স্বাস্থ্য অধিকার রক্ষায় সরকার ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছরের মেয়ে জান্নাতকে নিয়ে বিপদে পড়েছেন হাজারীবাগ চামড়াশিল্প এলাকার বাসিন্দা সানজিদা আকতার (৩০)। শিশুটি এ পর্যন্ত তিনবার ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এখনই গ্যাস্ট্রিকে ভোগে। কদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিও করতে হয়েছিল তাকে। সানজিদা জানান, চিকিৎসকেরা বলেছেন, জান্নাতের এভাবে অসুস্থ হয়ে পড়ার প্রধান কারণ চামড়াশিল্পের দূষিত পরিবেশ।শরীরে সইছিল না বলে আট বছর আগে চামড়াশিল্পের শ্রমিকের চাকরি ছেড়ে মুদির দোকান দেন মোহাম্মদ নোমান। কিন্তু চাকরি ছাড়লেও নোমানকে ছাড়েনি গ্যাস্ট্রিক। ওষুধ এখন তাঁর নিত্যসঙ্গী। আরেক শ্রমিক আবুল হাশেম চামড়াশিল্পে কাজ করছেন ১৮ বছর ধরে। কর্মজীবনে এখন সঙ্গী হয়েছে চুলকানি, চোখ থেকে ক্রমাগত পানি পড়া, আর গ্যাস্ট্রিক।হাজারীবাগের পানি এবং বাতাসে বিভিন্ন রাসায়নিক দ্রব্যের উপস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে, তাতে পেটের পীড়া, ডায়রিয়া, গ্যাস্ট্রিক প্রতিনিয়তই যে ওই অঞ্চলের মানুষকে ভোগাবে, তা নিশ্চিত বলে মনে করেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক এ বি এম আবদুল্লাহ। তিনি বলেন, রাসায়নিক দ্রব্যের অনিয়ন্ত্রিত ব্যবহার কিডনির জটিলতা তৈরি করতে পারে। ফরমিক অ্যাসিড দৃষ্টিশক্তি হ্রাস করতে পারে। হূদেরাগসহ চামড়ার ক্যানসারের ঝুঁকির মধ্যে আছে এ এলাকার শ্রমিকসহ স্থানীয় অধিবাসীরা।রাজধানীর হাজারীবাগের ১৮৫টি ছোট-বড় চামড়াশিল্প থেকে গড়ে প্রতিদিন ৭৫ মেট্রিক টন কঠিন বর্জ্য (লবণ, হাড়, চামড়ার বর্জ্য) নির্গত হয়। নির্গত হয় ২১ হাজার ৬০০ ঘনমিটার তরল বর্জ্য, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই বর্জ্যের মধ্যে আছে ক্রোমিয়াম, সালফার, অ্যামোনিয়া, ফরমিক অ্যাসিড প্রভৃতি। এসব বর্জ্য পরিশোধনের ব্যবস্থা নেই একটি কারখানাতেও। তাই তা ছড়ায় বাতাসে, বুড়িগঙ্গার পানিতে, এমনকি ভূগর্ভের পানিতেও।শ্রমিকদের পাশাপাশি এলাকার মানুষ ও পরিবেশের জন্য এক অসহনীয় দুর্গতি বয়ে আনা এ শিল্প স্থানান্তরের কথা হচ্ছে প্রায় দুই যুগ ধরে। এলাকাবাসীও চায় এই দূষণের হাত থেকে রক্ষা পেতে। এটি স্থানান্তরের বিষয়ে সরকারের উদ্যোগ আছে, হাইকোর্টের রায়ও আছে। কিন্তু কোনো কিছুই কার্যকর হচ্ছে না।আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) তাদের এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশ সরকার এই শিল্পের শ্রমিক এবং শিল্পাঞ্চলের আশপাশের মানুষের স্বাস্থ্য অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে। সংস্থাটি ‘বিষাক্ত ট্যানারি: স্বাস্থ্যের ওপর বাংলাদেশের হাজারীবাগ ট্যানারি শিল্পের প্রভাব’ (টক্সিক ট্যানারিজ: দ্য হেলথ রিপারকাশনস অব বাংলাদেশিস হাজারীবাগ লেদার) শীর্ষক ওই প্রতিবেদনে বলেছে, সরকার এই শিল্পের ক্ষেত্রে পরিবেশ এবং শ্রম আইনের সঠিক বাস্তবায়নেও ব্যর্থ হচ্ছে প্রতিনিয়ত। আজ মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করছে সংস্থাটি।প্রতিবেদনে বলা হয়েছে, পরিবেশ বিপর্যয়ের কারণে হাজারীবাগ এলাকার মানুষের জীবন হুমকির মুখে। পরিস্থিতি প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে। চামড়াশিল্পের শ্রমিকদের কাজের জন্য কোনো চুক্তিপত্র নেই। শ্রমিকদের পেশাগত নিরাপত্তা হুমকির মুখে। অনেক ক্ষেত্রে শ্রমিকেরা অসুস্থ হয়ে গেলেও মেলে না ছুটি।গত জানুয়ারি থেকে মে মাসের মধ্যে মোট আট সপ্তাহ ধরে মাঠপর্যায়ে কাজ করে এইচআরডব্লিউ। এ সময় চামড়াশিল্পের শ্রমিক, মালিক, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় অধিবাসী, শ্রমিকনেতা, মানবাধিকার কর্মীসহ ১৩৪ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। পর্যালোচনা করা হয় ১৯৯০ সাল থেকে চামড়াশিল্প-সংশ্লিষ্ট নানা নথি।ট্যানারি শ্রমিকদের একমাত্র সংগঠন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, ‘ট্যানারির মালিকেরা শ্রমিক নিয়োগে কোনো চুক্তিপত্র করেন না। এটা আইনের লঙ্ঘন। শ্রম অধিদপ্তরের পরিদর্শকেরা কারখানা পরিদর্শনে এলে নিয়োগের ভুয়া কাগজপত্র দেখানো হয়। এই কাজে অধিদপ্তরের লোকেরাই সহযোগিতা করে।’শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া হয় না বলে স্বীকার করেন মালিকদের সংগঠন ট্যানার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা শাহীন আহমেদ। পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ না করার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা দিই। কিন্তু শ্রমিকেরা সেগুলো ব্যবহার করতে চান না।’ অসুস্থ হলে ছুটি না দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।এ প্রসঙ্গে জানতে চাইলে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, ‘ট্যানারি শ্রমিকদের যে এত অভিযোগ আছে, তা আমার জানা ছিল না। শ্রমিকদের পক্ষ থেকে কখনো কোনো অভিযোগ পাইনি।’ শ্রম অধিদপ্তরের পরিদর্শকদের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘কারা এসব দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের নাম উল্লেখ করে আমার কাছে অভিযোগ করুক। আমি ব্যবস্থা নেব।’পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, চামড়াশিল্প স্থানান্তরের সিদ্ধান্ত ও আদালতে মামলা বিচারাধীন থাকায় আইনগত কার্যক্রম বিলম্বিত হচ্ছে। তবে এভাবে দূষণ অব্যাহত রাখার অবকাশ দেওয়া হবে না।সরকার ১৯৮৬ সালে ১৭৬টি চামড়াশিল্পকে তিন বছরের মধ্যে দূষণ নিয়ন্ত্রণের নির্দেশ দেয়। ২০০১ সালে হাইকোর্ট চামড়াশিল্পসহ দূষণ সৃষ্টিকারী কারখানাগুলোকে এক বছরের মধ্যে দূষণ নিয়ন্ত্রণের নির্দেশ দেন। ২০০২ সালে সরকার ২০০৫ সালের মধ্যে চামড়াশিল্প ঢাকার বাইরে স্থানান্তরের একটি প্রকল্প নেয়। পরে প্রকল্পের মেয়াদ ২০০৬ সাল, তারপর ২০১০ সাল এবং সর্বশেষ ২০১২ সালের জুন মাস পর্যন্ত বাড়ানো হয়।২০০৮ সালে সরকার সিদ্ধান্ত নেয়, ২০১০ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে চামড়াশিল্প ঢাকার বাইরে স্থানান্তরের। ২০০৯ সালে হাইকোর্ট এক নির্দেশে ওই সময়সূচি নির্ধারণ করে দেন। এরপর সরকার ও ট্যানার্স অ্যাসোসিয়েশন উচ্চ আদালতে সময় বাড়ানোর আবেদন জানালে হাইকোর্ট প্রথমে ২০১০ সালের আগস্ট ও পরে ২০১১ সালের এপ্রিল পর্যন্ত সময় বাড়ান।২০১১ সালে পরিবেশ প্রতিমন্ত্রী সংসদে হাজারীবাগের চামড়াশিল্প ২০১২ সালের শেষ দিকে স্থানান্তরের ঘোষণা দেন। সর্বশেষ গত মার্চ মাসে এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ১৫ থেকে ১৮ মাসের মধ্যে চামড়াশিল্প স্থানান্তরের ঘোষণা দেন।