স্বার্থ উদ্ধারের পর ফের আল্লাহর আইনের কথা বলছে জামায়াত
নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে দলের গঠনতন্ত্র থেকে আল্লাহর আইন প্রতিষ্ঠার বিষয়টি বাদ দিয়েছিল জামায়াতে ইসলামী। তবে নিবন্ধন পাওয়ার পর দলের শীর্ষস্থানীয় নেতারা এখন সভা-সমাবেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলছেন।প্রথম আলোর সঙ্গে আলাপকালে জামায়াতের শীর্ষ পর্যায়ের এক নেতা বলেছেন, নির্বাচন কমিশন তখন তাঁদের গঠনতন্ত্রে আল্লাহর আইন প্রতিষ্ঠার বিষয়টিতে আপত্তি করেছিল, তাই তাঁরা এটি বাদ দিয়েছিলেন। তবে তাঁদের মূল লক্ষ্য হচ্ছে ইসলামি শাসন প্রতিষ্ঠা করা। গত বৃহস্পতিবার পল্টনের মারুফ কমিউনিটি সেন্টারে জামায়াতের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির (সহসভাপতি) মকবুল আহমেদ বলেন, ‘আল্লাহ চন্দ্র, সূর্য, দিন ও রাত মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। তাই দুনিয়াতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা ছাড়া মানুষের কল্যাণ হবে না।’এর আগে গত ২০ মে পল্টন ময়দানে জামায়াতের সমাবেশে মকবুল আহমেদ বলেছিলেন, ‘আমরা আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে চাই। কোরআনের আইনকে জনগণের কল্যাণের জন্য কাজে লাগাতে চাই।’ জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী নায়েবে আমিরের অবস্থান দলের আমিরের পরই। তাঁর বক্তব্যে দলের নীতির প্রকাশ থাকবে—এটাই স্বাভাবিক। শুধু মকবুল আহমেদই নন, জামায়াতের শীর্ষস্থানীয় অনেক নেতাও সাম্প্রতিক সময়ে এ ধরনের বক্তব্য দিচ্ছেন।‘নিবন্ধনের জন্য গঠনতন্ত্রে একাধিক পরিবর্তন এনে এখন আবার কেন আল্লাহর আইনের কথা বলছে?—জানতে চাইলে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান বলেন, ‘গঠনতন্ত্রে ভাষাটা পরিবর্তন করা হয়েছিল। ইসলাম বাদ দিলে আমাদের কোনো অস্তিত্ব থাকে না কি! আমরা ইসলামকে মানতে চাই, সেটা আল্লাহর হুকুম হতে পারে, আল্লাহর আইন হতে পারে।’ তিনি বলেন, ‘আমরা আল্লাহর দীনকে অনুসরণ করতে চাই। তবে দেশের আইনের মাধ্যমেই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছি। কেউ যদি বলে এটা দিয়ে চলবে না, অন্য কিছু করতে হবে, তাহলে সেটা আলোচনা করে করব।’সম্মিলিত ইসলামী জোটের সভাপতি মাওলানা জিয়াউল হাসান বলেন, “জামায়াত সব সময়ই ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে এসেছে। যে দল নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়ার জন্য গঠনতন্ত্র থেকে ‘আক্বিমুদ্দীন’ অর্থাত্ ‘তোমরা দীন (ইসলাম) প্রতিষ্ঠা করো’ কথাটি বাদ দিতে পারে, তারা যে ভণ্ড এটা বলার অপেক্ষা রাখে না। এখন আবার তারা নতুন করে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলছে। এটাও তাদের ভণ্ডামির আরেক রূপ।”গঠনতন্ত্রে যে পরিবর্তন এনেছিল জামায়াত: ২০০৮ সালের ২০ অক্টোবর নির্বাচন কমিশনে সংশোধিত গঠনতন্ত্রের খসড়া জমা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান। ২০০৯ সালের ১১ জুলাই দলের কেন্দ্রীয় মজলিসে শুরা গঠনতন্ত্রের এই পরিবর্তন অনুমোদন করে। নতুন গঠনতন্ত্রে জামায়াত নীতিগত দিক থেকে বড় ধরনের পরিবর্তন আনে।দলটির আগের গঠনতন্ত্রের ৫ ধারার ৩ উপধারায় ছিল, ‘সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর আইন ও সত্ লোকের শাসন কায়েম করিয়া সমাজ হইতে সকল প্রকার জুলুম, শোষণ ও অবিচারের অবসান ঘটানোর আহ্বান।’ কিন্তু সংশোধিত গঠনতন্ত্রে আল্লাহর আইন ও সত্ লোকের শাসন কায়েমের বিষয়টি বাদ দেয় জামায়াত। মুহাম্মদ কামারুজ্জামান সে দিন সাংবাদিকদের বলেছিলেন, আল্লাহর আইন নিয়ে নানা কথা বলা হয়। এ জন্য গঠনতন্ত্রে আল্লাহর আইন বাদ দিয়ে ইসলামের সুবিচারপূর্ণ শাসন কথাটি অন্তর্ভুক্ত করা হয়েছে।নিবন্ধনের জন্য জামায়াত গঠনতন্ত্র থেকে শুধু আল্লাহর আইন কায়েমের বিষয়টিই বাদ দেয়নি। প্রচ্ছদে ‘আল্লাহু’ ও ‘আক্বিমুদ্দীন’, অর্থাত্ ‘তোমরা দ্বীন (ইসলাম) প্রতিষ্ঠা করো’—এই লেখাসংবলিত লোগোটিও বাদ দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন সদস্য প্রথম আলোকে বলেন, এই পরিবর্তনের সঙ্গে ইসলামের কোনো বিরোধ আছে বলে তাঁরা মনে করেন না।দলের লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে একটি অনুচ্ছেদও বাদ দেওয়া হয়েছে গঠনতন্ত্র থেকে। আগের গঠনতন্ত্রের ধারা ৩-এর ব্যাখ্যায় বলা ছিল, “জামায়াতে ইসলামী বাংলাদেশ—এর দৃষ্টিতে দ্বীন ও ইসলামী জীবন বিধান একই অর্থবোধক পরিভাষা। তাই ইসলামী জীবন বিধান কায়েম করাই কুরআন মজীদে ব্যবহূত ‘ইকামাতে দ্বীন’ পরিভাষাটির সঠিক অর্থ।” নতুন গঠনতন্ত্রে এই ব্যাখ্যা নেই।গঠনতন্ত্রের ধারা-৬(২) থেকে ‘জাহিলিয়াতের যাবতীয় চ্যালেঞ্জের মুকাবিলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ’ বাক্যাংশটিও বাদ দিয়েছে জামায়াত।