স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের জন্মোৎসব পালন
হিন্দুধর্মের সাধুগুরু সন্ন্যাসী সমপ্রদায়ের গুরু স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের ১৩১তম জন্মোৎসব ২৪ আগস্ট মেহেরপুর জেলার কুতুবপুরে নিগমানন্দের গুরুধামে পালিত হয়েছে। এ উপলক্ষে শিষ্য-ভক্তরা সেখানে গুরু নিগমানন্দের আসনে বিশেষ পূজা, হোম, অঞ্জলি প্রদান ও দীক্ষাদান করেন। পরে মধ্যাহ্ন ভোগরাগ, দরিদ্র নরনারায়ণের সেবা, বিকেলে ধর্মসভা, শ্রীশ্রীঠাকুর মহারাজের জীবনবাণী, আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য ও ভাবধারার ওপর আলোচনা করেন। গুরুধামের সেবায়েৎ স্বামী অখণ্ডানন্দ সরস্বতী মহারাজ অনুষ্ঠান পরিচালনা করেন। ভক্ত শিষ্যকুল জাতীয় কমিটির সাধারণ সম্পাদক বিশ্বপতি রায় জানান, মেহেরপুরের কুতুবপুরের এই তিথিতে গুরু স্বামী নিগমানন্দ ১২৮৭ বঙ্গাব্দে জন্ম নেন। তিনি ১৩১১ বঙ্গাব্দে পরমহংস উপাধি লাভ করেন। পরে যোগাসন অবস্থায় ১৩৪২ বঙ্গাব্দের ১৩ অগ্রহায়ণ (২৯ নভেম্বর ১৯৩৫ ইং) তাঁর জীবনাবসান ঘটে। এবার গুরুর জন্মোৎসব পালন করতে প্রায় নয় হাজার ভক্ত ও শিষ্য উপস্থিত হয়েছেন। এর মধ্যে ভারত ও নেপালের প্রায় ১৫০ জন রয়েছেন।