স্বার্থের পাকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়নের যে চেষ্টা চলছিল, তা আবারও শেষ মুহূর্তে আটকে গেল। এই দীর্ঘ সময় ধরে আইনটি পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনার নামে ঘুরপাক খাচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়ে অসংখ্যবার আইনটির খসড়া চূড়ান্ত হয়েছে। গত নভেম্বরে মন্ত্রিসভায় আইনটি নীতিগত এবং জানুয়ারিতে চূড়ান্ত অনুমোদন পায়।আইন মন্ত্রণালয় থেকে বহুল আলোচিত এ বিষয়ে তিন দফা আইনি মতামত নেওয়া হয়েছে। এরপর জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনটি উত্থাপনের পর তা আবার পর্যালোচনার জন্য ১৫ দিনের সময় দিয়ে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ওই সময় পার হওয়ার পর স্থায়ী কমিটি গত রোববার একটি উপকমিটি গঠন করে। ১৫ দিনের মধ্যে উপকমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে ৬ এপ্রিল সংসদের চলতি অধিবেশন শেষ হয়ে যাবে। আগামী জুনে পরবর্তী অধিবেশন হবে বাজেটকেন্দ্রিক। ওই অধিবেশনেও আইনটি পাস হওয়ার সম্ভাবনা কম বলে সংশ্লিষ্ট পক্ষগুলো ধারণা করছে।এর আগে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার উদ্যোগ নিলেও আইনটি চূড়ান্ত করতে পারেনি। তত্ত্বাবধায়ক সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ প্রণয়ন করলেও তা আরও পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার। এরই অংশ হিসেবে অধ্যাদেশটি আইনে পরিণত না করে বিভিন্ন পর্যায়ে আলোচনা-পর্যালোচনা শুরু হয়। সেই থেকে ওই প্রক্রিয়া অব্যাহত রয়েছে।এ প্রসঙ্গে শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান বলেন, আইনটি উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং কিছুটা সময় লাগলেও সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে এটি পাস হবে।বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকপক্ষ আগের মতোই আইনটি প্রত্যাখ্যান করেছে। আট বছর ধরেই বেসরকারি বিশ্ববিদ্যালয়-মালিকদের সংগঠনটি নতুন আইন প্রণয়নের বিরোধিতা করে আসছে। তাদের মূল কথা, আইনটি চূড়ান্ত হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর সরকারের হস্তক্ষেপ বাড়বে এবং এ ধরনের প্রতিষ্ঠান স্বাধীনভাবে চলতে পারবে না।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রোববার স্থায়ী কমিটির সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আইনটি নিয়ে অহেতুক জটিলতা তৈরি না করার অনুরোধ করেন। মন্ত্রী প্রয়োজনে স্থায়ী কমিটিকে কয়েক দিনের মাথায় বৈঠকে বসে পর্যালোচনা শেষ করার পরামর্শ দেন।কিন্তু শেষ পর্যন্ত মালিকপক্ষের স্বার্থে আইনটি ঝুলিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ প্রসঙ্গে শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, যেখানে শিক্ষামন্ত্রী নিজে আইনটি পাস করার চেষ্টা করছেন, সেখানে তাঁর সহকর্মীদের মধ্যে এ বিষয়ে আন্তরিকতার ঘাটতি থাকতে পারে, তা বিশ্বাস করা কঠিন। তিনি আরও বলেন, আইনটি ঝুলিয়ে দেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে সন্দেহের তীর স্থায়ী কমিটির ওপর পড়বে। আর এই সন্দেহ থেকে রেহাই পেতে আইনটি দ্রুত পাস করতে সংশ্লিষ্ট ব্যক্তিরা উদ্যোগী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।সৈয়দ মনজুরুল ইসলাম আরও বলেন, প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের প্রায় সব ধারার সঙ্গে তিনি একমত। কারণ, এই আইনের মূল কথা শিক্ষাকে বাজারমুখী করা যাবে না। তিনি মনে করেন, আইনটি পাস হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হবে না, তবে লাভ কিছুটা কম হবে। এ ছাড়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। তিনি মনে করেন, আইনটি ঘিরে যে ধরনের জটিলতা তৈরি হয়েছে, তাতে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন।বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে লেখাপড়া-সংক্রান্ত সব সিদ্ধান্ত নেওয়ার মূল ক্ষমতা দেওয়া হয়েছে উপাচার্যের হাতে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অন্তর্ভুক্ত করা হবে সরকার মনোনীত এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন করে প্রতিনিধিকে। এ ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় যুক্তির বাইরে ইচ্ছামতো ছাত্র-বেতন ও ফি নির্ধারণ করতে পারবে না। প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-বেতন নির্ধারণের আগে তা ইউজিসির মাধ্যমে অনুমোদন করিয়ে নিতে হবে।বিদ্যমান আইনে অপরাধের জন্য তিন বছর কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান আছে। প্রস্তাবিত আইনে তা যথাক্রমে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকার অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। বিদ্যমান আইনে মেয়াদোত্তীর্ণ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার কোনো বিধান নেই। প্রস্তাবিত আইনে নবায়নসহ নির্ধারিত সময়সীমার মধ্যে সনদপত্র গ্রহণ না করলে সরকার কর্তৃক ওই বিশ্ববিদ্যালয়কে সাময়িক স্থাপন ও পরিচালনার অনুমতি বাতিলসহ বন্ধ ঘোষণার বিধান রাখা হয়েছে।বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো শাখাই সরকার অনুমোদিত নয়। প্রস্তাবিত আইনে শর্ত সাপেক্ষে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপনের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।প্রস্তাবিত আইনেও জোড়াতালি শিক্ষা দিয়ে সনদ বিক্রির জন্য শাখা ক্যাম্পাসের বৈধতা দেওয়া হবে না। তবে একই মালিকানায় মূল বিশ্ববিদ্যালয়ের বাইরে একই বা ভিন্ন নামে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গড়া যাবে। সে ক্ষেত্রে মূল বিশ্ববিদ্যালয়ের গুণ ও মান আগে বিবেচনা করা হবে।শিক্ষা মন্ত্রণালয় এ মুহূর্তে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কেন্দ্র বন্ধ রেখেছে। প্রস্তাবিত আইনে দূরশিক্ষণ সম্পর্কে কোনো কিছু থাকছে না। তবে প্রয়োজন হলে বিধি প্রণয়ন করে দূরশিক্ষণ দেওয়ার মতো সুযোগ থাকছে।২০০৩ সাল থেকে যতবারই আইনটি প্রণয়নের চেষ্টা করা হয়েছে, ততবারই তা ঠেকানোর চেষ্টা চলেছে। ২০০৩ সালে আইনটি প্রণয়নের উদ্যোগ নিয়েছিলেন ইউজিসির প্রয়াত চেয়ারম্যান আসাদুজ্জামান। শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘আইনটি প্রণয়ন করতে গিয়ে কিছু মালিকের প্রচণ্ড চাপই আসাদুজ্জামান সাহেবের হূদরোগে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ।’জানা যায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন নিয়ে এর মালিকদের মধ্যে দুটি ভাগ তৈরি হয়েছে। একটি পক্ষ নতুন আইন প্রণয়নের ঘোর বিরোধী, আরেকটি অংশ চায় আইনটি কিছু সংশোধন করে প্রণয়ন করা হোক। তবে আইনটি চান না বেশির ভাগ মালিক এবং এসব মালিকদের প্রতিষ্ঠানগুলো সনদ বিক্রিসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত। প্রায় আট বছর ধরে এসব মালিক আইনটি যাতে পাস না হয়, সে জন্য সরকারের শীর্ষ পর্যায়ে দেনদরবার করছেন।ইউজিসির চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, আইনটি ঝুলে যাওয়ার বিষয়টি দুঃখজনক। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ মুনাফাভোগী মালিক এমন একটি আইন চাইবেন না। তা সত্ত্বেও সবার সদিচ্ছা ও শুভবুদ্ধি থাকা উচিত।অধ্যাদেশ সম্পর্কে সমিতির চেয়ারম্যান ও সাবেক সচিব সি এম শফি সামি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং দিন দিন এই চাহিদা বাড়ছে। এমন কোনো আইন করা ঠিক হবে না, যাতে বেসরকারি উদ্যোক্তারা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আগ্রহ হারিয়ে ফেলেন।বর্তমানে ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই লাখ ছাত্রছাত্রী পড়াশোনা করছেন।