স্বামী ভয়ংকর!
পিরোজপুরের মঠবাড়িয়ায় জেসমিন আক্তার নামে এক গৃহবধূর ওপর নির্যাতন চালিয়ে তাঁর মাথার চুল ও ভ্রু কেটে দেওয়া হয়েছে। যৌতুক না পেয়ে স্বামী মনির হোসেন জেসমিনের ওপর নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিন দিন ধরে নির্যাতন চালানোর খবর পেয়ে পুলিশ গত বুধবার বিকেলে জেসমিনকে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করেছে।জানা যায়, উপজেলার উত্তর তাফালবাড়িয়া গ্রামের আলতাফ হোসেনের কলেজপড়ুয়া মেয়ে জেসমিন আক্তারের সঙ্গে তিন বছর আগে একই উপজেলার দক্ষিণ চড়কগাছিয়া গ্রামের মোনাব্বরের ছেলে মনির হোসেনের বিয়ে হয়।জেসমিনের বাবা আলতাফ হোসেন জানান, বিয়ের পরপরই মনির তাঁদের কাছে যৌতুক হিসেবে এক লাখ টাকা দাবি করেন। এই টাকা দিতে না পারায় মনির বিভিন্ন সময়ে জেসমিনের ওপর নির্যাতন চালান। গত সোমবার সকালে মনির স্ত্রী জেসমিনকে একটি ঘরে আটকে প্রচণ্ড মারধরের পর মাথার কিছু চুল ও দুই চোখের ভ্রু কেটে দেন। ঘটনা জানতে পেরে তিনি পুলিশে খবর দেন। পুলিশ দক্ষিণ চড়কগাছিয়া গ্রামে মনিরের বাড়ি থেকে বুধবার বিকেলে জেসমিনকে উদ্ধার করে নিয়ে আসে।দক্ষিণ চড়কগাছিয়ার বাসিন্দা স্কুলশিক্ষক আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, ‘জেসমিনের ওপর নির্যাতনের ঘটনায় আমরা গ্রামবাসী লজ্জিত। মনিরের কঠোর শাস্তির দাবি জানাই।’পিরোজপুর সূচনা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সালমা রহমান বলেন, ‘গৃহবধূ জেসমিনের ওপর অমানুষিক নির্যাতনের প্রতিবাদে আমরা আন্দোলনে যাব। আমরা মনিরের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।’মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মনির পালিয়ে গেছেন। এ ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।