সখিপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয়
স্বামী-স্ত্রীর বিরুদ্ধে তথ্য গোপন করে চাকরি নেওয়ার অভিযোগ
শরীয়তপুরের সখিপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাউদ্দিন ও তাঁর স্ত্রী সহকারী শিক্ষিকা রাহিমা বেগমের বিরুদ্ধে তথ্য গোপন করে দীর্ঘদিন ধরে চাকরি করার অভিযোগ উঠেছে।বিদ্যালয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন ১৯৮২ সালে কনিষ্ঠ শিক্ষক হিসেবে বিদ্যালয়ে যোগদান করেন। চাকরিরত অবস্থায় তিনি ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে পূর্ব মাদারীপুর কলেজ থেকে নিয়মিত ছাত্র হিসেবে স্নাতক পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় তিনি বাংলা বিষয়ে ফেল করে সম্পূরক পরীক্ষা দেওয়ার অনুমতি পান। পরের বছর তিনি বাংলা বিষয়ে পরীক্ষা দিয়ে অনুত্তীর্ণ হন। ১৯৯২ সালে স্নাতক পাস দেখিয়ে সনদপত্র জমা দেন এবং ২০০৬ সাল থেকে জ্যেষ্ঠ শিক্ষকের বেতন পান। সহকারী শিক্ষক রাহিমা বেগম ২০০৫ সালের ১০ এপ্রিল বিদ্যালয়ে যোগ দেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী নিবন্ধন সনদ ছাড়া ও একাধিক পরীক্ষায় তৃতীয় বিভাগ পাওয়াদের নিয়োগ দেওয়া যাবে না। রাহিমা বেগম পূর্ব মাদারীপুর কলেজ থেকে ১৯৯২ সালে তৃতীয় বিভাগে এইচএসসি ও ১৯৯৫ সালে তৃতীয় বিভাগে স্নাতক পাস করেন। ২০০৬ সালের ফেব্রুয়ারি থেকে তিনি জ্যেষ্ঠ শিক্ষকের ছয় হাজার ৮০০ টাকা স্কেলের বেতন উত্তোলন করছেন।বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য খসরু সরদার বলেন, ‘আমরা বিষয়গুলো জানতে পেরে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে তদন্তের আবেদন করেছি। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ জালিয়াতির আশ্রয় নিলে তাঁর প্রতিকার হওয়া উচিত।’বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোয়াজ্জেম সরদার বলেন, ‘সালাউদ্দিন ও রাহিমা বেগমের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা আমার কাছে এসেছে। সালাউদ্দিন এইচএসসি পাস করার পর বিদ্যালয়ে যোগদান করেন। এরপর তিনি প্রাইভেট পরীক্ষা দিয়ে স্নাতক পাস করার সার্টিফিকেট বিদ্যালয়ে জমা দিয়েছেন। সেটা জাল না ঠিক তা আমরা জানি না। রাহিমা তৃতীয় বিভাগ প্রাপ্ত জেনেই তাঁকে চাকরিতে নিয়োগ করা হয়েছে।’ সহকারী শিক্ষক সালাউদ্দিন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে চাকরি করছি। ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট স্নাতক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হই।’সহকারী শিক্ষিকা রাহিমা বেগম বলেন, ‘আমি ২০০৩ সাল থেকে বিদ্যালয়ে কাজ করছি। ব্যবস্থাপনা কমিটির জটিলতার কারণে আমার নিয়োগ ২০০৫ সালে স্থায়ী করা হয়। এর মধ্যে শিক্ষক নিবন্ধন সনদ জমা দেওয়ার নির্দেশ আসে। আমি কোনো কিছু গোপন না করে কর্তৃপক্ষকে জানিয়েছি।’ শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিকুল ইসলাম খান বলেন, ‘এ রকম একটি অভিযোগ আমার কার্যালয়ে এসেছে। আমি অভিযোগকারীদের বলেছি মহাপরিচালকের বরাবরে অভিযোগ দেওয়ার জন্য। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’