স্বার্থলোভীরা ড্যাপ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে: মান্নান খান
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, যারা ভূমি, নদ-নদী ও খাল-বিল দখল করে সম্পদের মালিক হয়ে রাষ্ট্রের চেয়ে নিজেদের বেশি শক্তিশালী মনে করে তারা অপ্রকৃতিস্থ। তাদের সম্পদের পাহাড় গড়ে তুলতে দেওয়া হবে না। তিনি আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে নগরায়ণ বিষয়ে আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। ভূমিদস্যুদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্স সেন্টার (পিপিআরসি) নামের একটি বেসরকারি সংস্থা আয়োজিত ‘মেগাসিটি ও মফস্বল: নগরায়ণের নতুন বাস্তবতা ও সুষম পরিবর্তনের কৌশল নির্ধারণ’ শীর্ষক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, স্বার্থলোভী কিছু মানুষ ছাড়া দেশের বেশির ভাগ মানুষ গেজেট আকারে প্রকাশিত ডিটেইল্ড এরিয়া প্ল্যানের (ড্যাপ) ব্যাপারে একমত পোষণ করেছে। কিন্তু স্বার্থলোভীরা ড্যাপ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। তিনি বলেন, নগরায়ণের দরকার আছে। কিন্তু এলোমেলো নগরায়ণ জীবনযাত্রাকে অসহনীয় করে তোলে। ঢাকা তার বড় প্রমাণ।আবদুল মান্নান খান বলেন, শহরে অনেক খাসজমি আছে। তবে সেগুলো বেদখল হয়ে যাচ্ছে। মুষ্টিমেয় লোক এগুলো গ্রাস করছে। যারা মানুষের সম্পদ পুঁজি করে বড়লোক হওয়ার লালসা ধারণ করে, তারাই ড্যাপের বিরোধিতা করছে। যারা নদী-নালা ও খাল-বিল দখল করে চটকদার বিজ্ঞাপন দিয়ে জনগণকে প্রতারিত করে ড্যাপের গেজেট হওয়ায় তাদের হূত্কম্পন শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদও প্রতিমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, রাষ্ট্র চলবে ন্যায়-নীতির ভিত্তিতে। সম্পদশালী বা বিত্তবানের কাছে রাষ্ট্র জিম্মি হতে পারে না।