স্বামী-স্ত্রী ও সন্তানকে হত্যা
জামালপুর শহরের চালাপাড়ায় স্বামী-স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফেরদৌস হোসেন (৪৮), তাঁর স্ত্রী বন্যা (২২) ও তাঁদের তিন বছরের ছেলেশিশু প্রণয়।প্রত্যক্ষদর্শী, প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফেরদৌস হোসেন ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে অডিটর পদে চাকরি করতেন। তিনি তিনটি বিয়ে করেছিলেন। দ্বিতীয় স্ত্রীকে সম্প্রতি তিনি তালাক দেন। জামালপুর শহরের চালাপাড়ায় তাঁর তৃতীয় স্ত্রী বন্যা ও তিন বছরের ছেলে প্রণয় এবং প্রথম স্ত্রী মনোয়ারা বেগমের সন্তান নিপুণকে নিয়ে বসবাস করতেন।প্রতিবেশীরা আজ রোববার সকাল থেকে চালাপাড়ায় তাঁদের বাসায় কোনো সাড়াশব্দ না পেয়ে খোঁজ নিতে যান। এ সময় তাঁরা একটি কক্ষে গৃহকর্তা ফেরদৌস হোসেনের গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে পুলিশ ও র্যাবের সদস্যরা ওই বাসায় তল্লাশি চালান। এ সময় তাঁরা বাসার আরেকটি কক্ষে গৃহকর্ত্রী বন্যার ঝুলন্ত লাশ এবং বিছানা থেকে প্রণয়ের লাশ উদ্ধার করেন।পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা ফেরদৌস হোসেনকে জবাই করে এবং বন্যা ও প্রণয়কে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।পুলিশ তাঁর প্রথম স্ত্রীর ছেলে নিপুণকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।জামালপুরের পুলিশ সুপার মো. আবদুর রাজ্জাক প্রথম আলো অনলাইনকে বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মো. নুরুজ্জামান মাসুদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।