স্বার্থান্বেষী মহল কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে: শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া অভিযোগ করেছেন, কিছু স্বার্থান্বেষী মহল শিল্প কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। তবে তাদেরকে সে সুযোগ দেওয়া হবে না বলে তিনি জানান। তিনি বলেন, কেউ যাতে কোনো শিল্পাঞ্চলে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সেদিকে সরকার সচেতন আছে।আজ শুক্রবার সকাল ১০টার দিকে আশুলিয়ায় আগুনে ক্ষতিগ্রস্ত হা-মীম গ্রুপের পোশাক কারখানা পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আগুন লাগিয়ে দেওয়ার কোনো প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেছেন, ওই দুর্ঘটনায় আহত শ্রমিকদের চিকিৎসার সব ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। এ ছাড়া শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা চালু করার আশ্বাস দেন তিনি।ক্ষতিগ্রস্ত পোশাক কারখানার মালিক এ কে আজাদ নিহতদের পরিবার প্রতি একজনকে চাকরি দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, নিহতদের শিশুসন্তান থাকলে তাদের লেখাপড়া ও চাকরির ব্যবস্থা করা হবে। আহত শ্রমিকেরা সুস্থ না হওয়া পর্যন্ত বেতন পাবেন।এদিকে আজ থেকে কারখানায় কাজ শুরুর কথা থাকলেও শ্রমিকদের বিক্ষোভের কারণে কারখানা খোলা হয়নি। তবে কাল থেকে কারখানায় যথারীতি কাজ হবে বলে জানান কারখানার মালিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা তদন্ত কমিটির প্রধান ইকবাল খান চৌধুরী আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, কাল থেকে তদন্তকাজ শুরু হবে। প্রসঙ্গত, ১৪ ডিসেম্বর হা-মীম গ্রুপের পোশাক কারখানায় আগুন লেগে ২৬ শ্রমিকের মৃত্যু হয়।