স্বামীকে ছাড়াই উৎসব শেষ করছেন রানি
স্বামী প্রিন্স ফিলিপকে ছাড়াই সিংহাসনে আরোহণের হীরকজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের শেষ দিন কাটছে যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের। গতকাল অনুষ্ঠান চলাকালে অসুস্থ প্রিন্স ফিলিপকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়।রানি দ্বিতীয় এলিজাবেথের ব্রিটিশ সিংহাসনে আরোহণের ৬০ বছর পূর্তি উপলক্ষে গত শনিবার থেকে চার দিনব্যাপী বর্ণাঢ্য উত্সব চলছে লন্ডনে। গতকাল সোমবার উত্সবের তৃতীয় দিনের মূল আয়োজন ছিল রাজপ্রাসাদকে ঘিরে। এলটন জন, স্টিভি ওয়ানডার, পল ম্যাককার্টনি, টম জোনসের মতো বিখ্যাত সংগীতশিল্পীরা বাকিংহাম প্যালেসের সামনে সুরের মূর্ছনায় উপস্থিত সবাইকে মাতিয়ে রাখেন। বিবিসি জানায়, প্রিন্স ফিলিপসহ রানি সংগীত উপভোগ করছিলেন। একপর্যায়ে ৯০ বছর বয়স্ক প্রিন্স ফিলিপ তাঁকে লন্ডনের কিং এডওয়ার্ড সেভেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি মূত্রথলির সংক্রমণে ভুগছেন।বাকিংহাম প্যালেস সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ঝুঁকি এড়াতে সতর্কতামূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে কয়েক দিন তিনি চিকিত্সকের পর্যবেক্ষণে থাকবেন। তার মানে, আজ হীরকজয়ন্তী উত্সবের শেষ দিন অনুপস্থিত থাকবেন তিনি।আজ মঙ্গলবার উত্সবের শেষ দিনে বরাবরের মতো ব্রিটিশরাজের অন্যতম আকর্ষণ আতশবাজির জমকালো প্রদর্শনী থাকবে। ১৯৫২ সালে মাত্র ২৫ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন রানি। এখনো ১৬টি দেশের প্রধান হিসেবে সম্মানসূচক আসনে রয়েছেন তিনি। লন্ডনের সেন্ট পল’স ক্যাথেড্রালে রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে নিয়ে তাঁর সম্মানে দেওয়া বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হবেন। সেখানে ক্যান্টারবারির আর্চ বিশপ পবিত্র বাইবেল থেকে ধর্মীয় বাণী পাঠ করবেন। এ সময় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও রানির সম্মানে শ্রদ্ধা নিবেদন করবেন।ব্রিটিশ পার্লামেন্টের ঐতিহ্যবাহী ওয়েস্ট মিনিস্টার হলে রাজপরিবারের সদস্যরা আজ মধ্যাহ্ন ভোজ সারবেন। এরপর ঘোড়ার গাড়িতে বসে রানি বাকিংহাম প্যালেসগামী একটি শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন। প্রিন্স চার্লস, তাঁর দুই ছেলে প্রিন্স হ্যারি, প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটনও রাজকীয় ঘোড়ার গাড়িতে বসে এই শোভাযাত্রায় যোগ দেবেন।বাকিংহাম প্যালেসে পৌঁছে রাজপরিবারের সদস্যরা প্যালেসের বারান্দায় সমবেত হবেন। তখন তাঁদের সম্মানে উড়ে যাবে রাজকীয় বিমানবাহিনীর আধুনিক ও দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বিমান। এর মধ্য দিয়ে শেষ হবে চার দিনের জাঁকাল এই হীরকজয়ন্তী উত্সব।