স্বামীর বিচার চান রুমানা, সাইদ আবার রিমান্ডে
‘বিয়ের পর থেকে প্রায়ই সাইদ আমাকে নির্যাতন করত। পরে আবার হাত-পা ধরে মাফ চাইত। ওকে আমি বিশ্বাস করতাম। ভালোবাসতাম। তাই সব ভুলে যেতাম।’স্বামীর নির্মম নির্যাতনে চোখ হারানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুর গতকাল মঙ্গলবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে সাংবাদিকদের এ কথা বলেন।ভারতে চিকিৎসা নিয়ে দেশে ফিরে রুমানা মনজুর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। স্বামী হাসান সাইদের নির্যাতনে তাঁর দুই চোখ, নাক ছাড়াও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত হয়। তিনি এখন ওই হাসপাতালে মুখমণ্ডলের ক্ষতের চিকিৎসা নিচ্ছেন।গতকাল হাসপাতালের মিলনায়তনে সংবাদ সম্মেলনে সেদিনের নির্যাতনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। তিনি বলেন, ‘ওর (হাসান সাইদ) বানোয়াট কথা বিশ্বাস করবেন না। ওর বিচার করুন। ওকে শাস্তি দিন।’রুমানা মনজুরের বাবা মনজুর হোসেন ওই নির্যাতনের ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বলেন, ‘এমন বিচার চাই, ভবিষ্যতে যেন কোনো স্বামী স্ত্রীর ওপর হাত না তোলে; কোনো বাবা-মাকে যেন তাঁদের মেয়ের চোখ হারাতে দেখতে না হয়।’ তিনি বলেন, ভারতের চিকিৎসকেরা জানিয়েছেন, রুমানার দুটি চোখই নষ্ট হয়ে গেছে। অলৌকিক কিছু ঘটলেই কেবল তা ভালো হতে পারে। তিনি সবার কাছে মেয়ের জন্য দোয়া চান।অন্য একজনের সঙ্গে রুমানার সম্পর্ক আছে বলে সাইদ যে দাবি করেছেন, সে সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে উপস্থিত রুমানার সহকর্মীরা প্রতিবাদ করেন।দেখতে গেলেন শিক্ষামন্ত্রী: গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রুমানা মনজুরকে দেখতে ল্যাবএইড হাসপাতালে যান। মন্ত্রী তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। তিনি রুমানাকে বলেন, পুরো শিক্ষাপরিবার তাঁর সঙ্গে আছে। তিনি এ নিষ্ঠুুর হামলার নিন্দা জানান। অপরাধীর বিচার হবে বলেও রুমানাকে আশ্বস্ত করেন। মন্ত্রী রুমানার অসমাপ্ত ডিগ্রির বিষয়ে খোঁজ নেন।সাইদ আবার রিমান্ডে: গতকাল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হাসান সাইদকে তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে নিয়েছে। দুই দফায় তিন দিনের রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার ডিবি পুলিশের তদন্তকারী কর্মকর্তা বাহাউদ্দিন তাঁকে আদালতে হাজির করে আরও ১০ দিনের রিমান্ড চান। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) উপপরিদর্শক (এসআই) শেখ ফরিদ রিমান্ড চেয়ে আদালতকে বলেন, আসামির আইনজীবীরা আদালতে রুমানার যেসব ছবি দাখিল করেছেন, সেগুলোর সত্যতা যাচাই এবং রুমানার উপস্থিতিতে আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও জিজ্ঞাসাবাদ করা দরকার। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন মানবাধিকারকর্মী এলিনা খান, জাকারিয়া হায়দার ও শাহজামান ফিরোজ।আসামি সাইদের আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করে বলেন, রুমানা কেন দুর্ঘটনার শিকার, তা উদ্ঘাটিত হয়েছে। তাই আসামিকে নতুন করে রিমান্ডে চাওয়ার মতো কোনো উপাদান নেই। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।প্রতিবাদ: গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক, চিকিৎসক, আইনজীবী, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী এবং নারীনেত্রীরা যৌথ বিবৃতিতে রুমানা মনজুরের চরিত্র হননের অপচেষ্টার প্রতিবাদ করেন। তাঁরা দ্রুত ও সুষ্ঠু বিচারের মাধ্যমে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিবৃতিদাতাদের মধ্যে আছেন: মানবাধিকারকর্মী হামিদা হোসেন, তথ্য কমিশনার সাদেকা হালিম, গবেষক মেঘনা গুহঠাকুরতা, খুশী কবির, সারা যাকের ও নারী প্রগতি সংঘের রোকেয়া কবীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন গীতিআরা নাসরিন, একই বিভাগের শিক্ষক মফিজুর রহমান, কাবেরি গায়েন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক মো. তানজিমউদ্দিন খান প্রমুখ।