স্বামীর ঘুষিতে প্রাণ গেল স্ত্রীর
কক্সবাজারের টেকনাফ উপজেলায় এনাম উল্লাহর ঘুষিতে তাঁর দ্বিতীয় স্ত্রী নূর বেগমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রায় চার মাস আগে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা আনরেজিস্ট্রার্ড রোহিঙ্গা শরণার্থীদের বস্তির ই-ব্লকের ১৯৮ নম্বর কক্ষের এনাম উল্লাহর (২৫) সঙ্গে একই এলাকার নূর বেগমের (১৮) বিয়ে হয়। প্রথম স্ত্রী থাকার কথা গোপন করে এনাম নূর বেগমকে বিয়ে করেন। বিয়ের পরে নূর বেগম তাঁর স্বামীর আগের স্ত্রী থাকার কথা জানতে পারেন। (এ) বিষয়টি মেনে নেওয়ার পরেও বিভিন্ন সময় এনাম স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। গতকাল সোমবার রাতেও এনাম স্ত্রীকে মারধর শুরু করলে একপর্যায়ে নূর বেগম মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় নূর বেগমের আত্মীয়রা তাঁকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক নূর বেগমকে মৃত ঘোষণা করেন। নূর বেগমের বাবা বাদী হয়ে স্বামী এনাম উল্লাহকে অভিযুক্ত করে আজ টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘নূর বেগমের বাবার মামলার ভিত্তিতে এনাম উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।’পুলিশ হেফাজতে থাকা এনাম উল্লাহ বলেন, প্রথম বিয়ে নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ঘুষি মারলে স্ত্রী মাটিতে লুটিয়ে পড়েন।