স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে স্বামীর নির্যাতনের শিকার হয়ে সালমা বেগম (২৫) নামের এক গৃহবধূর মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টা দিকে তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহতের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হলের নিরাপত্তাকর্মী কামাল হোসেন অভিযোগ করেন, যৌতুকের দাবিতে তাঁর বোনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।কামাল হোসেন জানান, সালমা বেগম দুই সন্তান নিয়ে তাঁর স্বামী নূরে আলমের সঙ্গে কামরাঙ্গীচরের বিদ্যুৎ অফিসের পাশে ভাড়া বাসায় থাকতেন। অনেক দিন ধরেই বেকার নূরে আলম দুই লাখ টাকা যৌতুকের দাবিতে সালমাকে মারধর করে আসছিলেন। গত সপ্তাহে তিনি সালমাকে আবারও মারধর করেন। খবর পেয়ে কামাল হোসেন বোন সালমাকে নিয়ে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সালমার অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে দুই দিন আগে নিজের বাসায় নিয়ে যান কামাল। আজ সকালে সালমা অচেতন হয়ে পড়লে তাঁকে আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।কামরাঙ্গীচরের থানায় এ ব্যাপারে একটি মামলা করা হবে বলেও জানান কামাল হোসেন।