স্বামীর দ্বিতীয় বিবাহ ও স্ত্রীর অধিকার
বরিশালের মেয়ে রহিমা সুলতানার বিবাহ হয় ১৯৯১ সালে। বিবাহের পর যথারীতি তাঁকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হয়। বছর ঘুরতে না ঘুরতেই তাঁর কোলজুড়ে আসে প্রথম সন্তান, ছেলে তারিক। এরই মধ্যে বিভিন্ন কারণে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে দ্বন্দ্ব-কলহ শুরু হয়ে যায়। সম্ভ্রান্ত পরিবারের ছেলের সঙ্গে বিবাহ দিয়ে রহিমার পরিবার কন্যাদায়গ্রস্ত হতে যেন মুক্তি পেল। কিন্তু ভাগ্যের পরিহাসে প্রতিনিয়ত তাঁদের মধ্যে দ্বন্দ্ব-কলহ লেগে থাকত। আর এর জের ধরেই স্ত্রী রহিমার ওপর চলত শারীরিক ও মানসিক নির্যাতন। শত নির্যাতন মুখ বুজে সহ্য করতেন তিনি। কেননা, স্বামীর ঘর মেয়েদের নিজের ঘর। আর দশটা বাঙালি নারীর মতো তিনিও এটি বিশ্বাস করতেন। কাজের সন্ধানে একদিন তাঁর স্বামী ঢাকায় চলে আসেন। দিন যায়, বছর যায়। এর মধ্যে তাঁর কোলজুড়ে দ্বিতীয় সন্তান আসে। কিন্তু স্বামীর কোনো খোঁজ পান না। অবশেষে ভাইদের সহায়তায় চলে আসেন ঢাকায়। খুঁজতে শুরু করেন স্বামীকে। অনেক চেষ্টার পর স্বামীর সন্ধান পান। বড় ছেলেকে নিয়ে তাঁর স্বামীর নতুন বাসস্থানে আসেন। সেখানে এসে তিনি জানতে পারেন, স্বামী তাঁকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করছেন। রহিমা ও তাঁর ছেলেকে ভরণপোষণের কোনো টাকা দেবেন না বলে গালিগালাজ করে তাড়িয়ে দেন বাসা থেকে।ভালোবেসে বিয়ে করেন কবির-মনা দম্পতি। পারিবারিক বাধা ও কবিরের প্রতি ুমনার অগাধ বিশ্বাসের কারণে রেজিস্ট্রেশন না করেই মসজিদের ইমামের সাহায্যে বিবাহ করেন তাঁরা। বিবাহের এক বছরের মাথায় মনা একটি কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু এরই মধ্যে ঘটে যায় বিপত্তি। মনার স্বামী তাঁকে সন্দেহ করতে থাকেন। দুজনের মধ্যে দ্বন্দ্ব-কলহ বাড়তে থাকে। একপর্যায়ে মনাকে না জানিয়ে বিবাহ করেন কবির এবং তালাকনামা পাঠিয়ে দেন। আইনের আশ্রয় নেন মনা। নারী নির্যাতন আইনে মামলা করেন তিনি। কিন্তু আইনের ফাঁকফোকরে মাত্র তিন মাসের সাজা খেটে টাকা-পয়সা দিয়ে জামিনে বের হয়ে যান কবির। দ্বিতীয় বিবাহ করে তিনি নতুন সংসার গড়েন। সন্তানের পড়াশোনার খরচ কিংবা খোরপোশ কিছুই দেবেন না তিনি। (ঘটনার নামগুলো কাল্পনিক)নারীদের এ বঞ্চনার শিকার হামেশাই ঘটছে। সামান্য দ্বন্দ্ব-কলহে পুরুষেরা দিয়ে দিচ্ছেন তালাক, কিন্তু তালাকের পর খোরপোশ দিতে কিংবা দেনমোহরের টাকা দিতে নারাজ তাঁরা। আবার স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিবাহের ঘটনা ঘটছে অহরহই। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী, পুরুষকে দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে সালিস কাউন্সিলের অনুমতি নিতে হয়। কিন্তু এ নিয়ম মানছেন না কেউ। এ অধ্যাদেশে সালিস কাউন্সিলের মধ্যস্থতার কথা বলা হয়েছে। আইনজীবীর পরামর্শপুরুষের দ্বিতীয় বিবাহ করা এবং সে ক্ষেত্রে তাঁর স্ত্রীকে অধিকার থেকে বঞ্চিত করা—এসব বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ বলেন, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন মুসলিম নারীদের জন্য সাহসী পদক্ষেপ। এ আইনের সুবাদে যত্রতত্র পুরুষের তালাক দেওয়া বন্ধ হয়েছে। বহুবিবাহের ক্ষেত্রে বাঁধাধরা নিয়ম এসেছে। বাবার অবর্তমানে সন্তানেরা দাদার সম্পত্তি পেয়েছে। ১৯৬১ সালের এ আইন অধ্যাদেশ মূলত শরিয়া আইনের মূল আদর্শকে সামনে রেখে সংস্কার করা হয়েছে। মালয়েশিয়ায় কোনো যৌক্তিক কারণ ছাড়া স্ত্রীকে তালাক দিলে মা’তা দিতে হয় স্ত্রীর রক্ষণার্থে কিন্তু আমাদের দেশে কোনো যৌক্তিক কারণ লাগে না। সংস্কৃতিভেদে দেশের বিবাহের রীতিনীতিতে বৈচিত্র্য দেখা যায়। তবে একটা বিষয় বিবাহের ক্ষেত্রে জরুরি, সেটা হচ্ছে ‘নিকাহনামা’। কিন্তু আমাদের দেশে সাধারণত এ নিকাহনামার শর্ত পূরণ না করেই বিবাহ রেজিস্ট্রেশন করা হয়। সে ক্ষেত্রে নিকাহনামার শর্ত পূরণ করা জরুরি বিষয়। কেননা, নিকাহনামার ১৮ নম্বরে নারীর তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। নিকাহনামার ২০ নম্বর ঘরে বিবাহের সময় দেনমোহর, খোরপোশ ইত্যাদি সম্পর্কে দাখিল করা হয়েছে কি না, নিকাহনামার ২১ নম্বরে বরের কোনো স্ত্রী বর্তমান আছে কি না এবং থাকলে অন্য বিবাহে আবদ্ধ হওয়ার জন্য বর ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ মোতাবেক সালিস কাউন্সিলের অনুমতি নেওয়া আছে কি না—এসব শর্ত পূরণ করে বিবাহ করতে হয়।বিবাহের ক্ষেত্রে নারীদের সম্মানার্থে দেনমোহর দেওয়ার প্রথা থাকলেও এটা কেউ কেউ মানছেন, আবার কেউ কেউ অগ্রাহ্য করছেন। একজন নারীর পূর্ণ অধিকার থাকে দেনমোহরে। পারিবারিক সামর্থ্য অনুযায়ী দেনমোহর দিতে বাধ্য থাকেন স্বামী। অনেকের ধারণা, নারীরা যদি স্বামীকে তালাক দেন, তাহলে দেনমোহর পাবেন না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। দেনমোহর নারীর প্রাপ্য অধিকার, যেটা দিতে তাঁর স্বামী বাধ্য। পারিবারিক সামর্থ্য অনুযায়ী দেনমোহর দিতে বাধ্য থাকেন স্বামী। তাৎক্ষণিকভাবে কিংবা বিলম্বিতভাবে—এ দুইভাবে দেনমোহর দেওয়া যেতে পারে। দেনমোহর যদি কেউ স্ত্রীকে না দেন, তাহলে ডিক্রি জারির মামলা না দেওয়া পর্যন্ত তিন মাস জেল হয়ে থাকে।বিবাহের এসব জটিলতা পরিত্রাণের ক্ষেত্রে বিবাহ পড়ানোর এক সপ্তাহ আগে কাজিকে বর-কনের জাতীয় পরিচয়পত্র দিতে বাধ্য করতে হবে। ফলে দ্বিতীয় বিবাহ করলে কিংবা কোনো তথ্য গোপন করলে সেটা সম্পর্কে জানা যাবে।