঁর ও তাঁর এক বান্ধবীর পাসপোর্ট পেয়েছে পুলিশ, যাঁর সঙ্গে কয়েক দিন আগেও শফিকুর থাইল্যান্ড গিয়েছিলেন। ওই তরুণীকে খোঁজা হচ্ছে। তাঁকে পাওয়া গেলে তাঁদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শফিকুর খুবই ধূর্ত, তার ওপর আইনের ছাত্র হওয়ায় আইনের মারপ্যাঁচগুলো বুঝেশুনে উত্তর দিচ্ছেন। তিনি একেক সময় একেক কথা বলছেন। তবে হত্যাকাণ্ডের কারণ ও ধরন সম্পর্কে এখনো বিস্তারিত মুখ খোলেননি তিনি।পিতৃঘাতক শফিকুর: গৌরনদী (বরিশাল) প্রতিনিধি জানান, শফিকুরকে গ্রেপ্তারের খবরে উপজেলার টরকী বন্দর এলাকায় মিষ্টি বিতরণ করেছেন ব্যবসায়ীরা। শফিকুর স্থানীয় যুবলীগের নেতা। অথচ ১৯৯৩ সালে তিনি ছাত্রদল থেকে নির্বাচন করে গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে ব্যবসায়ীদের মারধর, হুমকি, টাকা আদায় ইত্যাদির অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০০৩ সালের ১ এপ্রিল টরকী বন্দরে তাঁর বাবা সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সিকদারকে তিনি ছুরিকাঘাত করেন। চিকিৎসাধীন অবস্থায় ৯ এপ্রিল হাবিবুর রহমান সিকদারের মৃত্যু হয়।জানা যায়, ২০০৪ সালে তিনি প্রথম বিয়ে করেন ঢাকায়। এরপর ২০০৬ সালে মাদারীপুরের কালকিনিতে দ্বিতীয় বিয়ে করেন। ২০০৮ সালে দ্বিতীয় স্ত্রীর ছোট বোনকে অপহরণ করে নিয়ে গিয়ে বিয়ে করেন। সর্বশেষ ২০১০ সালের অক্টোবরে কামরুন্নাহারকে বিয়ে করেন।এ বিষয়ে জানতে চাইলে গৌরনদী থানার ওসি নুরুল ইসলাম জানান, শফিকুর তাঁর বাবাকে হত্যা করেছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে গৌরনদী থানায় ছয়টি মামলা ও অসংখ্য জিডি রয়েছে। এখন তাঁর মামলাগুলো খোঁজা হচ্ছে।